Sunday, 16 November 2014

নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বর্ধমান জেলা শাখার ২৪-তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হল দুর্গাপুরে ।

                                                            


দুর্গাপুর , ১৬ই নভেঃ : আজ সকালে, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বর্ধমান জেলা শাখার ২৪-তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হল ইস্পাতনগরীর বি’জোনে বি.টি . রণদিভে ভবনের কমঃ অনির্বান চৌধুরী নগর ও কম যুধিষ্ঠির মুর্মু মঞ্চে । সভায় উপস্হিত ছিলেন ১৭২ জন প্রতিনিধি । সভার সূচনা হয় হয় সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যদানের মধ্য দিয়ে । পতাকা উত্তোলন করেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বর্ধমান জেলা শাখার সভানেত্রী কমঃ সুজাতা পাল । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ সুজাতা পাল , আশীষ হাজরা , অভিজিৎ মুখার্জী , সেখ সাইদুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ । সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য কমিটির সভাপতি ও সর্বভারতীয় শিক্ষক সংগঠন এসটিএফআই এর সভাপতি কমঃ অভিজিৎ মুখার্জী । এছাড়াও সভায় অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ ও শিক্ষাবিদ সেখ সাইদুল হক । সভায় আলোচনার জন্য রিপোর্ট পেশ করেন : আজ সকালে, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বর্ধমান জেলা শাখার সম্পাদক কমঃ আশীষ হাজরা । রিপোর্টের উপর আলোচনায় অংশগ্রহন করেন ২৩  জন । 





Wednesday, 12 November 2014

নভেম্বর বিপ্লবের বার্তা আজও শ্রমজীবি – সর্বহারা মানুষের শোষনমুক্তির সংগ্রামের দিশা নির্দেশ করছে – অমল হালদার ।

                                                               

দুর্গাপুর , ১২ই নভেঃ : আজ সন্ধ্যায় , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১বি জোনাল কমিটির অন্তর্গত ৫ ও ৬ নং আঞ্চলিক কমিটির উদ্যোগে আশীষ-জব্বর ভবনে  মহান  নভেম্বর বিপ্লবের ৯৭-তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ,”আজকের দিনে নভেম্বর বিপ্লবের প্রাসঙ্গিকতা “-শীর্ষক আলোচনা সভায় একথা বলেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র রাজ্য কমিটির সদস্য ও বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমরেড অমল হালদার । কিভাবে  রাশিয়ায় ১৯০৫ সালের ব্যর্থ-বিপ্লবের পরে নেমে আসা  হিংস্র স্তলিপিনিয়-প্রতিক্রিয়ার বিরুদ্ধে কমরেড লেনিনের নেতৃত্বে বলসেভিক পার্টি ও শ্রমিকশ্রেনী কৌশলি অথচ দৃঢ় পদক্ষেপে পরিবর্তনের-সূত্রের বিচক্ষন প্রয়োগ করে ১৯১৭ সালে নভেঃ বিপ্লবের মধ্য দিয়ে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গঠন করেন , ১৪টি সাম্রাজ্যবাদী দেশের যুথবদ্ধ নৃশংস আক্রমন প্রতিহত করে কমঃ লেনিন ও পরে কমঃ স্তালিনের নেতৃত্বে সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ে তোলেন এবং ২ কোটি সোভিয়েতবাসীর মৃত্যু সত্বেও অজেয় লালফৌজ নৃশংস ফ্যাসিবাদী হিটলারের অপরাজেয় নাৎসিবাহিনীকে পরাস্ত করে ও দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তোর সময়ে সোভিয়েত পুনর্গঠন করে , সেই সূত্রের আদ্যোপান্ত বিশ্লেষন আজকের সময়ের সংগ্রামের পাথেয় । তিনি আরও বলেন যে দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তোর সময়ে ভারত সহ সদ্য স্বাধীন তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে  সোভিয়েত ইউনিয়নের অসামান্য অবদান চিরস্মরনীয় । তবে মতাদর্শগত বিচ্যূতির কারনে সোভিয়েতের পতন ঘটলেও তা কখনই মার্কসবাদকে অপ্রাসঙ্গিক করে না বরং আজকের পুঁজিবাদী সমাজের কংকালসার চেহারা ও বিশ্বজোড়া শ্রমজীবি – সর্বহারা মানুষের ক্রমবর্ধমান লড়াই-সংগ্রাম আরও বেশী করেই মার্কসবাদের প্রাসঙ্গিকতাকে প্রমান করেছে । তিনি এই প্রসংগে আরও বলেন যে আজকে ভারতে বিজেপি-আরএসএস এর নেতৃত্বে কর্পোরেট শক্তির পক্ষে যে ভয়ংকর সাম্প্রদায়িক শক্তির উথ্থান ঘটেছে তার বিরুদ্ধে পঃ বঙ্গ সহ সারা ভারতে বামপন্হীদের অত্যন্ত সজাগভাবে শ্রেনী ঐক্য বজায় রাখার লড়াই জারি রাখতে হবে এবং মিডিয়া যেভাবে ভারত জুড়ে বামপন্হীদের লড়াই-সংগ্রামকে ও সিপিআইএম-সহ বামপন্হীদের ‘ ব্ল্যাক-আউট ‘ করছে , তার বিরুদ্ধে গণশক্তি সহ অন্যান্য পত্র-পত্রিকার প্রচার বৃদ্ধিসহ অন্যান্য প্রার মাধ্যমের ব্যবহার বাড়াতে হবে ।
  আজকের এই বিশাল হল সভায় সভাপতিত্ব করেন কমঃ সুশান্ত ব্যানার্জী । উপস্হিত ছিলেন কমঃ সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য সহ অন্যান নেতৃবৃন্দ । 

      





  

Sunday, 9 November 2014

পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক-শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত ১নং আঞ্চলিক কমিটির অষ্টম সম্মেলন অনুষ্ঠিত হল।

                                                         

দুর্গাপুর , ৯ই নভেঃ : আজ বিকেলে , ইস্পাতনগরীর সি-জোনে চিলড্রেন্স আকাদেমী অফ কালচারের প্রেক্ষাগৃহে রমেন দাস নগরের ধীরেন দেব-দিলীপ সরকার মঞ্চে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক-শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত ১নং আঞ্চলিক কমিটির অষ্টম সম্মেলন । সংগঠনের পতাকা উত্তোলন করেন শ্রী নির্মাল্য ঘোষ । শহীদবেদীতে মাল্যদান করেন শ্রী নির্মাল্য ঘোষ , সুকোমল ঘোষ , অনুপ মিত্র ,কবি ঘোষ সহ অন্যান লেখক শিল্পীরা । উদ্বোধনী সংগীত পরিবেশন করে লহরী শিল্পগোষ্ঠী । উদ্বোধনী ভাষন দেন বিশিষ্ট সাহিত্যিক শ্রী আরতি বসু ।সম্মেলন মঞ্চে দুর্গাপুরের বিশিষ্ট শিল্পী-সাহিত্যিক শ্রী দীপক দেব,নির্মাল্য ঘোষ , গিরীন্দ্রনাথ চাকী , কৃষ্ণ দেব ও শেখ নেহালুদ্দিন কে সম্বর্ধিত করা হয় । প্রকাশ করা হয় মানবিক পত্রিকার সাম্প্রতিক সংখ্যা ।    সম্মেলনে উপস্হিত ছিলেন ৬৫ জন শিল্পী-সাহিত্যিক । সম্মেলন ২১ জনের নতুন কমিটিকে নির্বাচিত করেছে । সভাপতি পদে শ্রী কার্তিক দাস , কোষাধ্যক্ষ পদে সমর দাস ও যুগ্ম-সম্পাদক পদে শ্রী কানাই বিশ্বাস ও শ্যামল ব্যানার্জী নির্বাচিত হয়ছেন । 




৯৭-তম মহান নভেম্বর বিপ্লব বার্ষিকি উপলক্ষ্যে দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার শ্রমিকরা রক্তদান করলেন ।

                                                             
দুর্গাপুর , ৯ই নভেঃ : আজ সকালে , ইস্পাতনগরীর তিলক রোডে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের( সিআইটিইউ) এর মিশ্র ইস্পাত কারখানা ( এএসপি ) শাখার দফ্তরে , দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের সহযোগিতায়  রক্তদান ও স্বাস্হ্য-পরীক্ষার   শিবিরের আয়োজন করা হয় । ৯৭-তম মহান নভেম্বর  বিপ্লব বার্ষিকি উদযাপন উপলক্ষ্যে  দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের( সিআইটিইউ) এর মিশ্র ইস্পাত কারখানা ( এএসপি ) শাখার পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । মোট ৩২ জন রক্তদান করেন এবং ৪২ জন স্বাস্হ্য-পরীক্ষা করান । অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার ইডি শ্রী সোমদেব দাস ও জিএম ( প্রজেক্ট ) ও.পি.বিশ্বকর্মা । উপস্হিত ছিলেন কমঃ ব্রজমানিক চক্রবর্তী, রামপঙ্কজ গাঙ্গুলী সহ  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের( সিআইটিইউ) এর মিশ্র ইস্পাত কারখানা ( এএসপি ) শাখার নেতৃবৃন্দ –কর্মী-সভ্য সহ অসংখ্য শ্রমিক এবং দুর্গাপুর মহকুমার ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে শ্রী কবি ঘোষ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমঃ বিজয় সাহা ।
          
                                                           








Friday, 7 November 2014

মহান নভেম্বর বিপ্লবের ৯৭-তম বার্ষিকি পালিত হল ইস্পাতনগরীতে ।

                                                                     

 দুর্গাপুর , ৭ই নভেঃ : ১৯১৭ সালের ৭-১৭ ই নভেম্বর ( পুরানো জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে অক্টোবর মাস ) কমরেড লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি ও শ্রমজীবি মানুষ দুনিয়া কাঁপানো দশদিনের বৈপ্লবিক অভ্যূথ্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করেছিল শোষন-বঞ্চনাবিহীন প্রথম সফল  সমাজতান্ত্রিক রাষ্ট্র -  সোভিয়েত ইউনিয়ন । সোভিয়েত ইউনিয়নের পতন হয়ছে , কিন্তু সোভিয়েত ইউনিয়ন বেঁচে আছে মহান নভেম্বর বিপ্লবের বিজয়দর্পী বার্তার মধ্যে যা আজও  সারা বিশ্বের শোষিত-নিপীড়িত-বঞ্চিত শ্রমজীবি মানুষের কাছে শোষন-মুক্তির  আলোকবর্তিকা , অমোঘ প্রেরনা ।

 আজ সকালে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ ও ১বি জোনাল কমিটির যৌথ উদ্যোগে আশিষ-জব্বর ভবনে পালিত হয় মহান নভেম্বর বিপ্লবের ৯৭-তম বার্ষিকি । এই উপলক্ষ্যে রক্তপতাকা উত্তোলন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ সন্তোষ দেবরায় । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ সন্তোষ দেবরায় , সুশান্ত ব্যানার্জী , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ । 

                       





Sunday, 2 November 2014

সন্ত্রাসের বিরুদ্ধে ও সাম্প্রদায়িক-মৌলবাদী শক্তির বিরুদ্ধে সজাগ শিল্প-লেখনী , সরব শিল্পী-লেখকরা ।

                                                          

দুর্গাপুর , ২রা নভেঃ : আজ ইস্পাতনগরীর সুরেনচন্দ্র মডার্ন হাইস্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক-শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত ২নং আঞ্চলিক কমিটির সপ্তম সম্মেলন ।

                       সম্মেলনে কাজ শুরু হয় সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যদানের মধ্যে দিয়ে । পতাকা উত্তোলন করেন শ্রী ব্রজমানিক চক্রবর্তী । উদ্বোধনী  ভাষন দেন বিশিষ্ট  সাহিত্যিক শ্রী আরতি বসুর । পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক-শিল্পী সংঘের বর্ধমান জেলা কমিটির পক্ষে বক্তব্য রাখেন শ্রী পরেশ মন্ডল । ৬৫ জন লেখক-শিল্পী প্রতিনিধি হিসেবে  সম্মেলনে উপস্হিত ছিলেন । ২০ জনের নতুন কমিটিতে যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রী সীমান্ত তরফদার ও শ্রীমতি সন্ধ্যা মন্ডল , সভাপতি ও কোষাধ্যাক্ষ নির্বাচিত হয়েছেন যথাক্রমে শ্রী মৃনাল ব্যানার্জী ও অমিয় পোদ্দার । 

               

দিনভর তৃনমুলীদের সন্ত্রাস রুখতে পারল না ভোটারদের : সেপকো কো-অপঃ নির্বাচনে প্রগতিশীল প্রার্থীরা বিপুল ভোটে নিরঙ্কুশ জয়ী ।


দুর্গাপুর , ২রা নভেঃ : আজ , ইস্পাতনগরী সংলগ্ন সেপকো টাউনশীপের সর্ববৃহৎ শান্তনীড় আবাসন সমবায়ের নির্বাচনে প্রগতিশীল প্রার্থীদের প্যানেল বিপুল ভোটে জয়ী হয়ছে ।  ১৯টি পদের ১৯টিতেই জয়ী হয়েছেন প্রগতিশীল প্রার্থীরা । ২০১২ সালে তৃণমূল সরকার একতরফাভাবে সেপকো’র আবাসন সমবায় ভেঙ্গে দিয়ে প্রশাসক নিয়োগ করেছিল । আজকে সকাল থেকে ভোটদান পর্ব শুরু হলে , ভোটাররা দলে দলে আসতে শুরু করে । ভয় পেয়ে তৃণমূলীরা হামলা শুরু করে ।  সংবাদ-মাধ্যমের প্রতিনিধিদের উপরেও হামলা চালায় । ভোটদান কেন্দ্রের সংলগ্ন অঞ্চলে ১৪৪ ধারা জারী থাকা সত্বেও , বিপুল সংখ্যায় পুলিশের উপস্হিতিতেই এই হামলা চলে । বহিরাগত তৃণমূলীরা  জোর করে ভোটগ্রহন কেন্দ্রের মধ্যেও ঢুকে পড়ে ও প্রগতিশীল প্রার্থীদের এজেন্টদের ভীতি প্রদর্শন করে । এই সন্ত্রাসের মুখে দাঁড়িয়েও প্রগতিশীল প্রার্থীরা – এজেন্টরা ও সর্বোপরি ভোটারা অকুতভয়ে ভোটের কাজ চালিয়ে যান । ব্যালটবক্স খোলা হলে , প্রগতিশীল প্রার্থীদের জয়ী হতে দেখে , তৃণমূলী দুষ্কৃতিরা চম্পট দেয় । ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) –র দুর্গাপুর ১এ জোনাল কমিটির পক্ষে সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় প্রগতিশীল প্রার্থীদের জয়ী করার জন্য ভোটারদের অভিনন্দন জানিয়েছেন ।