Wednesday, 21 October 2015

বোনাসের ন্যায্য দাবীতে ধর্মঘটের প্রস্তুতিতে দুর্গাপুর ইস্পাতের শ্রমিকদের ধারাবাহিক লড়াই অব্যাহত ।



দুর্গাপুর, ২১শে অক্টোঃ : বিগত ২০১৪-১৫ আর্থিক বছরে, রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সংক্ষেপে সেইল কেন্দ্রীয় সরকারের ঘরে সমস্ত ট্যাক্স মিটিয়ে দিয়ে ২০৯৩ কোটি টাকার মুনাফা করে । কিন্তু তা সত্বেও সেইল কর্তৃপক্ষ গত ১৫ই অক্টোঃ প্রোডাকশন – প্রোডাক্টিভিটির সভায় ইউনিয়নগুলির প্রতিনিধিদের জানায় যে চলতি বছরে তারা শ্রমিকদের কোন বাৎসরিক বোনাস ( APLRS) দিতে পারবে না । সেইল কর্তৃপক্ষের এহেন অযৌক্তিক-অমানবিক-ঔদ্ধত্বপূর্ণ আচরনে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েছেন । দুর্গাপুর ইস্পাত কারখানার    শ্রমিকদের মধ্যে এই বিক্ষোভ চরম আকার ধারন করেছে । নিয়মানুসারে বিগত আর্থিক বছরের ফলাফল অনুযায়ী বর্তমান বছরের বাৎসরিক বোনাস দেওয়া হয় যা দুর্গাপুর ইস্পাতের ক্ষেত্রে বরাবর পশ্চিমবঙ্গের জনপ্রিয়তম উৎসব দুর্গাপুজার আগেই দেওয়া হয় বলে পূজা বোনাস নামে পরিচিত ।
দুর্গাপুর ইস্পাত কারখানার ইতিহাসে এই প্রথম শারোদৎসবের আগে সেইল কর্তৃপক্ষ কোন বোনাস না দেবার কথা ঘোষনা করেছে । অথচ বিগত আর্থিক বছরে ( ২০১৪-১৫ ) সেইলের নিট মুনাফা হয় ২০৯৩ কোটি টাকা যার মধ্যে দুর্গাপুর ইস্পাত কারখানার মুনাফা ছিল ৫০৩ কোটি টাকা । ২০১৩-১৪ আর্থিক বছরে  সেইলের নিট মুনাফা ছিল ২৬১৬ কোটি টাকা । ২০১৩-১৪ আর্থিক বছরে দুর্গাপুর ইস্পাত কারখানার মুনাফা ছিল ৪১৬ কোটি টাকা । অর্থাৎ ২০১৩-১৪ আর্থিক বছরে তুলনায় ২০১৪-১৫ আর্থিক বছরে সেইলের নিট মুনাফা কমলেও ২০১৩-১৪ আর্থিক বছরে তুলনায় ২০১৪-১৫ আর্থিক বছরে দুর্গাপুর ইস্পাত কারখানার মুনাফা ২২% বৃদ্ধি পায় । এর ফলে , সেইল কর্তৃপক্ষের বাৎসরিক বোনাস ( APLRS) চলতি কথায় পূজা বোনাস না দেওয়ার ঘোষনায়,দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর ডাকে গত ১৬ই অক্টোঃ দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে ই.ডি. ওয়ার্কসের দফ্তরে প্রবল গনবিক্ষোভ,মিছিল ও পরের দিন ,অবিলম্বে ন্যায্য বার্ষিক বোনাস,ইচ্ছুক শ্রমিক-কর্মচারী সহ অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের কোয়ার্টারের লিজিং অথবা লাইসেন্সিং,কর্তৃপক্ষের একতরফা ভাবে শ্রমিকদের উপর  চাপানো  জল ও ডায়েট চার্জ এবং অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের উপর চাপানো কোয়ার্টার পেনাল রেট অবিলম্বে নিঃশর্তে প্রত্যাহারের দাবীতে হুঁশিয়ারী দিয়ে ই.ডি. ওয়ার্কসের কাছে ধর্মঘটের নোটিশ দেওয়া হয় । একই সাথে ১৬ই অক্টোঃ থেকে ১৯শে অক্টোঃ ,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে কারখানার প্রতিটি বিভাগে দাবীগুলির সমর্থনে গণ-সাক্ষর সংগ্রহ অভিযানে শ্রমিক-কর্মচারীরা অভূতপূর্ব সাড়া দেয় । ১৯শে অক্টোঃ , ,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর ডাকে কারখানার প্রতিটি বিভাগে বিভাগীয় প্রধানদের কাছে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করে এবং তারপরে কোক ওভেন বিভাগ থেকে শুরু হয় এক ঐতিহাসিক মিছিল । মিছিল যায় সিইও দফ্তরে ( অ্যাডমিন বিল্ডিং )। সাম্প্রতিককালের মধ্যে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারীদের এরকম অভূতপূর্ব বিশাল মিছিল দেখা যায় নি । মিছিল শেষে সেইল কর্তৃপক্ষের কুশপুত্তলিকা দাহ করা ।
এ দিকে , দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারীদের পুজা বোনাস না হওয়ার দুর্গাপুর সহ সংলগ্ন অঞ্চলের অর্থনৈতিক ব্যবস্হায় প্রত্যক্ষ প্রভাব পড়েছে । দুর্গাপুর সহ আসানসোল ও বর্ধমানের ছোট-বড় ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষ ,যারা সারা বছর ধরে পূজোর সময়ে কেনাকেটার উপর অনেকটা নির্ভরশীল,তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্হ হয়েছেন ।
এর ফলে সামগ্রিকভাবে , বোনাস বা এক্সগ্র্যাসিয়ার ন্যায্য দাবীর আন্দোলনকে কেন্দ্র করে একদিকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারীদের মধ্যে  অভূতপূর্ব ঐক্য গড়ে উঠেছে , অন্যদিকে ইস্পাতনগরী ও তৎসংলগ্ন অঞ্চল সহ বৃহত্তর দুর্গাপুরের মানুষের মধ্যে  আন্দোলনরত দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারীদের সমর্থনে দৃঢ় জনমত গড়ে উঠছে যা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পটভূমি তৈরি করেছে ।,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে  দূর্গাপুজার পরেই বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হয়েছে ।





Sunday, 18 October 2015

দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা ধর্মঘটের পথে ।


দুর্গাপুর , ১৭ ই অক্টোবর : আজ দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস) এর দফ্তরে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ) এর পক্ষ থেকে সন্মানজনক বার্ষিক বোনাস এর দাবী সহ সমস্ত ইচ্ছুক শ্রমিকদের জন্য কোয়ার্টারের লিজ অথবা লাইসেন্সিং , কর্তৃপক্ষের একতরফা চাপানো  ওয়াটার চার্জ ও হাসপাতালের ডায়েট চার্জ এবং ১লা অক্টোঃ,২০১৫ থেকে অবসরপ্রাপ্ত শ্রমিকদের উপর চাপানো পেনাল কোয়ার্টার রেন্ট নিঃশর্ত প্রত্যাহারের দাবীতে ধর্মঘটের নোটিশ দেওয়া হয় ।

ধর্মঘটের নোটিশ দেওয়াকে কেন্দ্র করে ইডি ( ওয়ার্কস) এর দফ্তরের সামনে শ্রমিকদের বিশাল বিক্ষোভ জমায়েতে বক্তব্য রাখেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ) এর ওবি-কনভেনর কমঃ বিশ্বরূপ ব্যানার্জী ,অরুন চৌধুরী ও ললিত মিশ্র । সভাপতিত্ব করেন কমঃ কবিরঞ্জন দাসগুপ্ত । সভার শেষে এক বিশাল মিছিল কারখানার বিভিন্ন জায়গায় প্রদক্ষিন করে । 



Friday, 16 October 2015

এই প্রথম বার্ষিক রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প সেইল ও আর.আই.এন.এল কর্তৃপক্ষ বোনাস দিতে অনিচ্ছুক,প্রতিবাদে উত্তাল দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা ।


দুর্গাপুর , ১৬ ই অক্টোবর : মোদী সরকারের ‘আচ্ছে দিন’ মানে শ্রমিকদের সর্বনাশের দিন – এই কথা হাড়ে হাড়ে এখন টের পাচ্ছে রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প সেইল ও আর.আই.এন.এল এর শ্রমিকরা ।
গতকাল , প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটির মিটিং এ সেইল কর্তৃপক্ষ ২০১৫-১৬ সালে আর্থিক অধোগতির উপর জোর দেয় । কিন্তু বোনাসের আলোচনা শুরু হলে কর্তৃপক্ষ বোনাস দিতে অক্ষমতা প্রকাশ করে । স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া (সি.আই.টি.ইউ) সহ আলোচনায় অংশগ্রহনকারী ইউনিয়নগুলি বলে বোনাস নির্ধারিত হয় পূর্ববর্তী বছর অর্থাৎ ২০১৪-১৫ সালের পারফরম্যান্স এর ভিত্তিতে,বর্তমান আর্থিক বছর ২০১৫-১৬ সালের ভিত্তিতে নয় । তাই সেইল কর্তৃপক্ষের বোনাস না দেওয়ার যুক্তি - কোনমতে গ্রহনযোগ্য নয় । দীর্ঘ আলোচনা-বিতর্কের শেষে স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া (সি.আই.টি.ইউ) সহ সব ইউনিয়নগুলি সেইল কর্তৃপক্ষের বোনাস না দেওয়ার যুক্তিকে প্রত্যাখ্যান করে ও ২০১৪-১৫ সালের পারফরম্যান্স ও মুনাফার এর ভিত্তিতে বর্ধিত বোনাসের দাবীতে অটল থাকে । কোনরকম ফয়সালা ছাড়া মিটিং শেষ হয় ।
আজ ,দুর্গাপুর ইস্পাত কারখানার ই.ডি.(ওয়ার্কস) এর কাছে এইচ.এস.ই.ইউ(সি.আই.টি.ইউ) ও ডি.এস.এস.ইউ(এ.আই.টি.ইউ.সি) এর যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ জমায়েতে অবিলম্বে বার্ষিক বোনাস এবং অন্যান্য বকেয়া দাবীর ফয়সালার দাবী জানান ।

জমায়েতে বক্তব্য রাখেন কমঃ স্বপন মজুমদার,সৌরভ দত্ত,প্রকাশতরু চক্রবর্তী (এইচ.এস.ই.ইউ ),শম্ভু প্রামানিক । সভাপতিত্ব করেন কবিরঞ্জন দাসগুপ্ত । স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া (সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে সেইল জুড়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে ।

Monday, 12 October 2015

প্রয়াত শিল্পী এবং কৃষক ও সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক সলিল দাসগুপ্ত ( বড় সলিল দা’ ) কে স্মরণ করল ইস্পাতনগরী ।

                                                                

দুর্গাপুর,১২ ই অক্টোবর : গতকাল সন্ধ্যায়,ইস্পাতনগরীর বি’জোনের নিউটনে শান্টু দেবরায় স্মৃতি ভবনে,ভারতীয় গননাট্য সংঘের দুর্গাপুর ইস্পাত শাখার উদ্যোগে প্রয়াত সলিল দাসগুপ্তর স্মরণ সভা অনুষ্ঠিত হয় ।
গত ১৬ই সেপ্টেঃ ভারতীয় গননাট্য সংঘের রাজ্য কমিটির সদস্য সলিল দাসগুপ্ত প্রয়াত হয়েছেন । দেশভাগের পর তিনি চলে আসেন উত্তর ২৪ পরগনার ইছাপুরে । প্রথমে টিটাগড়ে শ্রমিক হিসাবে কাজ শুরু করে ৬০ এর দশকের শুরুতে দুর্গাপুর ইস্পাত কারখানার ফিস প্লেট প্ল্যান্টে শ্রমিক হিসাবে কাজে যোগ দেন । বামপন্হী ভাবনায় বড় হওয়ার সুবাদে প্রথম থেকে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যপদ গ্রহন করেন  এবং স্বল্পকালের মধ্যে কাউন্সিল ও কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হন । একই সাথে তিনি কৃষক আন্দোলনের সাথে যুক্ত হয়ে কালক্রমে কৃষক সভার  দুর্গাপুর মহকুমা কমিটির সদস্য নির্বাচিত হন । দুর্গাপুরে শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার জন্য কমরেড  সলিল দাসগুপ্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । তাঁর উদ্যোগে দুর্গাপুরে গড়ে ওঠে গননাট্য সংঘের ‘তূর্য শাখা’ । একাধারে নাট্যকার,পরিচালক,কবি,ছড়াকার কমরেড  সলিল দাসগুপ্ত ছিলেন বর্ধমান জেলার অন্যতম সাংস্কৃতিক ব্যাক্তিত্ব । অবসর গ্রহনের পর তিনি ইছাপুরে ফিরে যান এবং সেখানে আমৃত্যু কাল গণনাট্য সংঘের জেলা ও রাজ্য পর্যায় দায়িত্ব বহন করেছেন । অকুতভয় ও প্রচন্ড পরিশ্রমী কমরেড সলিল দাসগুপ্ত নিরঅহংকারি সাধারন জীবন যাপনের জন্য সকলের কাছে জনপ্রিয় ছিলেন । দুর্গাপুরে তিনি ‘ বড় সলিল দা ’ নামে পরিচিত ছিলেন ।

স্মরন সভার শুরুতে ভারতীয় গননাট্য সংঘের দুর্গাপুর ইস্পাত শাখার পক্ষে সমবেত সংগীত পরিবেশন করেন শিউলি গাঙ্গুলী,দেবব্রত দাস ও আশীষতরু চক্রবর্তী । এর পরে প্রয়াত কমরেড সলিল দাসগুপ্তর প্রতিকৃতিতে মাল্যদান করেন কমঃ রথীন রায়,সন্তোষ দেবরায়,সুখময় বোস,কবিরঞ্জন দাসগুপ্ত,আশীষতরু চক্রবর্তী প্রমূখ । আবৃতি করে শোনান শ্যামল ব্যানার্জী । স্মৃতিচারন করেন কমঃ রথীন রায় ও সুখময় বোস।সভাপতিত্ব ও
 সমগ্র অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন আশীষতরু চক্রবর্তী ।

Monday, 5 October 2015

আক্রান্ত গণতন্ত্র – প্রতিবাদে দুর্গাপুরে সুবিশাল মিছিল ।

                                                          

দুর্গাপুর,৫ই অক্টোবর : এবারে বাংলায় শরৎের বাতাসে শিঁউলির গন্ধের বদলে বারুদের গন্ধ , ইতিউতি পরে আছে লাশ আর গনতন্ত্রের নিধনযজ্ঞ চলছে । সারা বিশ্ব শিউরে উঠেছে পঃ বঙ্গে গত ৩রা অক্টোঃ বিধাননগর-রাজারহাট,আসানসোল ও হাওড়া পৌরসভার অন্তর্গত বালির পৌর নির্বাচনে পুলিশের সহযোগিতায় শাসকদল তৃণমূলের অভূতপূর্ব সন্ত্রাস-রিগিং এবং ভোটার ও বাম বিশেষ করে সি.পি.আই.(এম) নেতৃত্ব-কর্মী-দরদী সহ অন্যান্য বিরোধীদলের উপরে অস্ত্রসস্ত্র সহ নৃশংস শারীরিক আক্রমনের রূপ দেখে । প্রতিবাদে বামফ্রন্টের ডাকে আজ সারা রাজ্যের সাথে দুর্গাপুরেও সুবিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত হল । গান্ধীমোড়ের থেকে মিছিল শুরু হয়ে সিটি সেন্টারে বিভিন্ন জায়গা পরিক্রমা করে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে শেষ হয় । সুবিশাল সুসজ্জিত মিছিলে মহিলা ও যুবদের উল্ল্যেখনীয় উপস্হিতি ছিল । মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন কমঃ বিপ্রেন্দু চক্রবর্তী,মহাব্রত কুন্ডু ও শ্যামা ঘোষ । সভায় সভাপতিত্ব করেন কমঃ শ্যামা ঘোষ ।


Friday, 2 October 2015

কলকাতায় শান্তিপূর্ণ লালবাজার-অভিযানের উপর তৃণমূল সরকারের পুলিশের নৃশংসতম হামলার প্রতিবাদে ইস্পাতনগরী গর্জে উঠল ।

                                                                    

দুর্গাপুর ,২রা অক্টোঃ : আজ সন্ধ্যায় , ইস্পাতনগরীর চণ্ডীদাস বাজার মোড়ে ,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর ডাকে কলকাতায় শান্তিপূর্ণ লালবাজার-অভিযানের উপর তৃণমূল সরকারের পুলিশের নৃশংসতম হামলার প্রতিবাদে এক পথসভা অনুষ্ঠিত হয় । প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে দলে দলে মানুষ এই প্রতিবাদ সভায় যোগ দেন । সভায় বক্তব্য রাখেন কমঃ বিশ্বরূপ ব্যানার্জী ,বিজয় সাহা ও সৌরভ দত্ত । সভাপতিত্ব করেন কমঃ কবিরঞ্জন দাসগুপ্ত ।

Thursday, 1 October 2015

ইস্পাতনগরীতে লালতরঙ্গ ।

                                                               

দুর্গাপুর,১লা অক্টোবর : আজ সন্ধ্যায়, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ) এর ডাকে,দুর্গাপুর ইস্পাত কারখানার ইউনিয়ন স্বীকৃতি নির্বাচনে ইউনিয়নের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে  ইস্পাতনগরীতে এক বিশাল মিছিল ইউনিয়ন দফ্তর ১নং বিদ্যাসাগর এভিন্যু থেকে শুরু হয়ে মার্কণী – চন্ডিদাস বাজার–শরৎচন্দ্র-মহিষ্কাপুর-আই সেক্টর মোড়-রামকৃষ্ণ-অশোক এভিন্যু-সেন্ট পলস হয়ে আশীষ মার্কেটে পৌঁছায় । মিছিলে অবিলম্বে ডি.এস.পি ম্যানেজমেন্ট কে কোয়ার্টার-সংক্রান্ত কালা সার্কুলার ও শ্রমিক-কর্মচারীদের ওপর চাপানো জল ও ডায়েট চার্জ প্রত্যাহারে দাবী ওঠে । একই সাথে মিছিল থেকে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয় । পাঁচ সহস্রাধিক লোকের এই মিছিলে মহিলাদের বিশাল উপস্হিতি লক্ষ্যনীয় ছিল । মিছিলে উপস্হিত ছিলেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ) এর নেতৃবৃন্দ সহ জেলা সি.আই.টি.ইউ এর নেতৃত্ব । মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ) এর ওবি-কনভেনর কমঃ বিশ্বরূপ ব্যানার্জী ।