Tuesday, 8 March 2016

প্রার্থীর নাম ঘোষনা হতেই ইস্পাতনগরীর বুকে প্রত্যয়ই মিছিল ।


দুর্গাপুর,৮ই মার্চ : গত কাল ঘোষিত হয়েছে বামফ্রন্টের প্রার্থী তালিকা । রাত্রি বেলায় শুরু হয়ে যায় দেওয়াল লেখা । দুর্গাপুর(পূর্ব ) বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী শ্রমিক আন্দোলনের পোড় খাওয়া লড়াকু নেতা ও ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র ইস্পাত জোনাল কমিটির সম্পাদক এবং দুর্গাপুরের সুপরিচিত জনপ্রিয় বামফ্রন্টের নেতা সন্তোষ দেবরায় ।
আজ, দুর্গাপুর(পূর্ব ) বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সন্তোষ দেব রায় এর সমর্থনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র ইস্পাত জোনাল কমিটির ডাকে এ-জোন ও বি-জোনে দুটি বিশাল মিছিলে কাতারে কাতারে মানুষের যোগদান , বিশেষতঃ মহিলা ও যুবদের অংশগ্রহন ছিল চোখে পড়ার মত । মিছিলে মহিলাদের উপর অত্যাচারের মদতদাতা ও শিল্প তাড়ুয়া বেকারিত্বের সৃষ্টি কর্তা তৃণমূল এবং  সাম্প্রদায়িকতার জিগীর সৃষ্টির মদতদাতা বিজেপি কে পরাস্ত করার আহ্বান জানিয়ে নিজের ভোট নিজে দিন,সকাল সকাল ভোট দিন প্রভৃতি শ্লোগানে মুখরিত হয় ।
এ-জোনের মিছিল আশীষ মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমে হর্ষবর্ধন রোডে এবং বি-জোনের মিছিল পোষ্ট অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমে করে চন্ডিদাসে বাজারে শেষ হয় ।

এর আগে,আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে,বি.টি.রনদিভে ভবনে সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির ইস্পাত জোনাল কমিটি ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর শ্রমজীবি মহিলা শাখার যৌথ উদ্যোগে এক মহিলা কনভেনশন অনুষ্ঠিত হয় । বক্তব্য রাখেন আল্পনা চৌধুরী ও শুভ্রা গাঙ্গুলী । সভাপতিত্ব করেন 
সন্ধ্যা মন্ডল । 



Thursday, 3 March 2016

সর্বনাশা কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে প্রতিবাদে সরব হল ইস্পাতনগরী ।


দুর্গাপুর,৩রা মার্চ : আজ,ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র ইস্পাত জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলে চার প্রান্তে চারটি মিছিল বেরোয় । মিছিল গুলি যথাক্রমে এ-জোনে আশীষ মার্কেট থেকে হর্ষবর্ধন রোড , বি-জোনের পোষ্ট অফিস থেকে চন্ডীদাস বাজার , সংলগ্ন অঞ্চলে ধোবিঘাট থেকে কমলাইতলা ও সেইল সমবায় অঞ্চলে কবিগুরু ( দ্বিতীয় স্টপেজ ) থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে আবার কবিগুরু ( দ্বিতীয় স্টপেজ ) এ শেষ হয় । প্রতিটি মিছিল শুরু হওয়ার আগে দেশ তথা রাজ্যে বামপন্হী আন্দোলনের অন্যতম পুরোধা প্রয়াত কমরেড অশোক ঘোষের  প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয় ।

Wednesday, 2 March 2016

প্রয়াত পার্টি সদস্য কমরেড গোপাল কর ।

                                                                  

দুর্গাপুর,২রা মার্চ : গতকাল বিকালে বাড়ীর থেকে পার্টির আঞ্চলিক কমিটির দফ্তরে হেঁটে আসার সময় পথে হটাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক প্রয়াত হলেন কমরেড গোপাল কর । মৃত্যুকালে তাঁর বয়স হয়ছিল ৭৮ । প্রয়াত কমরেড গোপাল কর এর স্ত্রী,কন্যা ও পুত্র বর্তমান ।
রাত্রি ৮-৩০ সময় প্রয়াত কমরেড গোপাল কর এর মরদেহ আশীষ-জব্বর ভবনে নিয়ে আসা হলে , তাঁর মরদেহ রক্তপতাকা দিয়ে ঢেকে মাল্যদান করেন পার্টির দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সম্পাদক ও জেলা কমিটির সদস্য কমঃ সন্তোষ দেবরায় । এছাড়াও মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন জেলা কমিটির সদস্য কমঃ নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত , দুর্গাপুর ইস্পাত ১বি আঞ্চলিক কমিটির সম্পাদক কমঃ পার্থ মুখার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ । কমরেড গোপাল কর এর প্রয়ানে পার্টির দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির পক্ষে জোনাল সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় গভীর শোকপ্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।
পরে প্রয়াত কমরেড গোপাল কর এর মরদেহ বি.টি.রণদিভে ভবনে নিয়ে যাওয়া হলে ,সেখানে তাঁর মরদেহে রক্তপতাকা ও মাল্যদান করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ) এর পক্ষে কমঃ বিশ্বরূপ ব্যানার্জী । এছাড়াও মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ এবং অন্যান্য গণসংগঠনের নেতৃবৃন্দ ।
সংক্ষিপ্ত জীবনপঞ্জী : ১০ই জুলাই,১৯৩৮ সালে অধুনা বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহন করেন প্রয়াত কমরেড গোপাল কর । ১৯৬০ সালে দুর্গাপুর ইস্পাত কারখানায় ট্রেনী হিসাবে কাজে যোগদান করেন এবং ১৯৯৬ সালে অবসর গ্রহন করেন । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের জন্মলগ্ন থেকে তিনি ইউনিয়নের সাথে যুক্ত হয়েছিলেন । পরে বিভিন্ন সময়ে তিনি ইউনিয়নের কোষাধ্যক্ষ,যুগ্ম- সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন । ১৯৬৬ সালে পার্টি সভ্যপদ লাভ করেন । পরে পার্টির আঞ্চলিক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন । সেক্টর সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন । মৃত্যুকালে তিনি দুর্গাপুর ইস্পাত ১বি আঞ্চলিক কমিটির পার্টি কেন্দ্র শাখার পার্টি সদস্য ছিলেন ।



Monday, 29 February 2016

পশ্চিমবঙ্গে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে আক্রান্ত মানুষের নিবিড় জোট গড়ে তুলুন ।

                                                         

দুর্গাপুর,২৯শে ফেব্রুঃ : তৃণমূলের জঙ্গল রাজত্বের বিসর্জনের বাজনা বেজে গিয়েছে । রঙের বিচার না করে সমস্ত আক্রান্ত মানুষের বৃহত্তম ঐক্য গড়ে তুলে আসন্ন বিধানসভা নির্বাচন তৃণমূল কে পরাস্ত করুন ,বিজেপি কে বিচ্ছিন্ন করুন । আজ ইস্পাতনগরীর দেশবন্ধু ভবনে পার্টির ইস্পাত জোনাল কমিটির ডাকে বুথ কমিটি ও বুথ সংগ্রাম কমিটির সদস্যদের এক বিশাল সভায় পার্টির জেলা নেতৃবৃন্দ এই আহ্বান জানালেন ।

পার্টির বর্ধমান জেলা কমিটির সম্পাদক অচিন্ত্য মল্লিক বলেন যে তৃণমূলের জঙ্গল রাজত্বের অবসানে পার্টির নেতৃত্বে যে একের পর এক গণসংগ্রাম গড়ে উঠেছে,তার ফলে রাজ্যে এক নাটকীয় পট পরিবর্তন ঘটেছে । এই গনসংগ্রাম গুলি তৃণমূলের তীব্র অত্যাচার ও দুঃশাসনে নিপীড়িত রাজ্যের মানুষের মধ্যে আত্মবিশ্বাস জুগিয়েছে ।আজ মানুষ তৃণমূলের সন্ত্রাসের রাজত্বের অবসান সম্ভব বলে মনে করতে শুরু করেছেন । মানুষ প্রস্তুতি নিচ্ছেন । পার্টিকে সেই প্রস্তুতি নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে ।

অমল হালদার বলেন যে তৃণমূল-বিজেপির গোপন আঁতাত আজ আর গোপন নেই । মোদি ও মমতার জনবিরোধী নীতির ফলে রাজ্যের মানুষ অতিষ্ঠ । ২০১৪ সালের সাধারন নির্বাচনের পর যত দিন গেছে , ততই মানুষের কাছে মোদী ও মমতার মধ্যে সখ্যতা পরিষ্কার হয়ে গেছে । সারদা সহ চিটফান্ড কেলেংকারীর তদন্ত শ্লথ হয়ছে কেন ? যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিজেপি ও আরএসএস নেতাদের হিংসাত্মক মন্তব্য ও কার্যকলাপ সম্পর্কে মমতা নীরব কেন ? এই সবই  তৃণমূল-বিজেপির গোপন আঁতাতের প্রমান দিচ্ছে । বিজেপি ও আরএসএস এর তীব্র সমালোচনা করে তিনি বলেন স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের অভূতপূর্ব অবদানের সাক্ষী ইতিহাস । গান্ধীজীর হত্যাকারী ও ব্রিটিশ সহযোগীরা বামপন্হীদের দেশদ্রোহীর তকমা দেবে ? বিজেপি-আরএসএস এর কাছে বামপন্হীরা দেশপ্রেমের সার্টিফিকেট নেবে না । রাজ্যে তৃণমূল আর কেন্দ্রের বিজেপি সরকার দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চল কে শশ্মান করতে চাইছে । এসপি কারখানা তুলে দিতে চাইছে । সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে দুর্গাপুর দেখিয়ে দিয়েছে কি ভাবে লড়াই করতে হয় । ডিএসপি কারখানায় সিআইটিইউ এর বিপুল জয় তার প্রমান। আসন্ন বিধানসভা নির্বাচনে জয় সুনিশ্চিত করতে জনগনের সুদৃঢ় ঐক্য গড়ে তুলতে নিবিড় যোগাযোগ গড়ে তুলতে হবে ।

সন্তোষ দেবরায় বলেন যে জনবিচ্ছিন্ন তৃণমূল সন্ত্রাসের রাস্তা ধরার চেষ্টা করছে । গত এক সপ্তাহে ইস্পাতনগরীর দুই জন পার্টি নেতার বাড়ীতে বোমা নিক্ষেপ হয়ছে । যে কোন ধরনের সন্ত্রাস মোকাবিলায় পার্টি জনগনের ঐক্য গড়ে তুলবে ।

সভায় এছাড়াও উপস্হিত ছিলেন জেলা নেতৃবৃন্দ নির্মল ভট্টাচার্য ও সুবীর সেনগুপ্ত । সভাপতিত্ব করেন সন্তোষ দেবরায় ।




Sunday, 28 February 2016

ইস্পাতনগরীতে আবারও পার্টিনেতার বাড়ীতে বোমা নিক্ষেপ ,দুষ্কৃতিরা অধরা ।


দুর্গাপুর ,২৮শে ফেব্রুঃ : গতকাল গভীর রাত্রিতে ( প্রায় ১-০০ নাগাদ ) ইস্পাতনগরীর বিদ্যাপতি রোডে পার্টির ব্রাঞ্চ সম্পাদক মধুসূধন দাসের বাড়ীতে ( ১৩/৩ বিদ্যাপতি রোড ) কে বা কারা বোমা নিক্ষেপ করে অন্ধকারে গা ঢাকা দেয় । শক্তিশালী বোমার বিষ্ফোরনে সমস্ত অঞ্চলটি কেঁপে ওঠে । বোমার আওয়াজে আতংকিত এলাকাবাসী রাস্তায় বেড়িয়ে আসেন । পরে ঘটনাস্হলে পুলিশ আসে ও রাতভোর টহলদারি চালালেও দুষ্কৃতিরা এখনও অধরা । গত ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পড়ে তৃণমূলী দুষ্কৃতিকারিরা  বিদ্যাপতি রোডে সন্ত্রাসের আবহাওয়া তৈরি করেছে ও সেক্টর অফিস জোর করে বন্ধ করে দিয়েছে । এই পরিস্হিতে গত রাতের ঘটনায় আতংক আরও বেড়েছে । এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে ।
আজ সকালে পার্টি নেতৃত্ব এলাকায় গিয়ে আতংকিত মানুষজনের সাথে কথা বলেন । প্রসংগত গত ২৩ তারিখে একই কায়দায় মার্কনী এভিন্যু এ পার্টির ইস্পাত জোনাল কমিটির সদস্য বিজন জোয়ারদারের বাড়ীতে বোমা নিক্ষেপ করা হয় । যদিও অত্যন্ত শক্তিশালী এই বোমাটি না ফাটায় বড়সর বিপদ এড়ানো গেছে ।

পার্টির ইস্পাত জোনাল কমিটির পক্ষে জোনাল সম্পাদক সন্তোষ দেবরায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেছেন যে আসন্ন বিধান সভা নির্বাচনের প্রাক্কালে ইস্পাতনগরীতে একের পর এক পার্টিনেতার বাড়ীতে গভীর রাতে বোমা নিক্ষেপ করে ইস্পাতনগরীতে সন্ত্রাস সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলেছে । এবিষয়ে আসানসোল-দুর্গাপুর পুলিস কমিসারিয়েটের এডিপিসির কাছে পার্টির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে । তিনি পুলিশকে অবিলম্বে দোষীদের গ্রেফ্তার ও শাস্তির দাবী জানিয়েছেন ।

সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির ইস্পাত জোনাল কমিটির ৭ম সম্মেলন অনুষ্ঠিত হল ।

                                                                         


দুর্গাপুর ,২৮শে ফেব্রুঃ : আজ সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির  ইস্পাত জোনাল কমিটির ৭ম সম্মেলন অনুষ্ঠিত হল ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনের । সম্মেলনের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির  বর্ধমান জেলা কমিটির সহ সভানেত্রী আল্পনা চৌধুরী । শহীদবেদীতে মাল্যদান করেছেন আল্পনা চৌধুরী,ভারতী ঘোষাল,মনিমালা দাস,শান্তি মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
সম্মেলনে উপস্হিত ছিলেন ৯৪ প্রতিনিধি ।সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের বর্ধমান জেলা কমিটির সভানেত্রী ভারতী ঘোষাল । সংগঠনের বর্ধমান জেলা কমিটির সম্পাদিকা মনিমালা দাস সংগঠন প্রসঙ্গে বক্তব্য রেখেছেন । মোট ১০ জন প্রতিনিধি আলোচনায় অংশ নিয়েছেন ।
সম্মেলন ১১ জনের সম্পাদকমন্ডলী সহ ৩১ জনের নতুন জোনাল কমিটি নির্বাচিত করেছে । সভানেত্রী ,সম্পাদিকা ও কোষাধ্যক্ষা নির্বাচিত হয়েছেন যথাক্রমে শুভ্রা গাঙ্গুলী , মিতা ভট্টাচার্য ও মিতা দাসগুপ্ত ।



Tuesday, 23 February 2016

এএসপি বাঁচাও দাবীতে বিশাল বিক্ষোভ সমাবেশ ।

                                                                    

দুর্গাপুর,২৩শে জানুঃ : আজ রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইলের অন্তর্গত দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানা ( অ্যালয় স্টিল প্ল্যান্ট ) বাঁচাও দাবীতে হিন্দুস্হান স্টিল এমপ্লিয়জ ইউনিয়ন ( সিআইটিইউ) এএসপি এর শ্রমিকদের ( স্হায়ী, ঠিকা ও অবসরপ্রাপ্ত ) বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ইডি অফিসে ।
কেন্দ্রীয় সরকারের ধারাবাহিক বঞ্চনার শিকার এএসপি ।এএসপির আধুনিকীকরন ও সম্প্রসারনের জন্য সেইলের কনসাল্ট্যান্ট সংস্হা ‘ সেট ‘ এর সুনির্দিষ্ট প্রস্তাব থাকা সত্বেও এ বিষয়ে কেন্দ্রীয় সরকার অথবা সেইল এখনও কোন পদক্ষেপ নেয় নি । বরং দুর্গাপুর ইস্পাত কারখানার সাথে যেনতেন প্রকারে যুক্ত করে এএসপি কে চিরতরে বন্ধ করার রাস্তায় হাঁটতে চাইছে । সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ‘ সেট ‘ এর প্রস্তাব কার্যকরী করার দাবী জানান । সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল বিজয় সাহার নেতৃত্বে ইডি অফিসে ,এএসপির আধুনিকীকরন ও সম্প্রসারনের দাবী সম্বলিত  স্মারক লিপি জমা করেন ।

সমাবেশে বক্তব্য রাখেন মলয় ভট্টাচার্য , বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী , রথীন রায়, পি.কে.দাস , বিজয় সাহা ও ললিত মিশ্র । সভাপতিত্ব করেন রাম পঙ্কজ গাঙ্গুলী ।