Thursday, 19 October 2017

দীপাবলী উপলক্ষ্যে ইস্পাতনগরীতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বুকস্টলের উদ্বোধন ।



দুর্গাপুর , ১৯শে অক্টোঃ : আজ সন্ধ্যায় , ইস্পাতনগরীর এ’জোনের হর্ষবর্দ্ধন রোডের সেক্টর অফিসের সামনে সি.পি.আই.(এম ) এর দুর্গাপুর ইস্পাত ৩নং এরিয়া সাংগঠনিক কমিটির উদ্যোগে দীপাবলী উপলক্ষ্যে ইস্পাতনগরীতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বুকস্টলের উদ্বোধন হল । উদ্বোধন করে সি.পি.আই.(এম ) এর বর্ধমান ( পশ্চিম ) জেলা সাংগঠনিক কমিটির সদস্য নির্মল ভট্টাচার্য বলেন মতাদর্শের অনুশীলনে বই অপরিহার্য । তাই পার্টি কর্মীদের বই কেনা ও বই পড়ে চর্চা করার কাজটি অন্যান্য রাজনৈতিক কাজের মতই অপরিহার্য । এ ছাড়াও সাধারন মানুষের কাছে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের সম্ভার পৌঁছে দিতে উৎসবের দিনে পার্টির পক্ষ থেকে যে বুকস্টল করা হয় , তার অপরিসীম গুরুত্বের কথা তিনি ব্যাখ্যা করেন । তিনি বলেন যে বই এর বিকল্প ইন্টারনেট হতে পারে না কারন ইন্টারনেট এখনও কায়েমী স্বার্থবাদীদের হাতে কুক্ষিগত হয়ে আছে । বুকস্টলের উদ্বোধন ঘিরে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মত । আনুষ্ঠানিক উদ্বোধনের সাথে সাথে আড়াই হাজার টাকার বই বিক্রী হয়ে যায় ।  উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায় , কাজল চ্যাটার্জী , দীপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।








Sunday, 15 October 2017

রুটি-রুজি- কারখানা বাঁচানো, গনতন্ত্র পুনরুদ্ধার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বার্তা দিয়ে ইস্পাতনগরীর রাস্তায় ঘুরল পথযাত্রা ।



দুর্গাপুর,১৫ই অক্টোঃ : আগামী ২২ অক্টোঃ বর্ধমান ( পশ্চিম ) জেলার বিপিএমও জাঠা শুরু হয়ে পরের দিন দুর্গাপুরে পৌঁছাবে । রাজ্যের জ্বলন্ত সমস্যার বিষয়ে ১৭ দফার দাবীর সাথে সাথে অ্যালয় স্টিল প্ল্যান্ট এর বেসরকারীকরনের প্রস্তাব বাতিল , ডিএসপি কারখানার  উৎপাদন ক্ষমতা বার্ষিক ১০ মিলিয়ন টন করার জন্য কেন্দ্রীয় বিনিয়োগ , ডিএসপি ও মনেট কারখানার  উচ্ছেদ হওয়া ঠিকা-শ্রমিকদের পুনর্বহাল ,বস্তি অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন সহ আরও ৮-দফা দাবীতে আজ বিকালে ইস্পাতনগরীর দু-প্রান্তে দুটি পৃথক পথযাত্রা বেরোয় । স্হায়ী ও ঠিকা ইস্পাত শ্রমিক,অবসরপ্রাপ্ত,বস্তিবাসী সহ সমাজের বিভিন্ন অংশের খেটে খাওয়া মানুষ পথযাত্রা দুটিতে অংশ নিয়ে আসন্ন বিপিএমও জাঠা সফল করার আহ্বান জানান । আশীষ-জব্বর থেকে শুরু হওয়া পদযাত্রায় নেতৃত্ব দেন গন আন্দোলনের নেতৃত্ব নির্মল ভট্টাচার্য , কাজল চ্যাটার্জী , দীপক ঘোষ,নিমাই ঘোষ , মহিলা নেত্রী মিতা ভট্টাচার্য ,মলয় চক্রবর্তী,কৃষক নেতা অজিত মন্ডল । পদযাত্রা ইস্পাতনগরীর এ-জোনের বিভিন্ন রাস্তা ঘুরে আকবর রোডে শেষ হয় । অপর পদযাত্রাটি সেইল আবাসন অঞ্চলের মৌলানা আজাদ মোড় থেকে শুরু হয়ে সেইল আবাসন অঞ্চল , সেপকো টাউনশীপ , ইস্পাতনগরীর সি-জোন ও বি-জোনের বিভিন্ন রাস্তা ঘুরে তিলক ময়দানে শেষ হয় । পদযাত্রায় নেতৃত্ব দেন গন আন্দোলনের নেতৃত্ব সুবীর সেনগুপ্ত , স্বপন ব্যানার্জী ,বিশ্বরূপ ব্যানার্জী , মহিলা নেত্রী আল্পনা চৌধুরী,প্রফুল্ল মন্ডল প্রমূখ । দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক ও গন আন্দোলনের নেতৃত্ব সন্তোষ দেবরায় উভয় পদযাত্রার নেতৃত্ব দেন ।





Saturday, 14 October 2017

অভিনেত্রী ও নাট্য সংগঠক শোভা সেনের স্মরণ সভা ।



দুর্গাপুর ,১৪ই অক্টো : আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর তিলক রোডে এসপি ইউনিয়ন দফ্তরে সদ্য প্রয়াত অভিনেত্রী ও নাট্য সংগঠক শোভা সেনের স্মরণ সভা অনুষ্ঠিত হল । উদ্যোক্তা পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের ইস্পাত-১ । উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বুদ্ধদেব সেনগুপ্ত । এছাড়াও সংগীত পরিবেশন করেন শ্রীরূপা চট্টোরাজ,ঋতুকনা ভৌমিক,সুদীপ্তা জানা,শিউলী গাঙ্গুলী ও তমাল ঘোষ । আবৃতি করে শোনান দেবদাস সেন, তমাল ঘোষ ও শ্যামল ব্যানর্জী ।
সভার একমাত্র আলোচক ছিলেন বিশিষ্ট নাট্য সংগঠক ও পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের বর্ধমান ( পশ্চিম ) জেলার সভাপতি আশীষ ভট্টাচার্য । তিনি প্রয়াত অভিনেত্রী ও নাট্য সংগঠক শোভা সেনের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন । এছাড়াও বক্তব্য রাখেন কানাই বিশ্বাস ও শ্যামল ব্যানর্জী ।
সভার শুরুতে সদ্য প্রয়াত সাংস্কৃতিক জগতের বিভিন্ন দিকপাল , নিহত গৌরি লংকেশ , পুলিশের এস.আই অমিতাভ মালিক সহ অন্যান্য দের স্মরনে নীরবতা পালন করা হয় ।


















Friday, 22 September 2017

ইস্পাতনগরীর কোয়ার্টার-জমি লিজ-লাইসেন্স ও উপযুক্ত নাগরিক পরিষেবার দাবীতে বিক্ষোভ সমাবেশ ।




দুর্গাপুর,২২শে সেপ্টেঃ – আজ বিকালে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনে ( টি.এ.বিল্ডিং ) হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে ইস্পাতনগরীর কোয়ার্টার-জমি লিজ-লাইসেন্স ও উপযুক্ত নাগরিক পরিষেবার দাবীতে বিক্ষোভ সমাবেশ হয় ।
দীর্ঘ দিন ধরে সমস্ত ধরনের ইস্পাত শ্রমিক-কর্মচারীদের  ( কর্মরত ও অবসরপ্রাপ্ত ) জন্য ইস্পাতনগরীর কোয়ার্টার-জমি লিজ ও লাইসেন্স এর দাবীতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) যৌথ ও একক আন্দোলন চালিয়ে আসছে । আন্দোলনের চাপে ইস্পাত কর্তৃপক্ষ আংশিক দাবী মানলেও , সামগ্রিক দাবী পূরনের ক্ষেত্রে টালবাহানা করছে । অন্য দিকে জল-বিদ্যুৎ-রাস্তা-নিকাশী বব্যস্হা-কোয়ার্টার মেইন্টেন্যান্স এর মত গুরুত্বপূর্ণ পরিষেবায় গুরুতর অবনতি ঘটেছে । ইস্পাতনগরীর জমি-কোয়ার্টার বেদখল ও যত্রতত্র অবৈধ দোকানপাট ও বস্তি গড়ে উঠছে , চলছে অবৈধ বিদ্যুৎ-সংযোগ ও বিদ্যুৎ চুরি । এক্ষেত্রেও ইউনিয়ন লাগাতার ভাবে আন্দোলন চালিয়ে ইস্পাত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করলেও সমস্যার সিংহভাগ লাঘব হয় নি ।

বিক্ষোভ সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল দাবী-সম্বলিত স্মারকলিপি কর্তৃপক্ষের কাছে জমা দেয় । পরে প্রতিনিধি দলের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী  সমাবেশে জানান যে কর্তৃপক্ষ দুর্গাপূজোর পরে কোয়ার্টার-জমি লিজ ও লাইসেন্স এর বিষয়ে ইউনিয়নদের সাথে আলোচনার আশ্বাস দিয়েছে । এ ছাড়া , নাগরিক পরিষেবার বিষয়ে বেশ কিছু কাজ আগামী নভেম্বর মাস থেকে শুরু করার আশ্বাস কর্তৃপক্ষ দিয়েছে বলে তিনি জানিয়েছেন । বিক্ষোভ সমাবেশে বক্তব্য অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুরুপ্রসাদ ব্যানার্জী , প্রকাশতরু চক্রবর্তী ( সি.আই.টি.ইউ ), সুব্রত ভট্টাচার্য ( আই.এন.টি.ইউ.সি ),দুলাল কয়াল ( সেইল এমপ্লয়িজ ফোরাম ) ও সুকান্ত সেন ( লাইসেন্সিং অ্যাসোসিয়েশন )


Thursday, 21 September 2017

বি.টি.রণদিভে ভবনে অনুষ্ঠিত হল পুরস্কার বিতরন,সাংস্কৃতিক অনুষ্ঠান ।



দুর্গাপুর , ২১শে সেপ্টেঃ : আজ সন্ধ্যায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে বি.টি.রণদিভে ভবনে অনুষ্ঠিত হল পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান । গত ৬ই আগষ্ট ইউনিয়ন দফ্তরে শহীদ দিবস উপলক্ষ্যে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায়  সফল ৩০ জন প্রতিযোগি ও তাৎক্ষনিক বক্তৃতায় সফল ৫ জন প্রতিযোগি কে আজ পুরষ্কৃত করা হয় । কর্মক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য কেন্দ্রীয় সরকারের বিশ্বকর্মা পুরষ্কার বিজেতা দুর্গাপুর ইস্পাত কারখানার ১০ জন শ্রমিক কে সম্বর্ধনা জানানো হয় । নাট্য চর্চার বিশেষ কৃতিত্বের জন্য সম্বর্ধিত হয় মিত্র মেলা কিশোর বাহিনী । সম্বর্ধনা জানানো হয় ইউনিয়নের সর্বক্ষনের কর্মী রামরূপ প্রসাদ কে । পুরস্কার বিতরন ও সম্বর্ধনা জানান ইউনিয়নের সভাপতি রথীন রায় , বিশ্বরূপ ব্যানার্জী সহ উপস্হিত  ইউনিয়ন নেতৃবৃন্দ ।




Wednesday, 20 September 2017

বার্ষিক বোনাস ( পূজা বোনাস) এর দাবীতে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ ।



দুর্গাপুর,১৩ই সেপ্টেঃ : আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানায় ই.ডি. ওয়ার্কসের দফ্তরে  ইস্পাত শ্রমিকরা বার্ষিক বোনাস ( পূজা বোনাস) এর দাবীতে বিক্ষোভ দেখান । অবিলম্বে বাৎসরিক বোনাসের ( যা পূজো বোনাস নামে পরিচিত ) আলোচনা শুরু করে বোনাস-চুক্তি সহ অবিলম্বে শ্রমিকদের বোনাস প্রদানের দাবীতে   আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী  ও ললিত মিশ্র । সভাপতিত্ব করেন কবিরঞ্জন দাসগুপ্ত । সভা চলাকালীন,এক প্রতিনিধি দল ই.ডি. ওয়ার্কসের দফ্তরে  গিয়ে দাবী-সম্বলিত স্মারকলিপি জমা দেয় । এই দাবীতে আজ রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইলের সবর্ত্র শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ দেখিয়েছেন বলে জানিয়েছেন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) সাধারন সম্পাদক পি.কে.দাস । সেইল কর্তৃপক্ষ আগামী ২৬শে সেপ্টেঃ দিল্লি তে বোনাস সংক্রান্ত আলোচনার জন্য ইউনিয়ন গুলি কে ডেকেছে ।  

Wednesday, 13 September 2017

দুর্গাপুর ইস্পাত কারখানায় তুমুল শ্রমিক বিক্ষোভ ।




দুর্গাপুর,১৩ই সেপ্টেঃ : আজ বিকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানায় সি.ই.ও এর দফ্তরে  ইস্পাত শ্রমিকরা তুমুল বিক্ষোভ দেখালেন । বাৎসরিক বোনাসের ( যা পূজো বোনাস নামে পরিচিত ) আলোচনা শুরু করে বোনাস-চুক্তি সহ অবিলম্বে শ্রমিকদের বোনাস প্রদান, ‘পারসোন্যাল অ্যাপ্রাইসালে’ এর নামে চুক্তি ভঙ্গ করে শ্রমিকদের প্রমোশনের ক্ষেত্রে কর্তৃপক্ষের পুরনো ঢং এর স্বেচ্ছাচারী বাধাদানের  প্রথা ফিরিয়ে আনার অপচেষ্টা অবিলম্বে বাতিল ও আউট-পাস নিয়ে কর্তৃপক্ষের খামখেয়ালী সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবীতে আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী , প্রকাশতরু চক্রবর্তী ও ললিত মিশ্র । সভাপতিত্ব করেন কাজল মজুমদার । সভা চলাকালীন,এক প্রতিনিধি দল সি.ই.ও এর দফ্তরে  গিয়ে দাবী-সম্বলিত স্মারকলিপি জমা দেয় । গত ১১ই সেপ্টেঃ , ইউনিয়নের পক্ষ থেকে কারখানার প্রতিটি বিভাগের প্রধানের কাছে একই দাবীতে বিক্ষোভ দেখানো হয় ।