Friday, 22 February 2019

দেশ রক্ষার লড়াই এর সাথে রাষ্ট্রয়ত্ব কারখানা বাঁচানোর লড়াই,শ্রমিক অধিকার ও দাবি আদায়ের লড়াই সম্পর্কযুক্ত : দুর্গাপুর ইস্পাত কারখানায় প্রবল শ্রমিক বিক্ষোভ




দুর্গাপুর,২২শে ফেব্রুঃ : দেশ গড়া ও রক্ষার কাজে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উদ্যোগ সেইল ও আর.আই.এন.এল সহ সমগ্র রাষ্ট্রায়ত্ব ও সরকারি ক্ষেত্রের এর অনবদ্য ভূমিকা সুপরিচিত । তাই রাষ্ট্রায়ত্ব ও সরকারি ক্ষেত্র বাঁচানোর লড়াই শ্রমিক সহ দেশের সাধারন মানুষের দেশপ্রেমিক কর্তব্য । আজ দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি(ওয়ার্কস)-এ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর ডাকে বিক্ষোভ সমাবেশে একথা জোরের সাথে জানালেন নেতৃবৃন্দ । দীর্ঘ ৩ বছর ধরে বেতন-চুক্তি বকেয়া আছে । গত এন.জে.সি.এস এর চুক্তি সত্বেও বিভিন্ন বকেয়া বিষয়ে এখনও ফয়সালা হয় নি । সব মিলিয়ে ইস্পাত কর্মিদের ভাঁড়ারে প্রাপ্তি শূন্য । অথচ আর্থিক চাপ বেড়েই চলেছে । ধারাবাহিক লড়াই-আন্দোলনের চাপে সেইল কর্তৃপক্ষ গত ২২শে ফেব্রুঃ এনজেসিএস এর মিটিং ডেকেও ১লা মার্চ পিছিয়ে দিয়েছে । উচ্ছেদ হওয়া ৩৫০০ হাজার ঠিকা শ্রমিক কে এখনও কাজে ফেরানো হয় নি । থেমে গেছে ঠিকা শ্রমিক ও ট্রেনিদের স্হায়ীকরনের প্রক্রিয়া অথবা স্হায়ী শ্রমিক-ডাক্তার-নার্স-ফার্মাসিস্ট-শিক্ষক নিয়োগের প্রক্রিয়া । অ্যালয় স্টিলের কৌশলগত বিলগ্নিকরনের সিদ্ধান্ত বাতিল, অ্যালয় স্টিল ও দুর্গাপুর ইস্পাত বাঁচাতে আধুনিকিকরন-সম্প্রসারনের জন্য অতীব প্রয়োজনীয় মূলধন বিনিয়োগ, হাসপাতাল-স্কুল নাগরিক পরিসেবায় বিনিয়োগ-কোয়ার্টার ও জমি লিজ-লাইসেন্সিং সহ অন্যান্য আশু প্রয়োজনীয় বিষয়ে নিরব সেইল কর্তৃপক্ষ।
নিরবচ্ছিন্নভাবে শ্রমিকরা উৎপাদন বৃদ্ধি করেই চলছে । সেইল সহ ইস্পাত শিল্প উন্নতির পথে । অথচ ইস্পাত শ্রমিকদের নায্য পাওয়ানার সময়ে বকলমে কেন্দ্রের মোদি সরকারের শেখানো বুলি আওড়ে সেইল কর্তৃপক্ষ শ্রমিকদের বঞ্চনার জন্য বিভিন্ন রকম তঞ্চকতা করে চলেছে । ঢের হয়েছে । এবার পালা হিসাব বুঝে নেওয়ার । দাবি আদায়ের জন্য দুর্ণিবার আন্দোলনের ডাক দিলেন নেতৃবৃন্দ । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পার্থ মুখার্জী,প্রকাশতরু চক্রবর্তি,ললিত মিশ্র ও বিশ্বরূপ ব্যানার্জী । সমাবেশ চলাকালিন কর্তৃপক্ষের কাছে ইউনিয়নের প্রতিনিধিদল দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দেয় ।





Wednesday, 20 February 2019

প্রয়াত চার নেতার স্মরণ সভা ।




দুর্গাপুর,২০ ফেব্রুঃ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন( সি.আই.টি.ইউ)-এর চার সদ্য প্রয়াত প্রাক্তন ওবি সদস্যের স্মরণ সভা অনুষ্ঠিত হয় । প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে প্রাক্তন ইস্পাত শ্রমিক ও শ্রমিক নেতৃত্ব  সমীর সেন,পবিত্র রায়,রাতুল সরকার ও সুব্রত চক্রবর্তী – এই চার সদ্য প্রয়াত নেতার  স্মরণ সভার কাজ শুরু হয় । প্রত্যেকের জন্য পৃথক শোকপ্রস্তাব পাঠ করা হয় । তাদের পরিবার ও যে বিভাগে কর্মজীবনে কাজ করতেন,সেই বিভাগের পক্ষ থেকে এক জন করে স্মরণ সভায় বক্তব্য রাখেন । এছাড়াও বক্তব্য রাখেন রথীন রায়, জীবন রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ । সঞ্চালনা করেন স্বপন মজুমদার ।

অ্যালয় স্টিল প্ল্যান্টের বিলগ্নিকরনের জন্য মোদি সরকারের নীল নক্সা ফাঁস হতেই দুর্গাপুরে শ্রমিক বিক্ষোভ শুরু ।




দুর্গাপুর,২০ ফেব্রুঃ : এক বছর আগে অ্যালয় স্টিল প্ল্যান্টের ১০০% স্ট্র্যাটেজিক ডিসইনভেষ্টমেন্টের জন্য গ্লোবাল টেণ্ডার ডাকা হয়েছিল । কিন্তু শ্রমিক আন্দোলন ও গনআন্দোলনের তীব্রতা এতটাই ছিল যে আক্ষরিক অর্থে কোন সংস্হাই অ্যালয় স্টিল কেনার জন্য প্ল্যান্টের চত্বরে পা রাখার সাহস করে নি । ইস্পাত শ্রমিকরা দৃঢ় ভাবে জানিয়ে দেন যে অ্যালয় স্টিলের বিলগ্নিকরন রুখতে জান কবুল । তাদের পাশে দৃঢ় ভাবে এসে দাঁড়ান দুর্গাপুরের সমস্ত স্তরের মানুষ । সর্ব স্তরে ছড়িয়ে পড়ে প্রতিরোধের শপথ – দুর্গাপুর কে দুর্দশাপুর হতে দেব না । অ্যালয় স্টিল প্ল্যান্টের বিলগ্নিকরন বাতিল, অ্যালয় স্টিল ও দুর্গাপুর ইস্পাত বাঁচাতে আধুনিকিকরন-সম্প্রসারনের জন্য প্রয়োজনীয় মূলধন বিনিয়োগ,দুর্গাপুর ব্যারাজের আমূল সংস্কার ও দুর্গাপুর ইস্পাতের উচ্ছেদ ঠিকা শ্রমিকদের কাজে ফেরানো,ডি.পি.এল-ডি.সি.এল ও ডি.টি.পি.এস এর আধুনিকিকরন-সম্প্রসারনের দাবিতে গত তিন বছর বছর ধরে লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে সি.আই.টি.ইউ সহ কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চ,’ অ্যালয় স্টিল বাঁচাও - দুর্গাপুর ইস্পাত বাঁচাও – রক্ষা করো শিল্প- রক্ষা করো দুর্গাপুর’ কমিটি । দেড় শতাধিক আন্দোলন কর্মসূচি পালন করেছে ।
ইতিমধ্যে কয়েকদিন আগে কিছু সংবাদ মাধ্যম, আপাততঃ অ্যালয় স্টিল প্ল্যান্টের বিলগ্নিকরন হচ্ছে না – এই খবর চাউর করে ।  সি.আই.টি.ইউ সহ কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চ এই খবরের সততা সম্পর্কে সন্দেহ প্রকাশ করে । কারন অন্তর্বর্তি বাজেটে মোদি সরকার ৩৫টি রাষ্ট্রায়ত্ব সংস্হা বিলগ্নি করে বর্তমান আর্থিক বর্ষেই ৮০,০০০ হাজার কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে  এবং এই তালিকার সেইলের অ্যালয় স্টিল,সালেম ও ভদ্রাবতি কারখানা আছে – এই খবর প্রকাশিত হয়েছে ।
বিভ্রান্তি আরও ছড়ায় কারন সংবাদটিতে অ্যালয় স্টিলের কৌশলগত বিলগ্নিকরন থেকে সরে আসার কথা জানালেও অ্যালয় স্টিল ও দুর্গাপুর ইস্পাত বাঁচাতে মূলধন বিনিয়োগের বিষয় নীরব ছিল । এর আগে বাজপেয়ী সরকারের আমলে এম-এ-এম-সি,বি.ও.জি.এল,এফ.সি.আই এবং ২০১৪ সালে নির্বাচনী বৈতরনী পার করার জন্য হিন্দুস্হান কেবলস এর ক্ষেত্রে একই ধরনের ছল-চাতুরীর আশ্রয় নেওয়া হলেও পরে প্রতিটি কারখানা বন্ধ করে দেওয়া । এমন কি অ্যালয় স্টিলের কৌশলগত বিলগ্নিকরন হবে না – এই খবর ছড়িয়ে আন্দোলনের গোড়ার দিকে শ্রমিকদের মধ্যে  বিভেদের চেষ্টা করা হয়েছিল । যদিও কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির যৌথমঞ্চ সেই চেষ্টা ব্যর্থ করে ।
এই অবস্হায় গতকাল অ্যালয় স্টিলের ১০০% কৌশলগত বিলগ্নিকরনের জন্য গ্লোবাল টেন্ডার আহ্বান করতে চেয়ে সেবি-র কাছে সেইলের চেয়ারম্যানের পাঠানো চিঠি ফাঁস ও বিভিন্ন সংবাদ মাধ্যমে সেইলের অ্যালয় স্টিল,সালেম ও ভদ্রাবতি কারখানার বিলগ্নিকরনের খবর প্রকাশিত হতেই দুর্গাপুর জুড়ে হতাশা নেমে এসেছে । অন্যদিকে ইস্পাত শ্রমিকদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ । যার বহিঃপ্রকাশ দেখা যায় আজ সকালে অ্যালয় স্টিলের মেইন গেটের বিক্ষোভ সমাবেশে । শ্রমিকরা স্পষ্টতঃ জানিয়ে দেন যে কোন মূল্যে অ্যালয় স্টিল কৌশলগত বিলগ্নিকরন রোখা হবে । বক্তব্য রাখতে নেতৃবৃন্দ তৃতীয় পর্যায়ের আন্দোলন সর্বাত্মক করার উপর গুরুত্ব দিয়ে ব্যপকতম ঐক্য গড়ে তোলার আহ্বান জানান । বক্তব্য রাখেন বিশ্বনাথ মন্ডল ( এ.আই.ইউ.টি.ইউ.সি),মলয় ভট্টাচার্য,বিশ্বরূপ ব্যানার্জী ( সি.আই.টি.ইউ) । এছড়াও বক্তব্য রাখেন দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায় । তিনি জোরদার লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান । সাথে সাথে তিনি ডি.পি.এল ও ব্যাঙ্কের সংযুক্তিকরনের ফলে তৈরি সংকটের উদাহরন টেনে বলেন যে মার্জার-ভিআরএস আরও ব্যপকভাবে শ্রমিকদের স্বার্থ কে ক্ষতিগ্রস্হ করে । সমাবেশের পর শ্রমিকরা মেইন গেট অঞ্চলে মিছিল করেন । অ্যালয় স্টিল ও দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা আজকের কর্মসূচিতে অংশ নিয়েছেন ।






Monday, 18 February 2019

বৃহত্তর আন্দোলনের লক্ষ্য ইস্পাত শ্রমিকদের কনভেনশন ।




দুর্গাপুর,১৮ই ফেব্রুঃ : আজ দুর্গাপুর ইস্পাত কারখানার প্ল্যান্ট সিভিলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) আহ্বানে ইস্পাত শ্রমিকদের কনভেনশনে আই.এল এ্যান্ড এফ.এস নামে বেসরকারি সংস্হায় বিনিয়োগ করা ২০,০০০ হাজার কোটি টাকা জলে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মোদি সরকারের শ্রমিকদের পি.এফ-পেনশনের টাকা বেসরকারি ক্ষেত্রে খাটানোর নীতি কে তীব্র সমালোচনা করা হয় প্রসংগত এই সংস্হা খাটানো টাকা জলে যাওয়ার ফলে রাষ্ট্রায়ত্ব শিল্প সংস্হার ১৫ লক্ষ শ্রমিক-কর্মচারির পি.এফ-পেনশনের টাকা মার যাওয়ার আশংকা দেখা দিয়েছে । অন্যদিকে প্রবল আন্দোলনের চাপে মোদি সরকার আপাতত অ্যালয় স্টিলের কৌশলগত বিলগ্নিকরনের সিদ্ধান্ত বাতিল করলেও  অ্যালয় স্টিল ও দুর্গাপুর ইস্পাত বাঁচাতে আধুনিকিকরন-সম্প্রসারনের জন্য অতীব প্রয়োজনীয় মূলধন বিনিয়োগ - দুর্গাপুর ইস্পাতের উচ্ছেদ ঠিকা শ্রমিকদের কাজে ফেরানো,হাসপাতাল-নাগরিক পরিসেবায় বিনিয়োগ-কোয়ার্টার ও জমি লিজ-লাইসেন্সিং সহ অন্যান্য আশু প্রয়োজনীয় বিষয়ে নীরব থাকায় শ্রমিক মহলে সন্দেহ বেড়েছে । দীর্ঘ ৩ বছর ধরে বেতন-চুক্তি বকেয়া আছে । গত এন.জে.সি.এস এর চুক্তি সত্বেও বিভিন্ন বকেয়া বিষয়ে এখনও ফয়সালা হয় নি । সব মিলিয়ে ইস্পাত কর্মিদের ভাঁড়ারে প্রাপ্তি শূন্য । অথচ আর্থিক চাপ বেড়েই চলেছে । কর্মরত অবস্হায় মৃতের পরিবারের একজনের চাকুরির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছে চার পরিবার । এই অবস্হায় বৃহত্তর লড়াই-এ যাওয়া ছাড়া অন্য কোন বিকল্প পথ নেই বলে আজকের কনভেনশনে অভিমত । এই লক্ষ্যে আগামী ২০শে ফেব্রুঃ সকালে , অ্যালয় স্টিলের মেইন গেটে ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চ জমায়েতের ডাক দিয়েছে । আজকের কনভেনশনে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী,প্রদ্যুৎ মুখার্জী ও স্বপন মজুমদার ।
এদিকে আজকের কনভেনশনের মধ্যে দুর্গাপুর ইস্পাত কারখানার সদ্য অবসরপ্রাপ্ত শ্রমিক জয়প্রকাশ ঠাকুর অবসরকালিন প্রাপ্ত অর্থ থেকে ইউনিয়ন তহবিলে ৫০০০ হাজার টাকা ইউনিয়ন এর আহ্বায়ক বিশ্বরূপ ব্যানার্জীর হাতে তুলে দিলে উপস্হিত সকলে তাকে উচ্ছসিত অভিনন্দন জানান ।


Sunday, 17 February 2019

গণশক্তির বোর্ড ভেঙ্গে গুঁড়িয়ে দিল দুষ্কৃতিরা : এলাকার বাসিন্দারা নতুন বোর্ড লাগিয়ে যোগ্য জবাব দিলেন ।




দুর্গাপুর,১৭ ফেব্রুঃ : গতকাল সন্ধ্যায় একদল দুষ্কৃতি সেইল কো: অপাঃ আবাসন অঞ্চলে কবিগুরু মোড়ে ( ২য় স্টপেজ ) ২২বছরের পুরানো গণশক্তির বোর্ড ভেঙ্গে গুঁড়িয়ে দেয় । স্হানীয় বাসিন্দারা জানিয়েছেন যে গতকাল সন্ধ্যায় ৭-৮ জন অচেনা দুষ্কৃতি মোটরবাইক করে এসে আচমকা বোর্ড টি ভাঙ্গচূর করে পালিয়ে যায় । এই ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় । শান্তিপূর্ন সেইল কো: অপাঃ আবাসন অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় এই গণশক্তির বোর্ড । আজ সকালেই পার্টি কর্মিরা  ও এলাকার অধিবাসিবৃন্দ নতুন উদ্যোমে আবার বোর্ডটি লাগিয়ে দেয় এবং আজকের গণশক্তি সাঁটিয়ে দেয় । ভারতের কমিউনস্ট পার্টি ( মার্কসবাদি )-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সন্তোষ দেবরায় এই ঘটনার তীব্র নিন্দা করে অবিলম্বে দোষীদের গ্রেফ্তার ও শাস্তির দাবি করেছেন । এদিকে ভারতের কমিউনস্ট পার্টি ( মার্কসবাদি )-র  পঃ বঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্র গতকাল রাতেই এক ট্যুইটবার্তায় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ।

ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলের বস্তিবাসিদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ।




দুর্গাপুর,১৭ই ফেব্রুঃ : পঃ বঙ্গ বস্তি উন্নয়ন কমিটির উদ্যোগে ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ) এর সহায়তায় আজ ইস্পাতনগরীর ভারতী ভলিবল ময়দানে অনুষ্ঠিত হল ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলের বস্তিবাসিদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল । মাঝে বেশ কিছু বছর ধরে এই প্রতিযোগিতা বন্ধ ছিল । আজ সকালে প্রতিযোগিতার শুরুতে পঃ বঙ্গ বস্তি উন্নয়ন কমিটির পতাকা উত্তোলন করেন সংগঠনের পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক মহাব্রত কুন্ডু । এরপরে কাশ্মীরের পুলওয়ামায় নিহত সিআরপিএফ জওয়ানদের স্মৃতির উদ্দ্যেশ্যে নিরবতা পালন করা হয় । উপস্হিত ছিলেন এলাকার বিধায়ক সন্তোষ দেবরায়,জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদ গোলাম মুস্তাফা খান,মেঘনাথ আঢ্য,রমেশ বাসনেট,ঘনশ্যাম সোনার,তুষারকান্তি ঘোষ,সুব্রত সিনহা,ক্রীড়া সংগঠক সুখময় বোস প্রমূখ । উদ্যোক্তাদের পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জী জানান যে ইস্পানগরীর ঐতিহ্যপূর্ণ ক্রীড়া ঐতিহ্য ফিরিয়ে এনে শান্তি-সৌহার্দ-সম্প্রীতির সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং নবীন প্রতিভাধর ক্রীড়াবিদদের খুঁজে বার করার জন্য এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে । এই উদ্দ্যেশ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানের কর্ণধারদের এই প্রতিযোগিতায় আমন্ত্রন জানানো হয়েছে । এই প্রতিযোগিতায় বস্তিবাসি শিশুদের সাথে ইস্পানগরীর শিশুরাও অংশ নিয়েছে । এছাড়াও ছড়িয়ে ছিটিয়ে থাকা বস্তিগুলির অধিবাসিরা এই প্রতিযোগিতায় অংশ নেওয়র ফলে তাদের পারস্পরিক সম্পর্ক মজবুত হবে । প্রতিযোগিতায় ৬০০ জন প্রতিযোগি অংশ নিয়েছেন । প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগিদের পুরস্কৃত করা হয় ।








Saturday, 16 February 2019

অ্যালয় স্টিল বাঁচাও- দুর্গাপুর ইস্পাত বাঁচাও – দুর্গাপুর বাঁচাও আন্দোলন চলবে ।




দুর্গাপুর,১৬ই ফেব্রু : অ্যালয় স্টিল বাঁচাও- দুর্গাপুর ইস্পাত বাঁচাও – দুর্গাপুর বাঁচাও আন্দোলন চলবেই – একথা স্পষ্টই জানিয়ে দিলেন নেতৃবৃন্দ। আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) পক্ষ থেকে আয়োজিত শ্রমিক কনভেনশনে নেতৃবৃন্দ জানিয়েছেন যে তিন বছর ধরে লাগতার আন্দোলনের সামনে দাঁড়িয়ে মোদি সরকার অ্যালয় স্টিলের কৌশলগত বিলগ্নিকরন থেকে সরে আসার কথা জানালেও অ্যালয় স্টিল ও দুর্গাপুর ইস্পাত বাঁচাতে মূলধন বিনিয়োগের বিষয় আশ্চর্যজনক ভাবে নীরব ! এর আগে বাজপেয়ী সরকারের আমলে এম-এ-এম-সি,বি.ও.জি.এল,এফ.সি.আই এবং ২০১৪ সালে নির্বাচনী বৈতরনী পার করার জন্য হিন্দুস্হান কেবলস এর ক্ষেত্রে একই ধরনের ছল-চাতুরীর আশ্রয় নেওয়া হলেও পরে প্রতিটি কারখানা বন্ধ করে দেওয়া । এমন কি অ্যালয় স্টিলের কৌশলগত বিলগ্নিকরন হবে না – এই খবর ছড়িয়ে আন্দোলনের গোড়ার দিকে শ্রমিকদের মধ্যে  বিভেদের চেষ্টা করা হলেও কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির যৌথমঞ্চ সেই চেষ্টা ব্যর্থ করে । তাই অ্যালয় স্টিল ও দুর্গাপুর ইস্পাত বাঁচাতে মূলধন বিনিয়োগ-আধুনিকিকরন ও সম্প্রসারন – উচ্ছেদ ঠিকা শ্রমিকদের পূনর্বহাল সহ দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রতিটি বন্ধ কারখানা চালুর বিষয়ে দাবি না মেটা পর্যন্ত , ঐক্যবদ্ধ আন্দোলন থেমে থাকবে না । বরং লড়াই এর সামনে শাসক কে নতজানু হতে হয়ে – এই শিক্ষা নিয়ে বিপুল উৎসাহের সাথে অ্যালয় স্টিল বাঁচাও- দুর্গাপুর ইস্পাত বাঁচাও - দুর্গাপুর বাঁচাও আন্দোলন কে এগিয়ে নিয়ে যেতে হবে । আজকের কনভেনশনে বক্তব্য রাখেন রামপঙ্কজ গাঙ্গুলি,সন্তোষ দেবরায় ও বিশ্বরূপ ব্যানার্জী ।