Wednesday, 8 May 2019

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে ইস্পাতনগরীতে রক্তদান শিবির অনুষ্ঠিত হল ।



দুর্গাপুর,৮ই মে : আজ ৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে ইস্পাতনগরীতে রক্তদান শিবির অনুষ্ঠিত হল । উদ্যোক্তা দুর্গাপুর সোসাইটি ফর প্রিভেনশন অফ থ্যালাসেমিয়া এ্যান্ড এডস । মোট ৩৫ জন রক্তদান করেছেন এবং প্রত্যেক রক্তদাতা মহিলা । তাদের মধ্যে ৩০ জন দুর্গাপুর স্কুল অফ নার্সিং এর শিক্ষার্থী নার্স । সোসাইটির পক্ষে গোপীরঞ্জন বসু জানিয়েছেন যে সোসাইটির পক্ষে বর্তমানে ২৮ জন থ্যালাসেমিয়া রোগি কে নিয়মিত রক্তদান করা হচ্ছে ।









সেইলের পেনশন বঞ্চনার বিরুদ্ধে লাগাতার শ্রমিক বিক্ষোভ চলছে ।




দুর্গাপুর,৮ই মার্চ : লাভ করতে না পারলে পেনশন ফান্ডে দেয় অর্থের পরিমান ৬% থেকে ২% কমিয়ে দেওয়ার বিষয়ে সেইলের সার্কুলার জারি হতেই দুর্গাপুর ইস্পাত সহ সেইলের সর্বত্র শ্রমিক বিক্ষোভ ছড়িয়েছে । সি.আই.টি.ইউ অভিযোগ করেছে মোদি সরকারের নির্দেশে চুক্তিভঙ্গ করে সেইল একতরফা এই নির্দেশ জারি করেছে । এই নির্দেশ বাতিল করার দাবি জানিয়ে আজ দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনে ইডি(পি এ্যান্ড এ) দফ্তরের বাইরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) এর ডাকে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ দেখান ও কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন । বক্তব্য রাখেন প্রদ্যুত মুখার্জী,প্রকাশতরু চক্রবর্তী,অরুন চৌধুরী ও বিশ্বরূপ ব্যানার্জী ।





Monday, 6 May 2019

ইস্পাতনগরীতে পালিত হল মহান দার্শনিক ও শ্রমজীবি মানুষের মহান বন্ধু কার্ল মার্কসের ২০২তম জন্মদিবস ।



দুর্গাপুর,৫ই মে : আজ ইস্পাতনগরীতে পালিত হল কার্ল মার্কসের ২০২তম জন্মদিবস। এই উপলক্ষ্যে আশিস-জব্বার ভবনে তার প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,কাজল চ্যাটার্জী,স্বপন ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।







Saturday, 4 May 2019

চুক্তি ভেঙ্গে পেনশন নিয়ে সেইলের একতরফা ঘোষনার বিরুদ্ধে সি.আই.টি.ইউ এর তীব্র আন্দোলনের হুঁশিয়ারি ।




দুর্গাপুর,৪ঠা মে : সেইল কর্তৃপক্ষ অভূতপুর্বভাবে এন.জে.সি.এস এর চুক্তি ভেঙ্গে পেনশন সংক্রান্ত নতুন সার্কুলার জারি করেছে । অভিযোগ উঠেছে ভারত সরকারের ডি.পি.ই ( ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজ ) এর নির্দেশিকার অজুহাতে সেইল কর্তৃপক্ষ কোন বছরে লাভ না করতে পারলে ,সেই বছরে শ্রমিক-কর্মচারিদের ডিএ ও বেসিকের সমষ্টির মাত্র দুই শতাংশ পেনশন ফান্ডে জমা করবে । অথচ এন.জে.সি.এস এর চুক্তিতে এই বিষয়ে বলা আছে সেইল ছয় শতাংশ হারে পেনশন ফান্ডে জমা করবে । ইতিমধ্যে সি.আই.টি.ইউ এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন সেইলের চেয়ারম্যান কে এই বিষয়ে লেখা চিঠিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অবিলম্বে এই সার্কুলার প্রত্যাহারের দাবি জানিয়েছেন । চিঠিতে তিনি প্রশ্ন তুলেছেন যে ভারত সরকারের ইস্পাত মন্ত্রকের দ্বারা অনুমোদিত সেইল ও সি.আই.টি.ইউ সহ ইউনিয়ন সমূহের মধ্যে এন.জে.সি.এস এর মধ্যে সাক্ষরিত চুক্তি কে অন্য মন্ত্রকের নির্দেশিকার অজুহাতে সেইল কোন যুক্তিতে অমান্য করতে পারে ?
  এ দিকে,আজ দুর্গাপুর ইস্পাত কারখানায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ) এর ডাকে পেনশন ফান্ডের চুক্তিভঙ্গের বিরুদ্ধে ইডি(ওয়ার্কস) এর দফ্তরের সামনে এক বিশাল বিক্ষোভ সমাবেশ হয় । নেতৃবৃন্দের পক্ষ থেকে পেনশন ফান্ডের চুক্তিভঙ্গের থেকে সেইল কর্তৃপক্ষ সরে না এলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সব ট্রেড ইউনিয়ন গুলি কে সেইল কর্তৃপক্ষের স্বৈরাচারি সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানানো হয় । বক্তব্য রেখেছেন প্রদ্যুত মুখার্জী,অরুন চৌধুরী,ললিত মিশ্র ও বিশ্বরূপ ব্যানার্জী । সমাবেশ চলাকালিন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে পেনশন সংক্রান্ত নতুন সার্কুলার প্রত্যাহারে দাবি জানিয়ে সেইলের চেয়ারম্যানের উদ্দ্যেশে লেখা চিঠি জমা দেন প্রতিনিধিদল । এই দাবিতে সমগ্র সেইলে প্রবল বিক্ষোভ দেখানোর কর্মসূচী নেওয়া হয়েছে বলে ইউনিয়নের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী জানিয়েছেন ।






Friday, 3 May 2019

ইস্পাতনগরীতে পালিত হল ৫৪তম শ্রমিক সংহতি দিবস ।




দুর্গাপুর,৩রা মে : আবারও ফিরে এল ৩রা মে । ইস্পাতনগরীর ২/১ তিলক রোডে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর অ্যালয় স্টিল প্ল্যান্ট শাখার দফ্তরে প্রতি বছরের মতো এবারও পালিত হল শ্রমিক সংহতি দিবস । সাইক্লোন ‘ফনি’-র জন্য দুর্যোগের আবহাওয়ার মধ্যেও দলে দলে ইস্পাত শ্রমিক-কর্মচারি-ঠিকা শ্রমিক আজকে সংহতি দিবসের কনভেনশনে যোগ দেন । ১৯৬৬ সালে আজকের দিনে অ্যালয় স্টিল প্ল্যান্টে কারখানার ডিউটি বাস কে কেন্দ্র করে কর্তৃপক্ষের স্বৈরতান্ত্রিক আচরনের প্রতিবাদে শ্রমিকরা প্রবল বিক্ষোভ ফেটে পড়েন । পরিনামে শ্রমিকদের উপর কর্তৃপক্ষ ও তৎকালিন শাসক কংগ্রেস দলের নৃশংস শারীরিক অত্যাচার,ধরপাকড়,মিথ্যা মামলা,সাসপেনশন,চার্জশীটের খাঁড়া নেমে আসে । কিন্তু শ্রমিকরা বিন্দুমাত্র না দমে গড়ে তোলেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর অ্যালয় স্টিল প্ল্যান্ট শাখা । অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকদের সংগ্রামের নয়া রাস্তায় পথ চলা শুরু হয় ।
বিগত ২০১৬ থেকে মোদি সরকারের স্ট্র্যাটেজিক বিলগ্নিকরনের লক্ষ্য অ্যালয় স্টিল প্ল্যান্ট । কিন্তু এই চক্রান্তের বিরুদ্ধে  ঐতিহাসিক লড়াই দুর্গাপুরের সীমা ছাড়িয়ে সারা জেলায় গোটা রাজ্যে নজির গড়েছে । গড়ে উঠেছে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চ । ৫৩ বছর পার করেও শ্রমিক আন্দোলন ও শ্রমিক ঐক্য সুদৃঢ় করতে আজও পথ দেখাচ্ছে ৩রা মে’র শ্রমিক সংহতি দিবস ।
আজ সন্ধ্যায় আয়োজিত কনভেনশনে বক্তব্য রাখেন বিজয় সাহা,সন্তোষ দেবরায়,রথিন রায় ও জীবন রায়।গণসংগীত পরিবেশন করেন লহরী গোষ্ঠির শিল্পীরা ।








Wednesday, 1 May 2019

ইস্পাতনগরীতে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল ঐতিহাসিক মে দিবস ।




দুর্গাপুর,১লা মে : আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চিরাচরিত ভাবে ইস্পাতনগরীতে পালিত হল ঐতিহাসিক মে দিবস । সকালে বিভিন্ন সেক্টর অফিস ও ইউনিয়ন দফ্তর গুলিতে রক্তপতাকা উত্তোলন করা হয় । বি.টি.রণদিভে ভবনে  রক্তপতাকা উত্তোলন করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর সভাপতি রথিন রায় ও স্টিল ওয়ার্কর্স ফেডারেশন অফ ইন্ডিয়া ( সি.আই.টি.ইউ) এর সাধারন সম্পাদক পি.কে.দাস। এরপরে এক বিশাল বাইক মিছিল বি.টি.রণদিভে ভবন থেকে শুরু হয়ে যায় আশিস মার্কেটে ।  প্রতিবারের মতো  মূল অনুষ্ঠানটি হয় আশিস মার্কেটে । এখানে  রক্তপতাকা উত্তোলন করেন শ্রমিক নেতা রথিন রায় । শহীদবেদীতে মাল্যদান করেন রথিন রায়,বিধায়ক সন্তোষ দেবরায়,পি.কে.দাস,সুবীর সেনগুপ্ত,নির্মল ভট্টাচার্য,বিশ্বরূপ ব্যানার্জী,আর.পি.গাঙ্গুলী,মলয় ভট্টাচার্য সহ অন্যান্য  নেতৃবৃন্দ । গণসংগীত যৌথভাবে পরিবেশন করেন লহরী ও গণনাট্য সংঘের ইস্পাত ( দুর্গাপুর) শাখার সদস্যরা । এরপরে জব্বার বাগে শহীদবেদীতে মাল্যদান করা হয় । । আশিস-জব্বার ভবনেও রক্তপতাকা উত্তোলন করা হয় । সন্ধ্যায় বি.টি.রণদিভে ভবনে  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর ডাকে শ্রমিক কনভেনশনে বক্তব্য রাখেন রথিন রায়, সন্তোষ দেবরায় ও জীবন রায় । সংগীতালেখ্য পরিবেশন করেন ইউনিয়নের সাংস্কৃতিক শাখা ।