Tuesday, 7 January 2020

ধর্মঘটের পূর্বক্ষনে ইস্পাতনগরী-দুর্গাপুর ইস্পাত-অ্যালয় স্টিল প্ল্যান্টে প্রচার তুঙ্গে : জেএনইউ এর উপর হামলার প্রতিবাদে ইস্পাতনগরীর রাস্তায় নামল শিল্পী-সাহিত্যিক ।




দুর্গাপুর,৭ই জানুঃ : আগামী কালের সারা ভারত ধর্মঘট কে সর্বাত্মক করার প্রস্তুতি নিচ্ছেন দুর্গাপুরের ইস্পাত শ্রমিকরা । দেশজোড়া ধর্মঘটের মধ্যে দিয়ে দেশের শ্রমিকশ্রেনী ঐক্যবদ্ধ ভাবে মোদি সরকারের শ্রমিক-মারণ নীতির বিরুদ্ধে প্রতিরোধের পথে হাঁটতে চলেছে । এই ধর্মঘট কে কেন্দ্র করে ইতিমধ্যেই দুর্গাপুর ইস্পাত কারখানা,অ্যালয় স্টিল প্ল্যান্ট ও ইস্পাতনগরীতে চলেছে লাগাতার প্রচার । রাষ্ট্রায়ত্ব উদ্যোগ বাঁচাও,নাগরিকত্ব বাঁচাও,দেশ বাঁচাও আহ্বান জানিয়ে আজ ধর্মঘটের পূর্বক্ষনে ইস্পাতনগরী-দুর্গাপুর ইস্পাত-অ্যালয় স্টিল প্ল্যান্টে চলল জোরদার প্রচার ।আজ জেনারেল শিফটের শেষে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে এক বিশাল শ্রমিক জমায়েতের মাধ্যমে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ( সি.আই.টি.ইউ) ও ইউ.সি.ডব্লু.ইউ ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে ধর্মঘট সর্বাত্মক করার আহ্বান জানানো হয় । অ্যালয় স্টিল প্ল্যান্টেও অনুরূপ শ্রমিক করে ধর্মঘট সর্বাত্মক করার আহ্বান জানানো হয় । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ( সি.আই.টি.ইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে দেশ বাঁচনোর সাথে সাথে আগামী কালের ধর্মঘট মুমূর্ষু ইস্পাতনগরী-দুর্গাপুর ইস্পাত-অ্যালয় স্টিল- দুর্গাপুর শিল্পাঞ্চলের ভবিষ্যৎ সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ  দিগনির্দেশ করবে ।
   এ দিকে আজ সন্ধ্যায় ভারতীয় গণনাট্য সংঘ ও পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের আহ্বানে ইস্পাতনগরীর শিল্পী-সাহিত্যিকরা জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত পড়ুয়া,ছাত্র সংসদের সভানেত্রী ঐশি ঘোষ সহ শিক্ষকদের উপরে এবিভিপি নামধারি সংঘী গুণ্ডাদের নৃশংস হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নামেন । ডেভিড হেয়ার মোড়ে শিল্পী-সাহিত্যিকরা আবৃতি-সঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ জানান । বক্তব্য রাখেন দিপক দেব,সীমান্ত তরফদার,আশিসতরু চক্রবর্তি,সলিল দাসগুপ্ত প্রমুখ । পারিবারিক কাজে দুর্গাপুরে এসে প্রতিবাদ সভার কথা জানতে পেয়ে সভায় যোগ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী রুচিরা পুরকায়স্হ । সভায় বক্তব্য রেখে প্রত্যয়ী রুচিরা বলেন যে মোদির পুলিশ অথবা মমতার পুলিশ কারোর ক্ষমতা নেই নায্য দাবীতে আন্দোলনরত দেশজোড়া ছাত্র আন্দোলন কে দমানো । এর পরে শিল্পী-সাহিত্যিকরা মিছিল করে চন্ডিদাস বাজার মোড় পর্যন্ত যান ।























Monday, 6 January 2020

জেএনইউ এর উপর সংঘের হামলা – ৮ই জানুঃ সারা ভারত ধর্মঘট-নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে মিছিল-মিটিং এ উত্তাল ইস্পাতনগরী ।




দুর্গাপুর,৬ই জানুঃ : আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিছিল-মিটিং এ উত্তাল হয়ে ওঠে ইস্পাতনগরী সহ দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্ট ।     গতকাল সন্ধ্যায় বিশ্ব বিখ্যাত দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত পড়ুয়া,ছাত্র সংসদের সভানেত্রী ঐশি ঘোষ সহ শিক্ষকদের উপরে এবিভিপি নামধারি সংঘী গুণ্ডাদের নৃশংস হামলার বিরুদ্ধে এবং ৮ই জানুঃ সারা ভারত ধর্মঘট-নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে কাকভোর সকালে ইস্পাতনগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিলি ও গেট-মিটিং হয় । এর পরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার অভ্যন্তরে অর্জুন মূর্তির সামনে শ্রমিক জমায়েত হয় এবং পরে এক বাইক মিছিল সারা প্ল্যান্ট পরিক্রমা করে । অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটের শ্রমিক জমায়েত হয় । দুপুরে ইস্পাতনগরীর সি-জোনে আচার্য জগদীশচন্দ্র বসু হলে ( চিলড্রেন্স অ্যাকাডেমি ) ট্রেড ইউনিয়নের যৌথমঞ্চ ( বিএমএস ও তৃণমূল বাদে ) ‘ অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও - দুর্গাপুর ইস্পাত বাঁচাও – দুর্গাপুর বাঁচাও ‘ এর পক্ষে আয়োজিত শ্রমিক কনভেনশনে ৮ই জানুঃ ধর্মঘট কে সর্বাত্মক করার পাশাপাশি নাগরিকত্ব সংশোধন আইন-এনআরসি-এনপিআর এর বিরুদ্ধেও তীব্র লড়াই চালানোর আহ্বান জানানো হয় । বক্তব্য রাখেন বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি,বিকাশ ঘটক,জীবন রায়,রবীন্দ্র ঠাকুর,অনিত মল্লিক,সুব্রত ভট্টাচার্য,বিশ্বরূপ ব্যানার্জী ও দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় । কনভেনশনে গতকাল জেএনইউ তে আন্দোলনরত পড়ুয়া,ছাত্র সংসদের সভানেত্রী ঐশি ঘোষ সহ শিক্ষকদের উপরে এবিভিপির গুণ্ডাদের নৃশংস হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ও জেএনইউ তে আন্দোলনরত পড়ুয়া-শিক্ষকদের প্রতি সহমর্মিতা জানিয়ে  প্রস্তাব গ্রহন করে জেএনইউ ছাত্র-সংসদ কে পাঠিয়ে দেওয়া হয় । পরে কনভেনশনে আগত প্রতিনিধিদের এক বিশাল মিছিল সি-জোনের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে । সন্ধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১, ২ ও ৩  এরিয়া কমিটির পক্ষ থেকে বি-জোন ও এ-জোনে মিছিল বার করা হয় এবং কণিষ্ক মোড়ে সভা করা হয় । 
















Sunday, 5 January 2020

৮ই জানুঃ দেশজোড়া ধর্মঘটের সমর্থনে ইস্পাতনগরীতে পদযাত্রা ।




দুর্গাপুর,৫ই জানুঃ : আজ সকালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর  ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির উদ্যোগে ইস্পাতনগরী সংলগ্ন রঘুনাথপুর থেকে পদযাত্রা শুরু হয়ে ২১ কিমি পথ অতিক্রম করে ইস্পাতনগরী  সংলগ্ন রঘুনাথপুর,ধোবিঘাট,ইস্পাতনগরীর এ,বি ও সি-জোন,সেপকো কলোনী অতিক্রম করে সন্ধ্যায় সেইল আবাসন অঞ্চলের কবিগুরু ( দ্বিতীয় স্টপেজে ) শেষ হয়।
   সকালে পদযাত্রার উদ্বোধন করে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী ও দুর্গাপুর (পূর্ব)-এর সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায়পদযাত্রীদের পক্ষে নির্মল ভট্টাচার্য ও প্রকাশতরু চক্রবর্তীর হাতে রক্তপতাকা তুলে দেন । পদযাত্রা শুরুর আগে পার্টির পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন যে মোদির নেতৃত্বাধীন কেন্দ্রের আরএসএস পরিচালিত বিজেপি সরকার দেশ কে ‘পুরাতন প্রস্তর যুগ’-এর দিকে নিয়ে যাচ্ছে । একদিকে চলছে ভয়াবহ বেকারিত্ব-মূল্যবৃদ্ধি-লাগমহীন দূর্ণীতি-দেশের সম্পদ লুঠের মোচ্ছব-বেসরকারিকরন অন্য দিকে চলছে নাগরিকত্ব আইন সংশোধন – এনআরসি –এনপিআর প্রভৃতির মাধ্যমে দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টির মাধ্যমে অরাজকতা তৈরি করে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা । রাজ্যে আরএস-বিজেপির দোসর হিসেবে কাজ করছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল সরকার । এই নীতি পাল্টানোর জন্য ৮ই জানুঃ ধর্মঘট এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষন হতে চলেছে তিনি মনে করেন ।
     সমগ্র দুর্গাপুর শিল্পাঞ্চল কেন্দ্রের আরএসএস পরিচালিত বিজেপি সরকার ও  রাজ্যের মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল সরকারের রাষ্ট্রায়ত্ব সংস্হা বিরোধী নীতির পরীক্ষাগারে পরিনত হয়েছে। কেন্দ্রীয় সরকার চাইছে অ্যালয় স্টিল প্ল্যান্ট কে বেসরকারি সংস্হার কাছে বিক্রি করতে । সংকটে পড়েছে দুর্গাপুর ইস্পাত কারখানা ও দুর্গাপুর থার্মাল পাওয়ার । অন্যদিকে বন্ধ ও বিক্রি হয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে আছে দুর্গাপুর কেমিক্যালস । সংকটে পড়েছে দুর্গাপুর প্রোজেক্টস লিমিটেড । ২৫টির বেশী বেসরকারি কারখানা বন্ধ হয়ে গেছে । লক্ষাধিক শ্রমিক কাজ হারিয়েছেন । নতুন শিল্প আসছে না । রাজ্যে তৃণমূল সরকার আসার পরে দুর্গাপুর ইস্পাত কারখানা ও  মনেট কারখানা সহ অন্যান্য জায়গা থেকে রাজনৈতিক কারনে কাজের থেকে উচ্ছেদ হয়েছেন হাজার হাজার শ্রমিক । ইস্পাত শ্রমিকদের নতুন বেতন-চুক্তি তিন বছর ধরে বকেয়া হয়ে পড়ে আছে ।
সংকটাপন্ন ইস্পাতনগরী । তাই মূল ১২ দফা দাবি ও রাজ্য স্তরের দুই-দফা দাবি সহ দুর্গাপুর শিল্পাঞ্চল বাঁচানোর জন্য ৮ই জানুঃ ধর্মঘট কে সফল করার আহ্বান জানিয়ে মূল পদযাত্রী সহ শয়ে শয়ে সহ-পদযাত্রী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদযাত্রায় হাঁটলেন । রাস্তার পাশে অগুন্তি জনতা সাগ্রহ ভরে শুনলেন ধর্মঘটের আহ্বান । পদযাত্রায় নেতৃত্ব দিলেন আভাস রায়চৌধুরী, গৌরাঙ্গ চ্যাটার্জী,সন্তোষ দেবরায়,বিপ্রেন্দু চক্রবর্তি,পঙ্কজ রায় সরকার,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ।















Saturday, 4 January 2020

মিছিলে মিছিলে সরগরম দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্ট : ৮ই জানুঃ ধর্মঘট কে সর্বাত্মক করে তোলার ডাক ।




দুর্গাপুর,৪ঠা জানুঃ : “ ব্যর্থ নোঙর / নদী হব পার / খুঁটি শিথিল / আমরা এসেছি মিছিলে / গর্জে ওঠে মিছিল “ – প্রত্যয়ী মিছিলে মিছিলে আজ সারা দিন সরগরম হয়ে উঠল দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্ট । ৮ই জানুঃ ধর্মঘট কে সর্বাত্মক করে তোলার ডাক দিয়ে সি.আই.টি.ইউ এর ডাকে সকালে দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা মিছিল করেন । দুপুরে  দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা বাইক মিছিল করে কারখানা পরিক্রমা করেন । ৮ই জানুঃ ধর্মঘটের সমর্থনে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী ) দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির ডাকে সন্ধ্যায় ইস্পাতনগরীর ট্রাঙ্ক রোডে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আশিস মিশ্র,সীমন্ত চ্যাটার্জী ও বিশ্বরূপ ব্যানার্জি । 











Friday, 3 January 2020

বৃষ্টিও দমাতে পারল না ইস্পাতনগরীতে ৮ই জানুঃ ধর্মঘটের সমর্থনে লাগাতার প্রচার ।




দুর্গাপুর,৩রা জানুঃ : কাল রাত্রি বেলায় লাগাতার বৃষ্টি আজ সকালে থামলেও মাঝে মধ্যে বৃষ্টি চলছে । কিন্তু তার মধ্যেই আজ সারা দিন ও সন্ধ্যায় ধর্মঘটের সমর্থনে প্রচার চলল ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চল সহ দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে ।সকালে ও দুপুরে কারখানার বিভাগে বিভাগে ধর্মঘটের সমর্থনে সি.আই.টি.ইউ এর পক্ষ থেকে প্রচার চলে । সন্ধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির ডাকে ধর্মঘটের সমর্থনে শিবাজী রোড থেকে মিছিল বেরিয়ে অশোক এভিন্যু পর্যন্ত যায় । সন্ধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ ও ২ এরিয়া কমিটির পক্ষ থেকে ভগত সিং মোড়ে ধর্মঘটের সমর্থনে সভায় বক্তব্য রাখেন আল্পনা চৌধুরী,মলয় ভট্টাচার্য ও প্রকাশতরু চক্রবর্তি।
                        অন্যদিকে ধর্মঘটের সমর্থনে প্রচারের মাঝেই দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের পক্ষ ইস্পাতনগরীর কোয়ার্টার্সে একতরফা বিদ্যুৎ মাসুল বৃদ্ধি ( এরিয়ার সহ ) করার বিরুদ্ধে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) এর ডাকে আজ দুপুরে দুর্গাপুর ইস্পাত কারখানার ই.ডি.(পি এ্যান্ড এ ) দফ্তরে শ্রমিকরা প্রবল বিক্ষোভ দেখান । জমায়েতে বক্তব্য রাখেন স্বপন মজুমদার,প্রদ্যুত মুখার্জি,পার্থ মুখার্জী ও বিশ্বরূপ ব্যানার্জি ।







Thursday, 2 January 2020

রাষ্ট্রায়ত্ব উদ্যোগ বাঁচাও,নাগরিকত্ব বাঁচাও,দেশ বাঁচাও আহ্বান জানিয়ে ইস্পাতনগরীতে ৮ই জানুঃ ধর্মঘটের সমর্থনে দিবারাত্রি প্রচার ।




দুর্গাপুর,২রা জানুঃ : আক্ষরিক অর্থেই ৮ই জানুঃ ধর্মঘটের সমর্থনে দিবারাত্রি প্রচার চলছে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চল সহ দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে । চলছে বাড়ী ও দোকানে প্রচার ও লিফলেট বিলি,গ্রুপ সভা ও পথসভা । কারখানায় চলছে গেট সভা, বিভাগগুলিতে চার শিফট ধরে গ্রুপ সভা ও লিফলেট বিলি । আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার তামলা গেটে সি.আই.টি.ইউ-ভুক্ত হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ও ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কাস ইউনিয়ন এর আহ্বানে ধর্মঘটের সমর্থনে শ্রমিকরা শ্লোগান তোলেন । অন্যদিকে অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে সি.আই.টি.ইউ-ভুক্ত হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ও এ.এস.পি.সি.ই.ইউ এর আহ্বানে ধর্মঘটের সমর্থনে শ্রমিকরা প্রতিদিন জমায়েত করে শ্লোগান দিচ্ছেন । আজ সন্ধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে তুলসীদাস রোডে ও দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে ভারতী রোডে ধর্মঘটের সমর্থনে দুটি পৃথক সভা অনুষ্ঠিত হয় । বক্তব্য রাখেন যথাক্রমে কাজল চ্যাটার্জি ও জীবন আইচ এবং ললিত মিশ্র,নিমাই ঘোষ ও আশিসতরু চক্রবর্তি ।
       অন্যদিকে,পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ও গণনাট্য সংঘের যৌথ উদ্যোগে আজ বিকালে তিলক রোডে সফদর হাসমির শহিদ দিবস পালিত হয় ।










Wednesday, 1 January 2020

বছরের প্রথম দিন থেকেই ধর্মঘটের প্রস্তুতিতে ইস্পাত শ্রমিকরা ।




দুর্গাপুর,১লা জানুঃ : আগামী ৮ই জানুঃ দেশজোড়া ধর্মঘটের মধ্যে দিয়ে দেশের শ্রমিকশ্রেনী ঐক্যবদ্ধ ভাবে মোদি সরকারের শ্রমিক-মারণ নীতির বিরুদ্ধে প্রতিরোধের পথে হাঁটতে চলেছে । এই ধর্মঘট কে কেন্দ্র করে ইতিমধ্যেই দুর্গাপুর ইস্পাত কারখানা,অ্যালয় স্টিল প্ল্যান্ট ও ইস্পাতনগরীতে চলছে লাগাতার প্রচার চলছে । আজ বছরের প্রথম দিনও তার ব্যতিক্রম হয় নি । আজ সকালে উভয় কারখানার মেইন গেটে ধর্মঘটের আহ্বান জানিয়ে শ্রমিক জমায়েতে থেকে শ্লোগান দিয়ে ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয় । দুর্গাপুর ইস্পাত কারখানার জমায়েতে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও প্রদ্যুত মুখার্জি ।