Wednesday, 10 February 2021

কোলকাতায় মহিলাদের শান্তিপূর্ণ আইন-অমান্য আন্দোলনে পুলিশের নৃশংস লাঠি-চার্জের প্রতিবাদে ইস্পাতনগরীতে মিছিল ।

 


দুর্গাপুর,১০ই ফেব্রুঃ : গতকাল কোলকাতায় সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতি সহ ৪টি বামপন্হী মহিলা সংগঠন ও মহিলা কংগ্রেসের যৌথ আহ্বানে মহিলাদের  ধর্ণা ও আইন-অমান্য আন্দোলনে পুলিশের বর্বর আক্রমনের প্রতিবাদে আজ ইস্পাতনগরী গর্জে উঠল । এর প্রতিবাদে আজ বিকালে ইস্পাতনগরীর দু-প্রান্তে দুটি মিছিল বের হয়। সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির  বি-জোন আঞ্চলিক কমিটির ডাকে বিদ্যাসাগর এভিন্যু থেকে একটি মিছিল বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে বি-জোন হেলথ সেন্টারের সামনে শেষ হয় । অন্যান গনতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ ও কর্মীরাও এই মিছিলে অংশগ্রহন করেন । মিছিলে হাঁটেন সুচিত্রা দাস,শেলী মন্ডল,স্বপন ব্যানর্জি,সুবীর সেনগুপ্ত,দুর্গাপুর(পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায় প্রমুখ । অন্যদিকে সিপিআই-এম দুর্গাপুর ইস্পাত ১ ও ২ এরিয়া কমিটির যৌথ আহ্বানে এ-জোনের আশিস মার্কেট থেকে অপর মিছিলটি বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে হর্ষবর্ধন রোডে শেষ হয় । মিছিলে হাঁটেন মিতা ভট্টাচার্য,রাজলক্ষী সিনহা দে,মাধুরী দাস,নির্মল ভট্টাচার্য প্রমুখ ।











Tuesday, 9 February 2021

ভাইজাগ ইস্পাত কারখানা বিক্রির কেন্দ্রিয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা ।

 


দুর্গাপুর,৯ই ফেব্রুঃ : আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ) এর ডাকে দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা কারখনার অর্জুন মূর্তির সামনে রাষ্ট্রায়ত্ব ভাইজাগ ইস্পাত কারখানা(আরআইএনএল) বিক্রির কেন্দ্রিয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সহ জন-বিরোধী,শ্রমিক-কৃষক বিরোধী,রাষ্ট্রায়ত্ব-সরকারী সংস্হা বিরোধী কেন্দ্রিয় বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ দেখান । সমাবেশে বক্তব্য রেখে ইউনিয়ন এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি বলেন যে অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীকরন ও দুর্গাপুর ইস্পাত বাঁচানোর লড়াই এর সাথে ভাইজাগ ইস্পাত কারখানা(আরআইএনএল) বিক্রির কেন্দ্রিয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই গড়ে তুলতে হবে । এই লড়াই কোন পৃথক লড়াই নয় । কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার পরের থেকেই রাষ্ট্রায়ত্ব সংস্হার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে । ১২ জন শহীদের প্রানের বিনিময়ে অবিভক্ত অন্ধ্রে প্রদেশের মানুষ কেন্দ্রিয় সরকারের কাছে  ভাইজাগ ইস্পাত কারখানা(আরআইএনএল) আদায় করেছিলেন । ১৯৭১ সালে ভিত্তি প্রস্তর স্হাপিত হলেও উৎপাদন শুরু হয় ১৯৯১ সালে। ফলে ভাইজাগ ইস্পাত কারখানা(আরআইএনএল) এর কাঁধে বিপুল ঋনের বোঝা চেঁপেছে । অন্য দিকে বেসরকারি হাতে খনি তুলে দিলেও, ভাইজাগ ইস্পাত কারখানা(আরআইএনএল) খনি দেওয়া হচ্ছে না । ফলে প্রতি টনে ৪০০০-৫০০০ টাকা বেশী দিয়ে ভাইজাগ ইস্পাত কারখানা(আরআইএনএল) কে কাঁচামাল কিনতে হচ্ছে । ফলে ভাইজাগ ইস্পাত কারখানা(আরআইএনএল) কে ক্ষতির মুখে পড়তে হচ্ছে । কেন্দ্রিয় সরকার ক্ষতি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্হা না নিয়ে বেসরকারী হাতে ২২,০০০ একর ওপরে তৈরি ১৮,০০০ স্হায়ী ও ২২,০০০ কর্মরত ঠিকা শ্রমিক সহ এই আধুনিক কারখানা তুলে দিতে চাইছে । অন্ধ্র সরকার সরাসরি এই সিদ্ধান্তের বিরোধীতা করেছে এবং বিধান সভায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব গ্রহন করেছে।  এর বিরোধীতা করে আন্দোলনে নেমেছেন ভাইজাগ ইস্পাত কারখানা(আরআইএনএল) এর শ্রমিক সহ ভাইজাগের দল-মত-নির্বিশেষ মানুষ । দুর্গাপুর ইস্পাতের শ্রমিক সহ দুর্গাপুরের মানুষ এই লড়াই এর পাশে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান জানান ।





Sunday, 7 February 2021

করোনা-যোদ্ধা সুজাতা মন্ডলের স্মরণ সভা : ১১ই ফেব্রুঃ নবান্ন-অভিযানের সমর্থনে বাইক মিছিল ।

 


দুর্গাপুর,৭ই ফেব্রু: ঃ আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে কর্মরত নার্স প্রয়াত সুজাতা মন্ডলের স্মরণ সভা অনুষ্ঠিত হয় । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে প্রয়াত করোনা-যোদ্ধা সুজাতা মন্ডল কে শহীদের মর্যাদা দিয়ে আজকের স্মরণ সভার আয়োজন করা হয় । করোনা কালে দায়িত্বে অবিচল থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে সহকর্মী ডাক্তার-নার্স-অন্যান্য স্বাস্হ কর্মীদের সাথে কর্মরত নার্স প্রয়াত সুজাতা মন্ডল অক্লান্ত পরিশ্রম করেন।করোনায় আক্রান্ত হয়ে গত ৩০ ডিসেঃ তিনি প্রয়াত হয়েছেন । আজকের স্মরণসভায় বক্তারা করোনা মহামারীর সময়ে প্রয়াত সুজাতা মন্ডল সহ দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের ডাক্তার-নার্স-অন্যান্য স্বাস্হ কর্মীদের চিকিৎসা পরিষেবার কাজ চালিয়ে যাওয়া এবং দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার শ্রমিক-আধিকারিকদের কারখানার উৎপাদন বজায় রাখার বীরত্বপূর্ন সংগ্রামের কথা তুলে ধরেন এবং সুজাতা মন্ডল সহ করোনায় মৃত অন্যান্য শ্রমিকদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান । স্মরণসভায় বক্তব্য রাখেন প্রয়াত সুজাতা মন্ডল এর স্বামী শ্যামল মন্ডল,পুত্র ডাক্তার অরিজিত মন্ডল, দুর্গাপুর(পূর্ব) এর বিধায়ক সন্তোষ দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জি,দেবপ্রসাদ মুখার্জি ও অনিমেষ গোস্বামী। শোক প্রস্তাব পাঠ করেন সন্ধ্যা মন্ডল। সঞ্চালনা করেন স্বপন মজুমদার।

আজ সকালে,ডিওয়াইএফআই এর দুর্গাপুর ইস্পাত বি-জোন আঞ্চলিক কমিটির উদ্যোগে আগামী ১১ই ফেব্রুঃ ছাত্র-যুবদের নবান্ন-অভিযানের সমর্থনে ইস্পাতনগরীতে বাইক মিছিল হয় । ভারতী মোড় থেকে বাইক মিছিল শুরু হয়ে বি-জোনের বিভিন্ন রাস্তা ঘুরে বি-জোন হেলথ সেন্টারের সামনে শেষ হয়।











‘রক্ষা কর দামোদর নদ’- আহ্বান জানিয়ে ইস্পাতনগরীতে পদযাত্রা ।

 


দুর্গাপুর,৭ই ফেব্রু: ঃ বহু মিছিল-পদযাত্রার সাক্ষ্যী ইস্পাতনগরী আজ সকালে এক অভিনব পদযাত্রা দেখল । দুর্গাপুর সহ ৬০০ কিমি যাত্রাপথের গ্রাম-শহর-জনপদের জীবন রেখা দামোদর নদ আজ বিপন্ন । ভারতের সবচেয়ে দূষিত নদীতে পরিনত হয়েছে দামোদর । ঝাড়খন্ড রাজ্যের পালমৌ এর গহীনে উৎস থেকে প্রবাহিত হয়ে ছোটনাগপুর মালভূমি পার করে পঃ বঙ্গে পশ্চিম বর্ধমান জেলার ওপর দিয়ে গিয়ে হুগলী নদীতে মিশেছে দামোদর।এই যাত্রা পথে ৫০টি ভারী ও ৫০০ বেশি ক্ষুদ্র-মাঝারী শিল্প,কৃষি ক্ষেত্র এবং গ্রাম-শহর-জনপদের ২৫০০০ বর্গ কিলোমিটার অঞ্চল কে জল জুগিয়ে চলেছে দামোদর । একদা ‘বাংলার দুঃখ’ বলে খ্যাত উত্তাল দামোদর কে বাগে আনতে,সেচ খালের মাধ্যমে কৃষি ও শিল্প ক্ষেত্র কে জল সরবরাহ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য  সদ্য স্বাধীন দেশে ১৯৪৮ সালে গড়ে ওঠে দামোদর ভ্যালি কর্পোরেশন ( ডিভিসি )।১৯৫৫ সালে গড়ে ওঠে দুর্গাপুর ব্যারেজ । কিন্তু নিম্ন দামোদর নদী প্রকল্প রূপায়িত না হওয়ায় এবং দুর্গাপুর,মাইথন ও তেনুঘাটের বাঁধ নির্মান হলেও নিয়মিত নদী বক্ষে পলি তোলার জন্য ড্রেজিং না হওয়ার জন্য দামোদরের নাব্যতা কমে যাওয়ায় ভয়াবহ জল-সংকট ও জীবন-জীবিকার সংকটের দিকে এগোচ্ছেন দামোদর অববাহিকার মানুষ । এই সংকট যে কতটা ভয়াবহ হতে পারে, দুর্গাপুরের বাসিন্দারা টের পেয়েছেন রাজ্য সরকারের সেচ দপ্তরের ঔদাসিন্যতার ফলে ২০১৭ ও ২০২০ সালে দুর্গাপুর ব্যারেজের লকগেট ভেঙ্গে যাওয়ার সময় । তাই নদী বাঁচাতে দুর্গাপুরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মিলে গড়ে তুলেছেন ‘রক্ষা কর দামোদর সম্মিলিত মঞ্চ’। আজ এই মঞ্চের ডাকে সকালে  ইস্পাতনগরীর স্টিল মার্কেট থেকে আশিস মার্কেট পর্যন্ত পদযাত্রা হয়।পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, গণতান্ত্রিক লেখক শিল্পি সঙ্ঘ, শ্রুত্যনুপ্রাস, আলাপন, প্রতিবন্ধী সম্মিলনী সংগঠনের সদস্যরা পদযাত্রায় ছিলেন। ছিলেন কিশোর বাহিনী ও সব পেয়েছি আসরের সংগঠক ও প্রায় দেড় শতাধিক শিশু কিশোর। প্ল্যাকার্ড সহযোগে এই বিশাল পদযাত্রা স্থানীয় মানুষের কাছে একটা সুন্দর বার্তা তুলে ধরে। দুর্গাপুর ছাড়াও বাঁকুড়া বিষ্ণুপুর জামুরিয়া ইত্যাদি অঞ্চল থেকেও মানুষ যোগ দেন।এছাড়াও পদযাত্রায় দুর্গাপুর(পূর্ব) এর বিধায়ক সন্তোষ দেবরায়, জি মিরাক্কেল খ্যাত শ্রী উৎপল ঘোষ,নির্মল ভট্টাচার্য,রমাপ্রিয় পালিত,সুমন দত্ত,কালিশংকর ব্যানার্জি প্রমুখ অংশগ্রহন করেন। অঞ্জনা নদী বাঁচাও কমিটি ও জলঙ্গী চূর্ণী নদী বাঁচাও কমিটি থেকেও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। মঞ্চের পক্ষ থেকে গঙ্গা অ্যাকসন প্ল্যানের মত দামোদর বাঁচাতে দামোদর অ্যাকসন প্ল্যানের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করা হয় ।



















Thursday, 4 February 2021

জনবিরোধী কেন্দ্রিয় বাজেটের বিরুদ্ধে ইস্পাতনগরীতে মিছিল : অবিলম্বে বেতন-চুক্তির দাবিতে ও বিলগ্নিকরন-বেসরকারিকরন এর বিরুদ্ধে শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,৪ঠা ফেব্রুঃ :সিপিআই-এম এর দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির ডাকে  আজ সন্ধ্যায় বিদ্যাসাগর এভিন্যু থেকে জনবিরোধী কেন্দ্রিয় বাজেটের বিরুদ্ধে এক মিছিল বেরিয়ে বি-জোনের বিভিন্ন রাস্তা ঘুরে বিটি রণদিভে ভবনের সামনে শেষ হয় । মিছিলে উপস্হিত ছিলেন দিপক ঘোষ,বিশ্বরূপ ব্যানার্জি,সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

   আজ দুপুরে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার সিইও দপ্তরে শ্রমিকরা প্রবল বিক্ষোভ দেখান । অবিলম্বে বেতন-চুক্তির দাবিতে,বিলগ্নিকরন-বেসরকারিকরন এর বিরুদ্ধে সহ একাধিক দাবিতে শ্রমিকরা বিক্ষোভ দেখান। কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সেইল ও আরআইএনএল এর বেতন-চুক্তি ২০১৭ সাল থেকে বকেয়া পড়ে আছে । এর ফলে হাজার হাজার স্হায়ী ও ঠিকা ইস্পাত শ্রমিক আর্থিক ভাবে নিদারুন ক্ষতিগ্রস্হ হচ্ছেন । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,প্রদ্যুৎ মুখার্জি,পূজন চক্রবর্তি,সীমান্ত চ্যাটার্জি ও নিমাই ঘোষ ।