Sunday, 13 June 2021

দুর্গাপুর ইস্পাতনগরীতে চালু হল শ্রমিক ক্যান্টিন ।

 


দুর্গাপুর,১৩ই জুন : আজ থেকে সিআইটিইউ এর দুর্গাপুর ইস্পাত এর উদ্যোগে দুর্গাপুর ইস্পাতনগরীর লালা লাজপত রায় রোডে চিত্তব্রত মজুমদার ভবনে চালু হল শ্রমিক ক্যান্টিন । উদ্যোক্তাদের পক্ষ থেকে নিমাই ঘোষ জানিয়েছেন যে আপাতত আগামী ১ মাস ধরে এই ক্যান্টিন চলবে । প্রতিদিন ১০০ জনের মুখে রান্না করা খাবার তুলে দেওয়ার ব্যবস্হা করেছে শ্রমিক ক্যান্টিন । শ্রমিক ক্যান্টিন উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক ও পার্টি নেতা সন্তোষ দেবরায়। বক্তব্য রাখতে গিয়ে তিনি উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে বলেন যে শ্রমিক শ্রেনীর দৃষ্টিভঙ্গী নিয়ে চলে দুর্গাপুরের শ্রমিক আন্দোলন কোভিড অতিমারির কারনে গত বছরের লকডাউনের সময় থেকে প্রথমে পরিযায়ী শ্রমিক ও তারপরে শ্রমিক এবং সংলগ্ন গ্রামাঞ্চলে  কৃষক-ক্ষেতমজুরদের পাশে দাঁড়িয়েছিল,খাবার তুলে দিয়েছিল। এ বছরেও একই ভাবে,দুর্গাপুরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিনা মূল্যে মানুষের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্হা করেছে । পার্টির পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার স্মরন করিয়ে দেন যে বামপন্হীরা কোন সংকীর্ণ দৃষ্টিভঙ্গী নিয়ে এই সেবা কাজ করছেন না । শ্রমজীবি মানুষের এই চরম সংকটের দিনে,রাজনীতির রং বিচার না করে সমস্ত শক্তি দিয়ে প্রতিটি পাড়ায় মানুষের পাশে দাঁড়াতে হবে । সিআইটিইউ –এর পঃ বঙ্গ রাজ্য কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ও হিন্দুস্হান স্টিল এম্পলয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর সম্পাদকমন্ডলীর আহ্বায়ক বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে শুধু মানুষের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্হা করাই নয়,তার সাথে সাথে সিআইটিইউ রেড ভলান্টয়ার্সদের পাশে থেকে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলে কোভিড আক্রান্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে । এছাড়াও বক্তব্য রাখেন স্বপন মজুমদার । উপস্হিত ছিলেন সুবীর সেনগুপ্ত,দিপক ঘোষ,সীমন্ত চ্যাটার্জি,মলয় ভট্টাচার্য,বিজয় সাহা,সীমান্ত তরফদার,আশিস মিশ্র প্রমুখ। উদ্যোক্তাদের হাতে ব্যাক্তিগত আয় থেকে  ৪০০০ টাকার চেক তুলে দেন প্রাক্তন বিধায়ক ও পার্টি নেতা সন্তোষ দেবরায়।

































সেইল-এর র’মেটেরিয়ালর্স ডিভিসনের সদর দপ্তর কোলকাতা থেকে রৌরকেল্লা ও বোকারোতে স্হানান্তরিত সিদ্ধান্তের বিরুদ্ধে সিআইটিইউ : অ্যালয় স্টিল,দুর্গাপুর ইস্পাত ও ইস্কোর জন্য অশনি সংকেত ।

 



দুর্গাপুর,১৩ই জুন : গত ১০ই জুন সেইলের বোর্ড অফ ডাইরেক্টার্স এর সভায় সেইল-এর র’মেটেরিয়ালর্স ডিভিসনের সদর দপ্তর কোলকাতা থেকে রৌরকেল্লা ও বোকারোতে স্হানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুসারে সেইল স্হানান্তরের প্রক্রিয়া শুরু করেছে বলে সূত্রের খবর । এদিকে এই খবরে কোলকাতা সদর দপ্তরে কর্মরত শ্রমিক-কর্মচারি-ঠিকা শ্রমিক ও অফিসারেরা ক্ষোভে ফেটে পড়েন । হিন্দুস্হান স্টিল এম্পলয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর আরএমডি শাখার পক্ষ থেকে অবিলম্বে এই স্হানান্তরের সিদ্ধান্ত অবিলম্বে রদ করার দাবি জানিয়ে নিজাম প্যালেসে কেন্দ্রের আঞ্চলিক শ্রম কমিশনারের কাছে ইন্ডাস্ট্রয়াল ডিসপুট অ্যাক্টের ধারায় অভিযোগ জানান হয়েছে। অফিসার্স অ্যাসোসিয়েশনও তীব্র প্রতিবাদ জানিয়েছে । ইতিমধ্যে সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে সেইলের কাছে চিঠি দিয়ে দাবি জানিয়েছেন  সিআইটিইউ –এর সর্ব ভারতীয় সম্পাদক তপন সেন,পঃ বঙ্গ রাজ্য সম্পাদক অনাদি সাহু ও স্টিল ওয়ার্কার্স অফ ইন্ডিয়া (( সিআইটিইউ )-এর সাধারন সম্পাদক ললিত মিশ্র । কোলকাতায় সেইলের  র’মেটেরিয়ালর্স ডিভিসনের সদর দপ্তরের শ্রমিক-কর্মচারিরা ইতিমধ্যেই স্হানান্তরের সিদ্ধান্ত অবিলম্বে রদ করার জন্য পঃ বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদন জানালেও এখনো মুখ্যমন্ত্রীর কোন প্রতিক্রিয়া মেলে নি । ১৯৮৯ সালে কোলকাতায় সেইলের  র’মেটেরিয়ালর্স ডিভিসনের সদর দপ্তর চালু হয় । কেন্দ্রে অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রী থাকার সময় তৎকালীন এনডিএ সরকার দু-বার সেইলের  র’মেটেরিয়ালর্স ডিভিসনের সদর দপ্তর কোলকাতা থেকে স্হানান্তরিত করার চেষ্টা করলেও প্রথমে তৎকালিন পঃ বঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ( ১৯৯৮ ) ও দ্বিতীয়বার তৎকালিন পঃ বঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কঠোর হস্তক্ষেপে ও সিআইটিইউ –এর তীব্র আন্দোলনের ফলে এনডিএ সরকার পিছিয়ে যেতে বাধ্য হয় । বর্তমানের মোদি সরকার এর আগে ২০১৬ সালে আরও একবার সেইলের  র’মেটেরিয়ালর্স ডিভিসনের সদর দপ্তর কোলকাতা থেকে স্হানান্তরিত করার চেষ্টা করলেও সিআইটিইউ –এর তীব্র আন্দোলনের ফলে সেই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয় ।

     ১৯৮৯ সালে কোলকাতায় সেইলের  র’মেটেরিয়ালর্স ডিভিসনের সদর দপ্তর চালু হয়।এর আগে ক্যাপটিভ মাইনসের ব্যবস্হাপনায় কাঁচমালের জোগানের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধার ফলে উৎপাদনে ব্যাঘাত ঘটত । রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইলের কারাখানা গুলির জন্য কাঁচামাল সরবরাহ সুনিশ্চিত করতে পঃ বঙ্গ,ঝাড়খন্ড,ওরিষ্যা ও মধ্যপ্রদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেইলের ২৫টি কয়লা,লোহা,ডলোমাইট,চুনাপাথর সহ অন্যান্য খনি কে এক ছাতার তলায় নিয়ে আসার মাধ্যমে কারখানাগুলিতে কাঁচামাল সরবরাহ সুনিশ্চিত করতে একজন ইডি পদমর্যাদার আধিকারিক এর অধীনে কোলকাতায় সেইলের  র’মেটেরিয়ালর্স ডিভিসনের সদর দপ্তর চালু হয় । বর্তমানে এই দপ্তরে ১৫০ জন্য স্হায়ী ও ঠিকা শ্রমিক এবং ৫০ জন আধিকারিক কাজ করছেন । অন্যদিকে র’মেটেরিয়ালর্স ডিভিসনের অন্তর্গত ২৫টি খনিতে ২০০০০ ঠিকা শ্রমিক,১৫০০ জন স্হায়ী শ্রমিক-কর্মচারী ও ৫০০ জন আধিকারিক কর্মরত আছেন ।এই প্রসঙ্গে বলতে গিয়ে  সিআইটিইউ –এর পঃ বঙ্গ রাজ্য কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ও হিন্দুস্হান স্টিল এম্পলয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর সম্পাদকমন্ডলীর আহ্বায়ক বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে  র’মেটেরিয়ালর্স ডিভিসনের সদর দপ্তর চালু হওয়ার পরে সেইলের উৎপাদন ক্ষমতার ব্যবহার ৬৫% থেকে বৃদ্ধি পেয়ে ৮৫% হয়েছে এবং খনিজ দ্রব্যের উৎপাদন ৯.৫ মিলিয়ন টন থেকে বেড়ে বর্তমানে ১৩.৫ মিলিয়ন টন হয়েছে । ২০২০-২১ আর্থিক বছরে সেইলের মুনাফা ৩৪৭০ কোটি টাকা মুনাফা অর্জনের পিছনে আরএমডি অসামান্য ভুমিকা পালন করেছে । অন্যদিকে খনি গুলিতে আধুনিকীকরন-সম্প্রসারন-শ্রমিকদের কাজের মানোন্নোয়ন সহ একাধিক কাজে আরএমডি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলেছে । র’মেটেরিয়ালর্স ডিভিসনের সদর দপ্তর কোলকাতায় গড়ে তোলার অন্যতম কারন ছিল বন্দর-রেল-সড়কের উন্নত পরিকাঠামো ও আন্তর্জাতিক যোগাযোগের সুবিধা । রাজ্যের অর্থনীতিতেও এই দপ্তরের যথেষ্ঠ অবদান আছে । র’মেটেরিয়ালর্স ডিভিসনের সদর দপ্তর কোলকাতা থেকে সরালে ও পুরনো ক্যাপটিভ মাইনসের ধারনায় ফিরলে আরএমডি-তে কর্মরত স্হায়ী শ্রমিক-কর্মচারী-আধিকারিকদের বদলি সহ অন্যান্য কারনে মনোবলে ধাক্কা খাবে শুধু তাই নয় কর্মরত ঠিকা শ্রমিকরা কর্মচ্যূত হবেন বলে আশংকা প্রকাশ করেছেন বিশ্বরূপ ব্যানার্জি । তিনি আরও জানিয়েছেন যে রাজ্যে সেইলের তিনটি কারখানা দুর্গাপুর ইস্পাত,অ্যালয় স্টিল ও ইস্কো-র কোন ক্যাপটিভ মাইনস না থাকার ফলে ঐ তিনটি কারখানার জন্য এই স্হানান্তর অশনি সংকেত । ফলে উৎপাদন মার খাওয়ার আশংকা তৈরি হচ্ছে । ইতিমধ্যে কেন্দ্রের মোদি সরকার কাঁচমলের সংকটে ভোগা রাষ্ট্রায়ত্ব ভাইজাগ স্টিল প্ল্যান্ট কে বেসরকারী রার সিদ্ধান্ত নিয়েছে । একই ভাবে অ্যালয় স্টিলের বেসরকারীকরনের সিদ্ধান্ত গ্রহন ও দুর্গাপুর ইস্পাত কে বেসরকারীকরনের হুমকি দিয়ে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। ইউনিয়ন গুলি কে সম্পূর্ন অন্ধকারে রেখে মোদি সরকার রাতারাতি সেইল-এর র’মেটেরিয়ালর্স ডিভিসনের সদর দপ্তর কোলকাতা থেকে রৌরকেল্লা ও বোকারোতে স্হানান্তরিত যে সিদ্ধান্ত নিয়েছে,সেইলের স্বার্থে,রাজ্যের স্বার্থে এবং দুর্গাপুর ইস্পাত,অ্যালয় স্টিল ও ইস্কো-র রক্ষার স্বার্থে সিআইটিইউ তার বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতম আন্দোলন গড়ে তুলবে বলে তিনি হুঁশিয়ারী দিয়েছেন।




Thursday, 10 June 2021

১৩-দফা দাবিতে সিআইটিইউ এর ডাকে ইস্পাত শ্রমিকরা বিক্ষোভ দেখালেন ।

 


দুর্গাপুর,১০ই জুন : আজ সিআইটিইউ এর ডাকে সারা দেশে ১৩-দফা দাবিতে বিক্ষোভ দেখালেন । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা কারখানার মেইন গেটের সামনে ফ্লাইওভারে বিক্ষোভ দেখালেন । অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরাও কারখানার মেইন গেটের সামনে বিক্ষোভ দেখান । সকলকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন,আয়করহীন প্রত্যেক ব্যক্তিকে প্রতি মাসে ৭৫০০ টাকা সরকারী সাহায্য,শ্রম কোড আইন বাতিল,কৃষক স্বার্থবিরোধী কৃষি আইন বাতিল,জনবিরোধী কর্পোরেটদের স্বার্থবাহী করোনা ভ্যাকসিন নীতি বাতিল,প্রতি মাসে জনপ্রতি ১০ কেজি খাদ্য শস্য আগামী ছ'মাস পর্যন্ত দিতে হবে,...ইত্যাদি ১৩ দফা দাবীর ভিত্তিতে আজকের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় ।



Friday, 4 June 2021

ইস্পাত শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারবর্গের করোনা টিকাকরনের জন্য বিশেষ উদ্যোগ গ্রহন করল ডিএসপি কর্তৃপক্ষ : স্বাগত জানাল সিআইটিইউ ।

 


দুর্গাপুর,৪ঠা জুন : আজ শ্রমিক ইউনিয়ন গুলির সাথে ভার্চুয়াল সভার করে  দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষ দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার কর্মরত শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারবর্গের এবং অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও তাদের ওপরে নির্ভরশীলদের করোনা টিকাকরনের নতুন কর্মসূচী ঘোষনা করে । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত কে স্বাগত জানিয়ে বলেন যে কর্তৃপক্ষ জানিয়েছেন যে আগামী দুই-চার দিনের মধ্যেই নেহেরু স্টেডিয়াম ও অ্যালয় স্টিল প্ল্যান্ট স্টেডিয়ামে টিকাকরনের কাজ শুরু হবে । তিনি আরও বলেন যে জরুরী ভিত্তিতে টিকাকরন ও করোনা অতিমারী রুখতে সাধারন মানুষের  চিকিৎসার স্বার্থে দুর্গাপুর ইস্পাত কারখানার পক্ষ থেকে সঠিক পরিকাঠামো গড়ে তোলার জন্য হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর পক্ষ থেকে আন্দোলন গড়ে তোলা হয় । ইতিমধ্যে দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রেনিং ইনস্টিটিউট ও সংলগ্ন অংশে কর্তৃপক্ষ একটি সেফ হোম ও ২০০-শয্যা বিশিষ্ট ছাউনি হাসপাতাল গড়ে রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছে । এবার টিকাকরনের কাজও শুরু হচ্ছে । এই কাজে কর্তৃপক্ষ কে ইউনিয়ন এর পক্ষ থেকে সহায়তা করা হবে বলে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন ।

Thursday, 3 June 2021

শ্রমিক-কর্মচারীদের করোনা টিকাকরন ও অবিলম্বে সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তির দাবিতে ইস্পাত শ্রমিকদের বিক্ষোভ ।

 


দুর্গাপুর,৩রা জুন : ভয়াবহ করোনা পরিস্হিতির মধ্যেও রেকর্ড পরিমান উৎপাদন করে লাগাতার মুনাফা করলেও শ্রমিক-কর্মচারী( কর্মরত ও অবসরপ্রাপ্ত ) ও তাদের পরিবারবর্গের জুটছে না টিকা।সিআইটিইউ এর পক্ষ থেকে লাগাতার এই বিষয়ে আন্দোলন করে জোড়ালো দাবি তোলা হয়েছে । অন্যদিকে ২০১৭ সালের ১লা জানুঃ থেকে সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তি ( স্হায়ী ও ঠিকা শ্রমিক উভয়ের) বকেয়া  আছে । এমন কি বিগত বেতন-চুক্তির বিষয় ও পেনশন চুক্তি বকেয়া  আছে । এই বিষয়েও সিআইটিইউ এর পক্ষ থেকে লাগাতার আন্দোলন গড়ে তোলা হয়েছে । আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা প্রয়োজনীয় স্বাস্হ্য বিধি মেনে মিছিল করে এসে কারখানার ইডি ( ওয়ার্কর্স )-এর দপ্তরের সামনে প্রবল বিক্ষোভ দেখান । উপস্হিত ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র,সীমন্ত চ্যাটার্জি,প্রদ্যুৎ মুখার্জি সহ ইউনিয়ন এর অন্যান্য নেতৃবৃন্দ । একই দাবিতে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা প্ল্যান্টের মেইন গেটে আজ সকালে বিক্ষোভ দেখান ।










Monday, 24 May 2021

ইস্পাতনগরীতে রেড ভলান্টিয়ার্সদের কাজ শুরু হল ।

 


দুর্গাপুর,২৪শে মে :আজ ইস্পাতনগরীর চন্ডিদাস রোডে চালু হল রেড ভলান্টিয়ার্সদের একটি ক্যাম্প।উদ্বোধন করেন সি পি আই ( এম) এর পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার। ক্যাম্পে অক্সিজেন সহ তিনটি আপদকালীন শয্যা,অসুস্থ দের বাড়িতে অক্সিমিটারে অক্সিজেন লেভেল চেক,কোয়ারান্টাইনে থাকা মানুষদের বিনামূল্যে খাওয়ার সরবরাহ, ওষুধ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ,এলাকা স্যানিটাইজেশন, যথাযথ মূল্যে এম্বুলেন্স সার্ভিস প্রভৃতি পরিষেবার কাজ শুরু হল।এছাড়াও উপস্থিত ছিলেন সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং রেড ভলান্টিয়ার্সরা । অন্যদিকে রেড ভলান্টিয়ার্সরা আজ দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের সামনে দোকান সংলগ্ন অঞ্চলে স্যানিটাইজেশনের কাজ করেন । বিরোধী রাজনৈতিক দলের লোকজনও রেড ভলান্টিয়ার্সদের কাজে প্রশংসা করেছেন ।