Friday, 6 May 2022

ইস্পাতনগরীতে নগর পরিষেবা-প্রশাসনের অব্যবস্হার বিরুদ্ধে ও জমি-কোয়ার্টারের লিজ-লাইসেন্সিং এর দাবিতে বিশাল সমাবেশ ।

 


দুর্গাপুর,৬ই মে :আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর-প্রশাসনিক দফ্তর টি.এ.বিল্ডিং-এ এক বিশাল বিক্ষোভ সমাবেশ হয়। ইস্পাতনগরীতে নগর পরিষেবা-প্রশাসনের অব্যবস্হা দুর করা ও জমি-কোয়ার্টারের লিজ-লাইসেন্সিং এর দাবি নিয়ে  দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে টালবাহানা করছে বলে ইউনিয়ন এর পক্ষ থেকে অভিযোগ করে আজকের সমাবেশের ডাক দেয় । ইতিমধ্যে হাইকোর্টে বিচারাধীন মামলা কে অগ্রাহ্য করে লাইসেন্সিং কোয়ার্টারের এক বড় অংশের বাসিন্দাদের উচ্ছেদের জন্য কর্তৃপক্ষ একতরফা নোটিশ ধরিয়েছে । এই বাসিন্দারা দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্ট এর কর্মরত অথবা অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবার বর্গ । ইস্পাতনগরীর উদ্বৃত্ব জমি ও কোয়ার্টারের একটা বড় অংশ বেআইনি দখলদারদের হাতে চলে গেছে। কিছু পরিমান জমি-কোয়ার্টারে লিজিং-লাইসেন্সিং হলেও অধিকাংশ শ্রমিক-কর্মচারী ও অবসরপ্রাপ্তরা বঞ্চিত রয়ে গেছেন । অন্যদিকে এন.জে.সি.এস-এর চুক্তিভঙ্গ করে কর্তৃপক্ষ একতরফা ভাবে বিদ্যুৎ-মাশুল বৃদ্ধি করেছে,এমন কি জলের ওপর মাশুল চাপিয়েছে । বেআইনি দখলদাররা যথেচ্ছভাবে ও বেআইনীভাবে জল-বিদ্যুৎ এর অবাধ ব্যবহার করছে। কিন্তু কর্তৃপক্ষ নিশ্চুপ থেকে পরোক্ষে মদদ জোগাচ্ছে বলে সমাবেশে বক্তারা অভিযোগ করেন ।  অবিলম্বে লাইসেন্সিং হোল্ডারদের দেওয়া একতরফা নোটিশ প্রত্যাহার,এডিডিএ এর থেকে ৬৮টি প্রাপ্য প্লট আদায় ও বিতরন, জমি-কোয়ার্টারের লিজ-লাইসেন্সিং দুর্গাপুর ইস্পাত কারখানার বেহাত জমি উদ্ধার, ইস্পাতনগরীর বেআইনি নির্মান ও খাটাল বন্ধ,পরে থাকা স্কুল বিল্ডিং ও অন্যান্য বিল্ডিং এর লিজ-লাইসেন্সে এবং কুমারমঙ্গলম পার্ক-চিত্রালয় সিনেমার অচলাবস্হা কাটানোর দাবি জানানো হয় । নিয়মিত বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় সংখ্যক দক্ষ শ্রমিক নিয়োগ ও প্রয়োজনীয় আধুনিকীকরন,যন্ত্রাংশ, বিদ্যুৎ সরবরাহকারি তারের রক্ষনাবেক্ষন ও গাছের ডাল ছাঁটাই,রোড ও স্ট্রিট লাইট অবিলম্বে লাগানো,নিয়মিত মিটার রিডিং ও বেআইনি বিদ্যুৎ সংযোগ বন্ধ করার দাবি জানানো হয়। দুই বেলায় নিয়মিত জল সরবরাহের জন্য সরাসরি দামোদর নদ থেকে ২৭ ইঞ্চি পাইপের মাধ্যমে আধুনিক জল ট্যাঙ্ক ব্যবহার,বর্ষা আসার আগেই কোয়ার্টার,হোস্টেল ও রাস্তাঘাটের মেরামতি সম্পূর্ন করার দাবি জানান বক্তারা। এর সাথে সাথে দুর্গাপুর ইস্পাত কারখানার জনস্বাস্হ্য দফ্তর এর দক্ষতা বৃদ্ধি করে ইস্পাতনগরীতে রোগ প্রতিরোধ ও মশা-মাছি- সাপের উপদ্রব বন্ধ করার জন্য  দাবি জানানো হয় । এছাড়া চিকিৎসা পরিষেবার সম্পূর্ন আধুনিকীকরন সহ অবিলম্বে ডাক্তার-নার্স-চিকিৎসা কর্মী নিয়োগ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম-পরিকাঠামো উন্নয়নের জন্য দাবি জানান বক্তারা। বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র,প্রদ্যুত মুখার্জি প্রমুখ । এছাড়া লাইসেন্সিং হোল্ডারদের পক্ষে বক্তব্য রাখেন সুদীপ্ত নাগ । সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধিদল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে ফয়সলার জন্য জোড়ালো দাবি জানান ।






















Thursday, 5 May 2022

ইস্পাতনগরীতে পালিত হোল শ্রমজীবি মানুষের বন্ধু মহান দার্শনিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কার্ল মার্কস এর ২০৫-তম জন্মদিবস ।

 


দুর্গাপুর,৫ই মার্চ : আজ শ্রমজীবি মানুষের বন্ধু মহান দার্শনিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কার্ল মার্কস এর ২০৫-তম জন্মদিবস । এই উপলক্ষে সকালে শহীদ আশিস-জব্বার ভবনে কার্ল মার্কস এর প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি বৈপ্লবিক শ্রদ্ধা জানান সন্তোষ দেবরায়,দিপক ঘোষ,অজিত মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ । সন্ধ্যায় চিত্তব্রত মজুমদার ভবনে, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির এর পক্ষ থেকে,’মার্কসবাদের আলোকে আজকের দিনে শ্রেনী সংগ্রামের বৈশিষ্ট সমূহ’-শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্থ মুখার্জি ও পঙ্কজ রায় সরকার। সভাপতিত্ব করেন সন্দীপ পাল । সভার প্রারম্ভে গণসঙ্গীত পরিবেশন করে “মুক্তমঞ্জরী”-র শিল্পীবৃন্দ এবং নাটক “ হুঁশিয়ার “ মঞ্চস্হ করে লহরী শিল্পীগোষ্ঠী।  























Wednesday, 4 May 2022

এলআইসিআই সহ সমস্ত রাষ্ট্রায়ত্ব সংস্হার শেয়ার বিক্রি-বেসরকারীকরনের বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,৪ঠা মে : আজ সকালে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার অর্জুন মূর্তির সামনে ইস্পাত শ্রমিকরা এলআইসিআই সহ সমস্ত রাষ্ট্রায়ত্ব সংস্হার শেয়ার বিক্রি-বেসরকারীকরনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। ইতিমধ্যে দুর্গাপুর ইস্পাত কারখানার দুই সহযোগী সংস্হা যথাক্রমে কারখানার বিদ্যুৎ সরবরাহকারী সংস্হা এনএসপিসিএল ও ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেড এর শেয়ার বিক্রির জন্য মোদি সরকারের প্রয়াসের বিরুদ্ধে শ্রমিক অসন্তোষ শুরু হয়েছে । আজকের বিক্ষোভ সমাবেশে উপস্হিত ছিলেন ললিত মিশ্র, সীমান্ত চ্যাটার্জী,প্রকাশতরু চক্রবর্তী,প্রদ্যুত মুখার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

সন্ধ্যায়,ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র পক্ষ থেকে ইস্পাতনগরীর হর্ষবর্ধন রোডের সেক্টর অফিসে আয়োজিত এক আলোচনা সভায়,’মে দিবসের একাল ও সেকাল’ নিয়ে আলোচনা করেন ললিত মিশ্র ।







Tuesday, 3 May 2022

৩রা মে “শ্রমিক সংহতি দিবস”- শ্রমিক আন্দোলন কে আজও পথ দেখাচ্ছে ।

 


দুর্গাপুর,৩রা মে : ইস্পাতনগরীতে পালিত হল  শ্রমিক সংহতি দিবস”-এর ৫৭-তম বার্ষিকী ১৯৬৬ সালে রা মে  মিশ্র ইস্পাত কারখানার ( অ্যালয় স্টিল প্ল্যান্ট ) মেইন গেটের সামনে প্রশাসনিক ভবনে বিক্ষোভরত শ্রমিকদের উপরে কর্তৃপক্ষের নির্দেশে তৎকালীন কং সরকারের পুলিশ নির্মম লাঠি চার্জ করলে অনেকে ঘায়েল হয়।কিন্তু তারপরেও বিক্ষোভ চলতে থাকলে পুলিশ টিয়ার গ্যাস ছোঁড়ে ও আবার  লাঠি চার্জ করে।পাল্টা শ্রমিকদের প্রতিরোধে বেশ কিছু পুলিশ কর্মী আহত হয়। ১৪-জন শ্রমিক কে গ্রেফ্তার করা হয় শ্রমিকদের দাবী ছিল যে কারখানার বাসে তারা আসেন , সেই বাসে তাদের কারখানার গেটের পরিবর্তে কারখানার অভ্যন্তরে গন্তব্যস্হলে নামিয়ে দিতে হবে। পরের দিন ৪ঠা মে কারখানায় স্বতঃস্ফূর্ত ধর্মঘট হয় । বিকালে দুর্গাপুরের ঐতিহাসিক লাল ময়দানে প্রতিবাদ সভা হয়।শ্রমিক চেতনায় আঘাত হানে – সংহতি ছাড়া দাবি আদায় করা যাবে না।এই সভা থেকে  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের দুর্গাপুর ইস্পাত কারখানার সাথে অ্যালয় স্টিল প্ল্যান্ট  শাখার পথ চলা শুরু হয়। কারখানার অভ্যন্তরে ডিউটির বাস চলার দাবি আদায় সম্ভব হয় । এই আন্দোলন কে স্মরণ করে পরবর্তিকালে ৩রা মে শ্রমিক সংহতি দিবস হিসাবে পালন করা শুরু হয়

    বিগত ৫৭ বৎসর ধরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর এএসপি শাখা লড়াই-সংগ্রামের বহু অন্যন্য নজীর তৈরি করেছে বিশেষ করে মিশ্র ইস্পাত কারখানার আধুনিকীকরন সম্প্রসারনের জন্য ১৯৭২ সালের ১৯শে সেপ্টে: ধর্মঘটের থেকে শুরু করে ২০১৩ সালে ডিসেঃ মাসে দিল্লী অভিযানকারখানা বাঁচানোর লড়াই এই সংগ্রামের এক তাৎপর্যপূর্ন দিক এই লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে ১৯৮২ ১৯৮৬ সালে প্রথম দ্বিতীয় পর্যায়ের মিশ্র ইস্পাত কারখানার আধুনিকীকরন সম্প্রসারনের কাজ হয় যদিও তা প্রয়োজনের তুলনায় ছিল কম ।২০১৬ সাল থেকে কেন্দ্রের মোদি সরকার অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীকরনের চক্রান্ত শুরু করলে ইউনিয়নের পক্ষ কারখানা বাঁচানোর জন্য যৌথ আন্দোলনের ডাক দেওয়া হয় । সেই যৌথ আন্দোলন আজ ইতিহাস রচনা করেছে । এই কারনে ইউনিয়ন রাজ্যের শাসক দলের চক্ষুশূলে পরিনত হয়। দুর্গাপুরে মানুষ প্রত্যক্ষ করেছে যে কিভাবে তৃণমূলী দুষ্কৃতিরা ২০১৭ সালের ২৩শে মার্চ ইউনিয়ন দফ্তর ( ২/১ তিলক রোড) ভেঙ্গে গুঁড়িয়ে দেয় এবং নৃশংস আক্রমন চালায় ইউনিয়ন নেতৃত্বের উপর । আক্রমন চালিয়েছে ঠিকা শ্রমিকদের উপর । শ্রমিকরা এর উপযুক্ত জবাব দিয়েছেন । ঐ বছরের ১১ই এপ্রিল মোদি সরকার অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীকরনের চক্রান্তের বিরুদ্ধে ৯২% শ্রমিক ধর্মঘটে যোগ দেন । অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীকরনে রুখতে “ অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও “ লড়াই সারা দেশের শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে এক ইতিহাস তৈরি করেছে । এখনো বেসরকারীকরনের চক্রান্তের বিপদ বিদ্যমান । এরই মধ্যে চলেছে কারখানার আধুনীকিকরনের লড়াই । এই লড়াইও অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচানোর জন্য সমান গুরুত্বপূর্ণ । সাম্প্রতিক কারখানায় উৎপাদিত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের জন্য উৎপাদিত এক্সেল মোদি সরকারের বেসরকারীকরনের নীতি কে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। শ্রমিক সংহতি আরও মজবুত করেই কারখানা বাঁচানোর ও আধুনীকিকরনের লড়াই এগিয়ে নিয়ে যেতে হবে । আজ সন্ধ্যায় প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই ইস্পাতনগরীর ইউনিয়ন দফ্তরে ( ২/১ তিলক রোড) “শ্রমিক সংহতি দিবস”- উপলক্ষে আয়োজিত শ্রমিক কনভেনশনে এই আহ্বান জানান বক্তারা । বক্তব্য রাখেন ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা অর্ধেন্দু দাক্ষী,পূর্বতন বিধায়ক সন্তোষ দেবরায়,পূর্বতন সাংসদ সুনীল খাঁ,নবেন্দু সরকার ও বিজয় সাহা । এই উপলক্ষে প্রকাশ করা হয় ইউনিয়নের সংগ্রামের ইতিহাস – “ অগ্নিবলয় “ ।