Monday, 9 January 2017

অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত বাঁচাতে সর্বাত্মক লড়াই এর পথে দুর্গাপুর ।




দুর্গাপুর,৯ই জানুঃ – আজ দুর্গাপুরের সিটি সেন্টারে ,” শিল্প বাঁচাও -  এ.স.পি বাঁচাও – ডি.এস.পি বাঁচাও – আমাদের গর্বের শহর দুর্গাপুর বাঁচাও “ – এই দাবীতে সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি-বি.এম.এস- এ.আই.ইউ.টি.ইউ.সি- টি.ইউ.সি.সি এর যৌথ মঞ্চের ডাকে শয়ে শয়ে শ্রমিক-কর্মচারী সহ সমাজের অন্যান্য অংশের মানুষ সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত গন অনশনের কর্মসূচীতে যোগ দিলেন । তৃণমূলের বাধা দানের জন্য নির্ধারিত এস.ডি.এম অফিসের পরিবর্তে শ্রম দফ্তরের আঞ্চলিক অফিসের সামনে গন অনশনের কর্মসূচী পালিত হয় । তৃনমূলের এই বাধাদানের জন্য শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে । নেতৃত্বের হস্তক্ষেপে উত্তেজনা প্রশমিত হলেও ,পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ।
কেন্দ্র ও রাজ্য সরকারের সর্বনাশা নীতির পরিনামে ধ্বংসের পথে  দুর্গাপুর শিল্পাঞ্চল ।হাজার হাজার শ্রমিক কর্মচ্যূত হয়েছেন । নতুন শিল্পের কোন আশা নেই । বেকার যুবকেরা কাজের খোঁজে দুর্গাপুর ছাড়ছে । ৬টি রাষ্ট্রায়ত্ব সংস্হা সহ ২২টি কারখানা বন্ধ হয়ে গেছে । ধুঁকছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ডি.টি.পি.এস (কেন্দ্রীয় সংস্হা ) ও ডি.পি.এল (রাজ্য সংস্হা ) । রাজ্য সরকার দুর্গাপুর কেমিক্যালস এর ১০০% বিলগ্নীকরন করার সিদ্ধান্ত নিয়েছে । এবার  আক্রমনের সূচীমুখ দুর্গাপুরের ভরকেন্দ্র কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক  ‘মহারত্ন’ সেইলের অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানা । মোদি সরকার সেইলের বিশেষ ইস্পাত উৎপাদক সংস্হা দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ সালেম ও ভদ্রাবতী স্টিল প্ল্যান্টের ‘ স্ট্র্যাটেজিক সেল ‘ করে বেসরকারী হাতে তুলে দিতে চাইছে । দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট ৫০০’টির বেশী গ্রেডের বিশেষ ইস্পাত উৎপাদন করতে পারে যা দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও মহাকাশ অভিযান/গবেষনা সহ প্রায় প্রতিটি শিল্পের জন্য ব্যবহার করা হচ্ছে । এমন কি আন্তর্জাতিক ক্ষেত্রেও দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্টের বিশেষ ইস্পাত চাহিদা রয়েছে ।
একই ভাবে সেইলের আধুনিকীকরন ও সম্প্রসারনের জন্য ৭০,০০০ কোটি টাকার বিনিয়োগের মধ্যে দুর্গাপুর ইস্পাত কারখানার জন্য বরাদ্দ মাত্র ২,৮৭৫ কোটি টাকার বরাদ্দ করে বঞ্চনা করার রাস্তা নিয়েছে । এর ফলে দুর্গাপুর ইস্পাত কারখানা সেইলের সবচেয়ে ছোট ইন্টিগ্রেডেড স্টিল প্ল্যান্টে পরিনত হবে । তাছাড়াও , অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীকরন হলে সরাসরি প্রভাব পড়বে,ক্ষতিগ্রস্হ হবে দুর্গাপুর ইস্পাত কারখানা ।
এর বিরুদ্ধে লড়াই এ নেমেছে সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি-বি.এম.এস- এ.আই.ইউ.টি.ইউ.সি- টি.ইউ.সি.সি । যৌথ কনভেনশন করে আন্দোলনের কর্মসূচী গ্রহন করা হয়েছে । অ্যালয় স্টিল প্ল্যান্টের ‘ স্ট্র্যাটেজিক সেল ‘ এর সিদ্ধান্ত বাতিল, অ্যালয় স্টিল প্ল্যান্টে সেইলের বিশেষজ্ঞ সংস্হা ‘সেট’ এর প্রস্তাব কার্যকর করা,অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীরন ও সম্প্রসারন সহ ৫ দফা দাবীতে , দাবী পুরন না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যৌথ মঞ্চ । ইতিমধ্যে অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার সি.আই.টি.ইউ ও আই.এন.টি.ইউ.সি প্রতিনিধিবৃন্দ কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর সাথে দেখা করে দাবী গুলি জানিয়ে এসেছে । সাথে ছিলেন সি.আই.টি.ইউ এর সর্ব ভারতীয় সম্পাদক ও রাজ্যসভার সাংসদ তপন সেন , কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য , দুর্গাপুরের প্রাক্তন লোকসভা সাংসদ সুনীল খান, দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায় ও এস.ডব্লু.এফ.আই এর সাধারন সম্পাদক পি.কে.দাস । ইতিমধ্যে রাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীকে তিনটি চিঠি দিয়েছেন দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায় । গতকাল বোকারো শহরে যৌথ কনভেনশনে , দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ সালেম ও ভদ্রাবতী স্টিল প্ল্যান্টের ‘ স্ট্র্যাটেজিক সেল ‘ এর সিদ্ধান্ত বাতিলের দাবীতে, কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হার  সেইলের সব কারখানার শ্রমিক নেতৃবৃ্ন্দ যোগ দেন এবং যৌথ আন্দোলনের কর্মসূচী গ্রহন করেছে ।
আজকের কর্মসূচী চলাকালীন বক্তব্য রেখেছেন সি.আই.টি.ইউ এর বর্ধমান জেলার সভাপতি বিনয়কৃষ্ণ চক্রবর্তী , আই.এন.টি.ইউ.সি এর বর্ধমান জেলার সভাপতি বিকাশ ঘটক , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর সভাপতি  রথীন রায় ,বিশ্বনাথ মন্ডল (এ.আই.টি.ইউ.সি ), বিশ্বপতি চ্যাটার্জী  ( এ.আই.ইউ.টি.ইউ.সি ),অনীত মল্লিক (টি.ইউ.সি.সি ), দুর্গাপুরের প্রাক্তন লোকসভা সাংসদ সাইদুল হক , দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায় , এস.ডব্লু.এফ.আই এর সাধারন সম্পাদক পি.কে.দাস , অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক নেতৃবৃ্ন্দ সহ অন্যান্য কারখানার শ্রমিক নেতৃবৃ্ন্দ এবং বিভিন্ন গন সংগঠনের নেতৃবৃ্ন্দ । কর্মসূচী চলাকালীন এক যৌথ প্রতিনিধি দল এস.ডি.এম অফিসে স্মারক লিপি জমা দেয় 

যৌথ মঞ্চের পক্ষে আগামী ১৮ই জানুঃ অ্যালয় স্টিল প্ল্যান্ট থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট পর্যন্ত  মহামিছিলের ডাক দেওয়া হয়েছে ।







Sunday, 8 January 2017

অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ শিল্প বাঁচাতে দুর্গাপুর বাঁচাতে জেলা জুড়ে যুবরা আন্দোলন গড়ে তুলবে ।




দুর্গাপুর,৮ই জানুঃ – আজ সন্ধ্যায়, ইস্পাতনগরীর চন্ডিদাস বাজারে এক বিশাল পথসভায় একথা জানালেন ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন এর বর্ধমান জেলা কমিটির সম্পাদক পরেশ মন্ডল । তিনি বলেন ভারতের ‘ রূঢ় ‘ অঞ্চল বলে খ্যাত দুর্গাপুর শিল্পাঞ্চল জেলা সহ রাজ্যের কর্মসংস্হানের অন্যতম  ক্ষেত্র । সেই দুর্গাপুর শিল্পাঞ্চল , রাজ্য ও কেন্দ্রীয় উভয় সরকারের শিল্প-বিরোধী নীতির জন্য ভয়ংকর ভাবে সংকটাপন্ন । তিনি স্মরণ করিয়ে দেন যে দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী উভয়ে নিবার্চনী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যথাক্রমে বছরে ২ কোটি ও ১০ লক্ষ বেকারের চাকরী দেবেন । সেই প্রতিশ্রুতি কোথায় গেল ? উল্টে কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির ফলে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে । রাষ্ট্রায়ত্ব কারখানা কে বিক্রী করার সিদ্ধান্ত নিয়ে বেসরকারীকরনের নামে দেশের সম্পদ লুঠ করার রাস্তা করে দেওয়া হচ্ছে । অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বাঁচানোর লড়াই এর প্রতি ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন এর বর্ধমান জেলা কমিটির পূর্ণ সংহতি জানিয়ে তিনি তীব্র গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান । এছাড়াও বক্তব্য রেখেছেন ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন এর দুর্গাপুর ইস্পাত জোনালের সভাপতি বিশ্বজিত ধর চৌধুরী ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষে বিজয় সাহা । সভাপতিত্ব করেন বিশ্বজিত ধর চৌধুরী । উপস্হিত ছিলেন ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন এর দুর্গাপুর ইস্পাত জোনালের সম্পাদক পলাশ ব্যানার্জী সহ অন্যান যুব নেতৃবৃন্দ ।

এদিকে , আগামীকাল দুর্গাপুরের সিটি সেন্টারে এস.ডি.ও দফ্তরের সামনে অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বাঁচানোর দাবীতে , সি.আই.টি.ইউ সহ অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্মিলিত ভাবে সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গন অনশনের কর্মসূচী নিয়েছে ।


Friday, 6 January 2017

অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানা না বাঁচলে,দুর্গাপুর বাঁচবে না -লড়াই তীব্রতর হচ্ছে ।



দুর্গাপুর,৬ই জানুঃ – শিল্পনগরী দুর্গাপুর ভয়াবহ পরিনতির দিকে এগিয়ে চলেছে । নতুন শিল্প আসা দুরে থাক , চলতি প্রায় সমস্ত কারখানা ( রাষ্ট্রায়ত্ব সংস্হা ও বেসরকারী উভয় ) সংকটাপন্ন হয়ে পড়েছে । ইতিমধ্যে ৬টি রাষ্ট্রায়ত্ব কারখানা সহ ২২টি কারখানা বন্ধ হয়ে গেছে । হাজার হাজার শ্রমিক কাজ হারিয়েছে , শ্রমিক পরিবার গুলি অবর্ণনীয় দুর্দশায় পড়েছে । দুর্গাপুরের সমগ্র অর্থনীতি শিল্পের উপর নির্ভরশীল । দুর্গাপুর শিল্পাঞ্চলে উপর সামগ্রিকভাবে অনেকটাই  নির্ভরশীল বর্ধমান জেলা সহ রাজ্যের অর্থনীতি । এরই মধ্য রাজ্য সরকার দুর্গাপুর কেমিক্যালসের ১০০% বিলগ্নীকরন ও ডিপিএল এর কোকওভেন বন্ধ করেছে ।অন্যদিকে কেন্দ্রীয় সরকার মহারত্ন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে সেইলে এর বিশেষ ধরনের ইস্পাত উৎপাদক কারখানা অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ সালেম ও ভদ্রাবতী স্টিল প্ল্যান্ট কে ‘ স্ট্র্যাটেজিক সেল ‘ করতে চেয়ে নিলামে চড়াতে চাইছে । দুর্গাপুর ইস্পাত কারখানার সম্প্রসারন-আধুনিকীকরনের জন্য প্রয়োজনীয়  বরাদ্দ করে নি ।   

ইতিমধ্যে অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানা বাঁচাতে দুর্গাপুরে , সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি-বি.এম.এস-টি.ইউ.সি.সি-এ.আই.ইউ.টি.ইউ.সি যৌথ কনভেনশন করে লড়াই-আন্দোলন তীব্রতর করার সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী ৯ই জানুঃ এস.ডি.ও দফ্তরে ( সিটি সেন্টার ) গন অনশন কর্মসূচী ও ১৮ই জানুঃ অ্যালয় স্টিল প্ল্যান্ট থেকে দুর্গাপুর ইস্পাত কারখানা পর্যন্ত মহা মিছিলের ডাক দিয়েছে । এই কর্মসূচী কে সফল করার আহ্বান জানিয়ে আজ সন্ধ্যায় ব্যস্ততম বেনাচিতি বাজার এর কাইজার মোড়ে এক পথ সভায় বক্তব্য রাখেন গন আন্দোলনের নেতৃত্ব তরুন বাগচী , সি.আই.টি.ইউ এর পক্ষে মলয় ভট্টাচার্য , স্বপন মজুমদার , নিমাই ঘোষ ও তাপস মাজি , আই.এন.টি.ইউ.সি এর পক্ষে মনিলাল সিংহ ও অসীম সাহা এবং এ.আই.ইউ.টি.ইউ.সি  এর পক্ষে বাবলা ভট্টাচার্য । সভাপতিত্ব করেন তরুন বাগচী । । উপস্হিত ছিলেন দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায় , রথীন রায় , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।





Friday, 23 December 2016

শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের সুদ কমিয়ে, ‘আচ্ছে দিন‘- এ শ্রমিকদের বড়দিনের ‘উপহার‘ দিলেন মোদী সরকার : শ্যামল চক্রবর্তী



দুর্গাপুর,২৩শে ডিসেঃ – আজ দুর্গাপুর ইস্পাতনগরী হর্ষবর্ধন রোডে ডিভিসি শ্রমিক ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডি.এস.টি.পি.এস ইউনিটের কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক বিশাল জনসভায় , কেন্দ্র ও রাজ্যের উভয় সরকারে শ্রমিক ও শিল্প-বিরোধী মানসিকতার তীব্র সমালোচনা করে এ কথা বলেন সি.আই.টি.ইউ এর পঃ বঙ্গ রাজ্য কমিটির সভাপতি ও ডিভিসি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি শ্যামল চক্রবর্তী । তিনি বলেন যে শিল্পের ভয়ানক অধোগতি,দেশের শিল্প-তালিকায় পঃ বঙ্গের ১৩-তম স্হানে নেমে যাওয়া চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছে । কিন্তু এই পরিস্হিতির মধ্যেও , মুখ্যমনন্ত্রী একের পর এক তথাকথিত জাঁকজমক-পূর্ণ,’শিল্প মেলা ‘করে রাজ্যে শিল্প গড়ার নামে জনগনের পয়সা অপব্যয় ছাড়া কিছু করছেন না । অন্যদিকে শ্রমিক আন্দোলনে কে দমন করার নীতি নিয়েছেন । কিন্তু সি.আই.টি.ইউ কোন ভাবেই মাথা নোয়াবে না । এই প্রসঙ্গে তিনি বলেন যে,গত ৩৭ বৎসর ধরে ডিভিসি শ্রমিক ইউনিয়ন,শ্রমিক স্বার্থে  ডিভিসি তে লাগাতার লড়াই আন্দোলন চালিয়ে গেছে । এর ফলে, শ্রমিকরা সুবিধাবাদী ট্রেড ইউনিয়ন দের পরিত্যাগ করে, ডিভিসি শ্রমিক ইউনিয়ন কে আপন করে নিয়েছে এবং ইউনিয়ন স্বীকৃতি নির্বাচনে সি.আই.টি.ইউ কে বিপুলভাবে জয়ী করেছে । এর স্বীকৃতি স্বরূপ শেষ পর্যন্ত ডিভিসি ম্যানেজমেন্ট ডিভিসি শ্রমিক ইউনিয়ন কে কার্যালয় খুলতে অনুমতি দিয়েছে ।

অন্যদিকে নোট-বদলী নিয়ে জনসাধারনের হয়রানি অবিলম্ব বন্ধ করার দাবী জানিয়ে তিনি বলেন যে সি.আই.টি.ইউ কালো টাকা উদ্ধারের জন্য লাগাতার ভাবে দাবী জানিয়ে আসছে ,অথচ কেন্দ্রের মোদি সরকার কালো টাকার উদ্ধার করার পদক্ষেপ নিতে ব্যর্থ । অন্যদিকে রাজ্যে সারদা-নারদা কেলেংকারিতে জনগনের লুন্ঠিত কোটি কোটি টাকা হদিশ ও বাজেয়াপ্ত করার ক্ষেত্রেও একই রকমের গড়িমসি , কেন্দ্র ও রাজ্যের শাসক গোষ্ঠীর গোপন বোঝাপড়া সামনে আসছে । তিনি অভিযোগ করেন বিরোধীদের তোলা প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত দূর্ণীতি সংক্রান্ত অভিযোগ ধামাচাপা দেওয়ার জন্য বিজেপি সংসদের শীতকালীন অধিবেশন বানচাল করেছে । তিনি দাবী করেন যে অবিলম্বে প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত দূর্ণীতি সংক্রান্ত অভিযোগ নিরপেক্ষ ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্হা নিতে হবে ।

জনসভা শুরুর আগে ডিভিসি শ্রমিক ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডি.এস.টি.পি.এস ইউনিটের কার্যালয়ের দ্বারোদঘাটন করেন শ্যামল চক্রবর্তী । ডি.এস.টি.পি.এস ইউনিটের চীফ ইঞ্জিনীয়র অ্যান্ড প্রজেক্ট হেড এস.এন.ঝা সহ অন্যান্য উচ্চ পদস্হ আধিকারিক  এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন এবং শ্যামল চক্রবর্তীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন ।

ডিভিসি শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক  জীবন আইচ বক্তব্য রাখতে গিয়ে তুলে ধরেন যে কি ভাবে কেন্দ্রীয় সরকারের একের পর এক পদক্ষেপের ফলে ডিভিসির জলসেচ প্রকল্প ও তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি ভয়াবহ বিপদের মুখোমুখি হয়ে অস্তিত্ব সংকটে ভুগছে । দুর্গাপুর ব্যারেজের পলি উত্তোলনের কাজ না হওয়ায় জন্য দুর্গাপুর শিল্পাঞ্চল ভয়ংকর জল সংকটের মুখেোমুখি হয়ছে । সবচেয়ে উন্নতমানের রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র বেসরকারী হাতে তুলে দিতে চাইছে । অন্যদিকে, রাজ্যে নতুন শিল্প হচ্ছে না,চালু কারখানা একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে । তার ফলে বিদ্যুতের চাহিদা ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে , ডিভিসির সংকটের বোঝা বাড়ছে । এই সংকটের  থেকে পরিত্রানের সঠিক রাস্তা দেখাতে না পেরে,তা শ্রমিকদের উপরে সংকটের বোঝা চাপিয়ে দিয়ে বেসরকারীকরন-কর্মী সংকোচনের রাস্তায় হাঁটার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার । এই প্রসঙ্গে দুর্গাপুরের ডিটিপিএইচ বন্ধের সিদ্ধান্ত রুখে দেওয়ার  বিরুদ্ধে ডিভিসি শ্রমিক ইউনিয়ন সাফল্যের কথা উল্ল্যেখ করে তিনি সতর্ক করে বলেন যে আত্মসন্তুষ্টির কোন অবকাশ নেই, লাগাতার  আন্দোলন চলবে । অন্যদিকে পে-রিভিশন কে বেসরকারী সংস্হা দিয়ে করানোর চক্রান্ত চলছে বলে তিনি সতর্ক করে , অবিলম্বে ডিভিসি ম্যানেজমেন্ট কে স্বীকৃত ইউনিয়ন ডিভিসি শ্রমিক ইউনিয়ন এর সাথে পে-রিভিশন সংক্রান্ত আলোচনায় বসার দাবী জানিয়েছেন ।

দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.( এম ) বিধায়ক সন্তোষ দেবরায় বলেন যে গোটা দুর্গাপুর শিল্পাঞ্চল ধুঁকছে । ৬ টি রাষ্ট্রায়ত্ব কারখানা ও ১৬ বেসরকারী কারখানা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে । অ্যালয় স্টিল প্ল্যান্ট  কে বেসরকারীকরনের সিদ্ধান্ত নিয়েছে ও ইস্পাতনগরীর বেসরকারীকরনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার । এই উদ্যোগ সফল হলে , গভীর সংকটে পড়বে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট । অন্যদিকে রাজ্য সরকারের সংস্হা দুর্গাপুর কেমিক্যালসকে বেসরকারীকরনের কথা ঘোষনা করা হয়ছে , চরম সংকটে পড়েছে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড ( ডি.পি.এল ) । ডি.পি.এল এর কোকওভেন বন্ধ করে দেওয়া হয়েছে । দুর্গাপুর শিল্পাঞ্চলের এই ভয়াবহ পরিনিতি বর্ধমান জেলা তথা রাজ্যের অর্থনীতি কে বিপর্যস্ত করবে এই আশংকা প্রকাশ করে , তিনি দুর্গাপুরের সাথে   জেলা তথা রাজ্য ব্যাপি বৃহত্তর পরিসরে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন ডি.এস.টি.পি.এস ইউনিটের সভাপতি নেপাল দে ও সম্পাদক শুভাশিষ গুপ্ত । উপস্হিত ছিলেন প্রবীন শ্রমিক নেতা রথীন রায় , নির্মল ভট্টাচার্য , মহাব্রত কুন্ডু , সুবীর সেনগুপ্ত  সহ অন্যান্য শ্রমিক ও গণ আন্দোলনের নেতৃবৃন্দ এবং ডিভিসি শ্রমিক ইউনিয়ন ও ডি.এস.টি.পি.এস ইউনিটের অন্যান্য প্রাক্তন ও বর্তমান নেতৃবৃন্দ ।সভার শুরুতে গণসংগীত পরিবেশন করে গণনাট্যের দুর্গাপুর ইস্পাত শাখার শিল্পীরা । সভাপতিত্ব করেন নেপাল দে ।



















Thursday, 22 December 2016

অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীকরনের উদ্যোগ বাতিলের দাবীতে আমরন লড়াই এর ডাক দিল ট্রেড ইউনিয়ন সমূহের এর যৌথ গণ কনভেনশন ।

                                                              


দুর্গাপুর,২২শে ডিসেঃ –  “ উই উইল ফাইট টিল ডেথ “ – আজ ইস্পাতনগরী দুর্গাপুরে আয়োজিত ট্রেড ইউনিয়ন সমূহের এর যৌথ কনভেনশন এই শপথ নিয়ে , দুর্গাপুর কে ধ্বংসের হাত থেকে রক্ষা করা ও রাজ্যের অর্থনীতিকে নিশ্চিত রুগ্নতার হাত থেকে বাঁচাতে অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীকরনের উদ্যোগ বাতিল , সেইলের ( কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া ) বিশেষজ্ঞ সংস্হা ,’সেট’ এর  প্রস্তাব অনুসারে অ্যালয় স্টিল প্ল্যান্টে ( এ.এস.পি ) বিনিয়োগ ও আধুনিকীকরন এবং একই সাথে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ( ডি.এস.পি ) কে বার্ষিক ২.২ মিলিয়ন টন থেকে ১০ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন ক্ষমতা-সম্পন্ন কারখানায় পরিনত করার জন্য  ইস্পাত শ্রমিক ( স্হায়ী ও ঠিকা ) ও তাদের পরিবারবর্গ সহ দুর্গাপুরের দলমত-নির্বিশেষ সকলকে  আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয় ।
মোদি সরকারের সম্প্রতি ২২ টি রাষ্ট্রায়ত্ব সংস্হা বেসরকারীকরনের  সিদ্ধান্ত নিয়েছে যার মধ্যে রয়েছে সেইলের বিশেষ ইস্পাত উৎপাদক সংস্হা দুর্গাপুরে    অ্যালয় স্টিল প্ল্যান্টে , সালেম ও ভদ্রাবতী স্টিল প্ল্যান্ট । আশ্চর্যজনক হলেও এটাই সত্য যে কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বিগত ১৬ বৎসর ধরে ক্রমান্বয়ে মুনাফা করে কেন্দ্রীয় সরকারের কোষাগারে হাজার হাজার কোটি টাকা জমা করেছে । কিন্তু ২০১৪-১৫ আর্থিক বছর থেকে সেইল লোকসান শুরু করে এবং বেসরকারী ক্ষেত্রের ইস্পাত উৎপাদক সংস্হা গুলির অবস্হা আরও শোচনীয় হয়ে পড়েছে । বিদেশের তৈরি ইস্পাত অবাধে দেশে বিক্রী হচ্ছে , কিন্তু দেশীয় ইস্পাত শিল্প বাঁচাতে  কোনো অজ্ঞাতকারনে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অ্যান্টি-ডাম্পিং শুল্ক বসানো হচ্ছে না ।
স্বাধীন ভারতে শ্রমিক অধিকার রক্ষায় , দুর্গাপুরের ইস্পাত শ্রমিকরা যে অন্যন্য সাধারন নজীর তৈরি করছে ,তা দেশ-কালের পরিধি পেরিয়ে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেছে । একই সাথে রাষ্ট্রায়ত্ব শিল্প বাঁচাতে এবং জন্মলগ্ন থেকে  এ.এস.পি ও ডি.এস.পি বাঁচাতে ও দেশের মধ্যে ইস্পাত উৎপাদনে শীর্ষে  পৌঁছাতে দুর্গাপুরের ইস্পাত শ্রমিকরা অন্যবদ্য ভূমিকা পালন করেছে । বিগত এনডি-বিজেপি সময়ে যখন এম.এ.এম.সি – এফ.সি.আই-বি.ও.জে.এল মত একটার পর একটা রাষ্ট্রায়ত্ব শিল্প বন্ধ হয়ে যায় , তখন দুর্গাপুরের ইস্পাত শ্রমিকদের  যৌথ  আন্দোলনের ব্যারিকেড, এ.এস.পি কেনার জন্য আগত জিন্দাল গোষ্ঠী ও ডি.এস.পি –র ক্যাপটিভ পাওয়ার  প্ল্যান্ট কেনার জন্য আগত বহুজাতিক সংস্হা এনরনের প্রতিনিধিদের কারখানায় ঢুকতেই দেয় নি । যৌথ শ্রমিক আন্দোলন গড়ার ক্ষেত্রেও দুর্গাপুরের ইস্পাত শ্রমিকরা সারা ভারতের মধ্যে পথিকৃৎ এর ভূমিকা পালন করছে ।
আজকের ট্রেড ইউনিয়ন সমূহের এর যৌথ গণ কনভেনশন সি.আই.টি.ইউ সহ আই.এন.টি.ইউ.সি-এ.আই. টি.ইউ.সি-বি.এম.এস-এইচ.এম.এস-ইউ.টি.ইউ.সি-টি.ইউ.সি.সি  যোগ দেয় ।
যৌথ প্রস্তাব উথ্থাপন ও ব্যাখ্যা করেন ট্রেড ইউনিয়ন সমূহের যুগ্ম আহ্বায়ক ও সি.আই.টি.ইউ এর বর্ধমান জেলা কমিটির সভাপতি বিনয়কৃষ্ণ চক্রবর্তী । বক্তব্য রেখেছেন প্রবীন শ্রমিক নেতা রথীন রায় , দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.( এম ) বিধায়ক সন্তোষ দেবরায় , স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া (সি.আই.টি.ইউ ) এর সাধারন সম্পাদক পি.কে.দাস , ট্রেড ইউনিয়ন সমূহের অপর যুগ্ম আহ্বায়ক ও আই.এন.টি.ইউ.সি-র বর্ধমান জেলা কমিটির সভাপতি বিকাশ ঘটক,আমীর হায়দার (এ.আই. টি.ইউ.সি), অরূপ কুমার রায় (বি.এম.এস)  অনীত মল্লিক ( টি.ইউ.সি.সি ), সব্যসাচী গোস্বামী (ইউ.টি.ইউ.সি ) সহ এ.এস.পি ও ডি.এস.পি কারখানার  শ্রমিক নেতৃবৃন্দ ।সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ১২ই জুলাই কমিটির ও ব্যাঙ্ক কর্মীদের পক্ষে মধুসূদন খান ও ইস্কো আই.এন.টি.ইউ.সি-এর পক্ষে হরজিন্দার সিং ।  সভাপতিত্ব করেন রথীন রায় । কনভেনশন থেকে আগামী ৯ই জানুঃ এস.ডি.ও দফ্তরে ( সিটি সেন্টার ) গণ অনশন ও ১৮ই জানুঃ এ.এস.পি থেকে ডি.এস.পি কারখানার গেট পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয় ।
কনভেনশন স্হলে উপচে পড়া ভীড় প্রমান করছে আসন্ন লড়াই এর জন্য ঐক্যবদ্ধ হচ্ছে ইস্পাত শ্রমিকরা ।


































Monday, 19 December 2016

অ্যালয় স্টিল প্ল্যান্ট – দুর্গাপুর স্টিল প্ল্যান্ট – দুর্গাপুর কেমিক্যালস বাঁচাতে দুর্গাপুরের ইস্পাত শ্রমিকরা একটানা লড়াই চালিয়ে যাচ্ছে ।



দুর্গাপুর,১৯শে ডিসেঃ – গত ১৫ই ফেব্রুঃ , দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সাথে অ্যালয় স্টিল প্ল্যান্টের ,’মার্জার’ এর ঘোষনার সাথে সাথে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন সহ দুর্গাপুর ইস্পাত ট্রেড ইউনিয়ন সমন্বয় কমিটির ( সি.আই.টি.ইউ) ও অন্যান্য গণসংগঠনের পক্ষ থেকে যৌথভাবে ইস্পাতনগরী সহ সংলগ্ন গ্রামাঞ্চল ও বস্তি গুলিতে লাগাতার প্রচার-মিছিল-পদযাত্রার মধ্য দিয়ে   দুর্গাপুর বাঁচানো তথা রাজ্যের অর্থনীতি রুগ্ন হওয়ার থেকে বাঁচানো ও রুটি-রুজি রক্ষার জন্য অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচানোর সাথে সাথে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট – দুর্গাপুর কেমিক্যালস,রাষ্ট্রায়ত্ব শিল্প ,শিল্প বাঁচাতে আন্দোলন গড়ে তোলা হয় এবং যৌথ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয় । ইতিমধ্যে গত ২৯ নভেঃ সেইল ( স্টিল অথরিটি অফ ইন্ডিয়া ) এর পক্ষ থেকে চিঠি দিয়ে ন্যাশ্যানল স্টক এক্সচেঞ্জ ও মুম্বাই স্টক এক্সচেঞ্জ কে অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ সালেম ও ভদ্রাবতী স্টিল কে ,’স্ট্র্যাটেজিক ডিসইনভেষ্টমেন্ট’ বা বেসরকারীকরন  করতে চেয়ে মোদি সরকারের মন্ত্রীসভার সিদ্ধান্ত জানিয়ে ঐ কারখানাগুলিকে নিলামে চড়ানোর কথা বলে । এই চিঠি প্রকাশ্যে আসতেই অ্যালয় স্টিল প্ল্যান্ট ও  দুর্গাপুর স্টিল প্ল্যান্টে শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং ৩০শে নভেঃ আই.এন.টি.ইউ.সি যৌথ আন্দোলন যোগ দেয় । পরে গত ১৭ই ডিসেঃ সি.আই.টি.ইউ- আই.এন.টি.ইউ.সি-এ.আই.টি.ইউ.সি- টি.ইউ.সি.সি-ইউ.টি.ইউ.সি এর  বৈঠকে যৌথ আন্দোলনের কর্মসূচী ঠিক হয় এবং আগামী ২২ ডিসেঃ ইস্পাতনগরীতে যৌথ কনভেনশন এর ডাক দেওয়া ।
 এদিকে, গতকাল ইস্পাতনগরীতে দুর্গাপুর ইস্পাত ট্রেড ইউনিয়ন সমন্বয় কমিটির ( সি.আই.টি.ইউ) এর ডাকে তিনটি বিশাল মিছিল হয় এবং আজ দুপুর থেকে বিকাল পর্যন্ত সিটি সেন্টার বাস টার্মিনাসে প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয় । দুর্গাপুর বাঁচানো তথা রাজ্যের অর্থনীতি রুগ্ন হওয়ার থেকে বাঁচানো ও রুটি-রুজি রক্ষার জন্য অ্যালয় স্টিল প্ল্যান্ট – দুর্গাপুর স্টিল প্ল্যান্ট – দুর্গাপুর কেমিক্যালস বাঁচাও এবং উচ্ছেদ হওয়া ঠিকা শ্রমিক দের পূনর্বহালের দাবী সম্বলিত অ্যাপ্রন পরিহিত ইস্পাত শ্রমিকরা ( স্হায়ী ও ঠিকা )  বিভিন্ন জেলার বাসযাত্রী-দোকানদার-পথচারী-পরিবহন শ্রমিকদের কাছে ৪০০০ লিফলেট বিলি করে । প্রচার সভায় বক্তব্য রেখেছেন বিজয় সাহা,কবিরঞ্জন দাসগুপ্ত,ললিত মিশ্র,নিমাই ঘোষ,আশীষতরু চক্রবর্তী ও দুর্গাপুর ( পূর্ব ) এর সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায় । সভাপতিত্ব করেন কবিরঞ্জন দাসগুপ্ত ।


















Sunday, 18 December 2016

এ.এস.পি-ডি.এস.পি-ডিসিএল বাঁচাও , দুর্গাপুর রক্ষা করো,রাজ্যের অর্থনীতি বাঁচাও – এই দাবীতে দুর্গাপুর জুড়ে মিছিল ।



দুর্গাপুর,১৮ই ডিসেঃ – অ্যালয় স্টিল প্ল্যান্ট-দুর্গাপুর ইস্পাত কারখানা-দর্গাপুর কেমিক্যালস বাঁচাও, শিল্প বাঁচাও,রাষ্ট্রায়ত্ব  শিল্প বাঁচাও, দুর্গাপুর রক্ষা করো,রাজ্যের অর্থনীতি বাঁচাও -  এই দাবীতে ইস্পাত জোনাল ট্রেড ইউনিয়ন সমন্বয় কমিটির ( সি.আই.টি.ইউ ) ডাকে, আজ সন্ধ্যায়  ইস্পাতনগরীতে  এ-জোন , বি-জোন ও সেইল সমবায় আবাসন অঞ্চলে তিনটি পৃথক মিছিল হল । এই দাবীতে দুর্গাপুরে লাগাতার লড়াই-আন্দোলন চলছে ।