Sunday, 23 July 2017

‘ উন্নয়নের কর্মজজ্ঞে ‘ – কার উন্নয়ন হোল ? : জবাব চাইছে ইস্পাতনগরী ।



দুর্গাপুর,২৩ শে জুলাই : বিদায়ী তৃণমূলের পৌর বোর্ডের কাজের খতিয়ানে উঠে আসছে একগুচ্ছ ‘ না ‘ ! স্মার্ট সিটি হবে ? – না । গরীবদের জন্য আবাসন প্রকল্পে নতুন ঘর হবে ? – না । বন্ধ কারখানা খুলবে ? – না । নতুন কারখানা খুলবে ? – না । বেকারদের চাকরী হবে ? – না ।
তাই পৌর নির্বাচনে ‘ উন্নয়নের কর্মজজ্ঞ ‘  কথা উঠলে , সাধারন মানুষের কথায় ঝরে পড়ছে একরাশ বিরক্তি , হতাশা । দমবন্ধ করা সন্ত্রাসে অবশ্য প্রকাশ্যে মুখ খোলার জো নেই । কিন্তু ভোট দেওয়ার সুযোগ পেলেই ইস্পাতনগরী সহ দুর্গাপুরের মানুষ তৃণমূলের ‘ না ‘ – রাজত্বের বিরুদ্ধে  সাফ জবাব দিচ্ছেন । ২০১১ সালের পরে মানুষ বিভিন্ন নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেলেই ইস্পাতনগরী সহ দুর্গাপুরের মানুষ জয়ী করছেন বাম – গনতান্ত্রিক – ধর্মনিরপেক্ষ শক্তি কে । আসন্ন পৌর নির্বাচনে এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবন নেই বললেই চলে বলে রাজনৈতিক মহল মনে করছেন ।


ইস্পাতনগরীর ৩নং ওয়ার্ডে বামফ্রন্টের মনোনিত সি.পি.আই.(এম ) প্রার্থী তরুন মহিলানেত্রী অঞ্জুশ্রী ঘোষও মনে করেন যে ৩নং ওয়ার্ডে বামফ্রন্টের জয় যাত্রা অব্যাহত থাকবে । ছাত্র জীবন থেকে এসএফআই করার সুবাদে  রাজনীতির সাথে যুক্ত আছেন । তাই অঞ্জুশ্রী ঘোষ ৩নং ওয়ার্ডে পরিচিত তরুন মুখ । ওয়ার্ড টি মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ায় , বিদায়ী তৃণমূলের কাউন্সিলার কে ওয়ার্ডের মানুষ তার ব্যর্থতা কে নিয়ে প্রশ্ন করার সুযোগ পাবেন না । কিন্তু ওয়ার্ড জুড়ে খানাখন্দে ভরা রাস্তাঘাট – ভাঙ্গা কালভার্ট – অনিয়মিত ডাস্টবিন সাফাই - বিকল জলকল – নির্মল শৌচাগার ও ১০০ দিনের কাজ নিয়ে দূর্ণীতি সহ একগুচ্ছ প্রশ্ন তৃণমূল কে তাড়া করছে । এলাকায় ডিএসপি-র পরিত্যক্ত কোয়ার্টারে শাসকদলের মদতে চলছে সমাজবিরোধীদের অবাধ আনাগোনা ।
৩নং ওয়ার্ডে বামফ্রন্টের প্রার্থী জানিয়েছেন যে বামফ্রন্টের নির্বাচনী ইস্তাহার অক্ষরে অক্ষরে পালন করার সাথে সাথে ওয়ার্ডের আশু সমস্যাগুলি অগ্রাধীকারের ভিত্তিতে সমাধান করার চেষ্টা করবেন । আইনস্টাইন এভিন্যু থেকে তানসেন রোড ,বঙ্কিমচন্দ্র এভিন্যু থেকে শোভাপুর বস্তি পর্যন্ত বিস্তৃত  ৩নং ওয়ার্ড ইস্পাতনগরী বাম আন্দোলনের অন্যতম পুরানো ও শক্তিশালী এলাকা হিসাবে পরিচিত । প্রার্থী তালিকা ঘোষিত হওয়ার পর থেকে অঞ্জুশ্রী ঘোষ এর সমর্থনে চলছে ঘরে ঘরে নিবিড় প্রচার । তার সুনিশ্চিত জয়ের লক্ষ্যে বাম ও সি.পি.আই.(এম ) কর্মীরা প্রচারে ঝড় তুলেছেন ।





Saturday, 22 July 2017

ইস্পাতনগরীতে দূর্ণীতিমুক্ত পৌর পরিষেবা ফিরিয়ে আনতে চায় বামফ্রন্ট ।



দুর্গাপুর,২২শে জুলাই : ইস্পাতনগরীর  পৌর পরিষেবার মূল দায়িত্ব দুর্গাপুর ইস্পাত কারখানার । পৌর পরিষেবা আরও উন্নত ও প্রসারিত করার জন্য বামফ্রন্টের সময় দুর্গাপুর পৌর নিগম বিভিন্ন সহায়ক পরিষেবায় হাত বাড়িয়ে দেয় । এর মধ্যে অন্যতম ছিল জঞ্জাল সাফাই । এছাড়াও নগরীর বস্তি গুলিতে নাগরিক পরিষেবার শুরু ও চমকপ্রদ অগ্রগতি ঘটিয়েছিল বাম পৌর বোর্ড । বস্তিতে নূন্যতম পরিষেবার কাজও দুর্গাপুর ইস্পাত কারখানার থেকে করা হোত না । ফলে অপরিচ্ছনতা ও ভয়াবহ অস্বাস্হ্যকর অবস্হায় বস্তিবাসীর দিন কাটত । বাম পৌর বোর্ড বস্তি অঞ্চলে জল – রাস্তাঘাট – জঞ্জাল অপসারন – ড্রেন – কম্যুনিটি ল্যাট্রিন ও বাথরুম – স্বাস্হ্য – অঙ্গনওয়ারি – শিক্ষা প্রভৃতি নাগরিক পরিষেবা চালু করে । ফলে ইস্পাতনগরীতে সামগ্রিক ভাবে নাগরিক পরিষেবার কাজ শুরু হয় ।
এ বারে দুর্গাপুর নগর নিগমের নির্বাচনে ৮ নং ওয়ার্ডে বামফ্রন্টের প্রার্থী সি.পি.আই.( এম ) এর কাজল ( শুভ্রজিত ) চ্যাটার্জী । তিনি এর আগে দু বার ( ২০০২ ও ২০০৭ সালে ) এই ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন । ২০১২ সালে তিনি প্রতিদন্দ্বিতা করেন নি ।
ইস্পাতনগরীর সবচেয়ে পুরনো অঞ্চল হল ৮ নং ওয়ার্ডে । ট্রাঙ্ক রোড থেকে সেন্ট্রাল এভিন্যু , অরবিন্দ এভিন্যু থেকে আর্টারিয়াল রোড পর্যন্ত প্রসারিত বিশাল অঞ্চলে থাকেন দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টর সর্বোচ্চ পদাধিকারি আধিকারিক – ইস্পাত শ্রমিক ও এলআইসি-র কর্মচারী এবং বস্তি বাসীরা । বাসিন্দাদের এই বিচিত্র সমারোহের মধ্যে সবার কাছেই অত্যন্ত পরিচিত নাম কাজল চ্যাটার্জী । দিন-রাত যে কোন মুহূর্তে , ডাকলেই বিনয়ী কাজল চ্যাটার্জী পৌঁছে যান – এ কথা শত্রু-মিত্র সবাই এক বাক্যে মেনে নিয়েছেন ।
ইস্পাতনগরীর ( ভেতরে ) সবচেয়ে পুরনো ও বৃহৎ বস্তি অঞ্চল আছে ৮ নং ওয়ার্ডে । কাউন্সিলর থাকাকালীন বস্তিবাসীরা কাজল চ্যাটার্জীর নেতৃত্বে বাম পৌর বোর্ডের বস্তি উন্নয়নের অভূতপূর্ব কর্মযজ্ঞের স্বাদ পেয়েছিলেন , সে কথা আজও স্মরন করেন । ২০১২ সালে ‘ সন্ত্রাস-বিদ্ধ ‘ পৌর নির্বাচনে তৃণমূল এই ওয়ার্ডে জিতে যায় । তারপরে এই ওয়ার্ডে উন্নয়েনের ধারা ব্যহত হতে শুরু করেছে । নির্মল শৌচাগার , ১০০ দিনের কাজের প্রকল্প , ডিজিট্যাল রেশন কার্ড সহ একাধিক বিষয়ে দূর্ণীতি ও দলবাজির  অভিযোগ করেছেন ৮ নং ওয়ার্ডে বামফ্রন্টের প্রার্থী সি.পি.আই.( এম ) এর কাজল ( শুভ্রজিত ) চ্যাটার্জী । বিদায়ী কাউন্সিলের ব্যবহারে ওয়ার্ডের মানুষ তিতিবিরক্ত । বেআইনী মদের বিক্রী বাড়ছে ।
নির্বাচিত হলে বস্তিবাসীদের জমির পাট্টা পাওয়ার জন্য লড়াই কে অগ্রাধীকার দিতে চান কাজল ( শুভ্রজিত ) চ্যাটার্জী ।

৮ নং ওয়ার্ডে বামফ্রন্টের প্রার্থী সি.পি.আই.( এম ) এর কাজল ( শুভ্রজিত ) চ্যাটার্জীর সমর্থনে বাড়ী প্রচার চলছে । সাধারন মানুষও ভয় কাটিয়ে প্রচারে সারা দিয়ে কাজল ( শুভ্রজিত ) চ্যাটার্জীর সমর্থনে এগিয়ে আসছেন ।




Friday, 21 July 2017

ইস্পাতনগরীতে আসন্ন পৌরভোট কে কেন্দ্র করে শুরু হয়েছে বামফ্রন্টের জোরদার প্রচার ।




দুর্গাপুর,২১শে জুলাই : আগামী ১৩ই আগষ্ট দুর্গাপুর নগর নিগমের নির্বাচন । 
বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার সাথে সাথে ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলে  আসন্ন পৌরভোট কে কেন্দ্র করে শুরু হয়েছে বামফ্রন্টের জোরদার প্রচার । জোর দেওয়া হয়েছে ঘরে ঘরে যাওয়ার কর্মসূচীতে । তৃণমূলের চরম সন্ত্রাসের বলি ইস্পাতনগরীর ও সংলগ্ন অঞ্চলের বহু মানুষ । সি.আই.টি.ইউ করার অপরাধে কাজ হারিয়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানা – টাউনশীপ – মনেট কারখানার হাজার হাজার শ্রমিক ।  দুর্গাপুর শিল্পাঞ্চলের বিশেষ করে ইস্পাত শিল্পের সংকট , ইস্পাতনগরীর জল-বিদ্যুৎ-রাস্তা-নিকাশী ব্যবস্হা সহ সামগ্রিক পরিষেবায় মোক্ষম আঘাত হেনেছে । তার সাথে যুক্ত হয়েছে গত ৫ বছরে তৃণমূল পরিচালিত দুর্গাপুর নগর নিগমের ধারাবাহিক ব্যর্থতা ও দূর্ণীতি । পাশাপাশি , ইস্পাতনগরী সহ সমগ্র দুর্গাপুরে বামফ্রন্ট আমলের উন্নয়নের উজ্জ্বল উপস্হিতি আজও মানুষের মধ্যে উন্নয়নের বিকল্প পন্হার সন্ধান দিচ্ছে । বামফ্রন্টের প্রকাশিত ইস্তাহারে  বিকল্প  উন্নয়নের সুনির্দিষ্ট পরিকল্পনা প্রনোয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । সেই পরিকল্পনার কথা বাড়ী বাড়ী পৌঁছে দিচ্ছেন বামফ্রন্টের প্রার্থী-কর্মী-সমর্থক-নেতৃত্ব । মানুষের সমর্থনের উষ্ণ সাড়াও মিলছে ।

১০ নং ওয়ার্ড – ইস্পাতনগরীর শিবাজী রোড – রাণা প্রতাপ রোড ও অশোক এভিন্যু জুড়ে এই ওয়ার্ডে বামফ্রন্টের প্রার্থী সি.পি.আই.(এম ) এর কালীশংকর ব্যানার্জী ডি.এস.পি-র বিদ্যুৎ সরবরাহক সংস্হা এন.এস.পি.সি.এল এর অবসরপ্রাপ্ত শ্রমিক । শ্রমিক নেতা ও ক্রীড়া-শিশু-সাংস্কৃতিক সংগঠক কালীশংকর ব্যানার্জী  নিজের ওয়ার্ড তো বটেই সারা দুর্গাপুরে অতি পরিচিত নাম । মাটির মানুষ হিসেবে পরিচিত ও ওয়ার্ডের বাসিন্দাদের কাছে অতি পরিচিত  কালীশংকর ব্যানার্জী-র পক্ষে জোরদার প্রচারে সাধারন মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে যোগ দিচ্ছেন । অন্য ওয়ার্ডের বাসিন্দা বিদায়ী তৃণমূলের কাউন্সিলার কে এলাকায় বিগত পৌর নির্বাচনের পর প্রায় দেখতে পাওয়া যায় নি বলে ওয়ার্ডের মানুষ ক্ষোভ  উগরে দিচ্ছেন। বামফ্রন্টের প্রার্থী সি.পি.আই.(এম ) এর কালীশংকর ব্যানার্জী জানিয়েছেন যে ভোটে জিতলে বামফ্রন্টের নির্বাচনী ইস্তাহারে নির্দেশিত উন্নয়নের কাজ করার সাথে সাথে এলাকার উন্নয়নের কতকগুলি বিষয়ে অগ্রাধীকারের ভিত্তি কাজ করতে চান । রাণা প্রতাপ রোড ও অশোক এভিন্যু এর ভাঙ্গা রাস্তার দ্রুত মেরামতির জন্য ডি.এস.পি-র উপর চাপ সৃষ্টি , রাত হলেই বর্তমানে পরিত্যক্ত শিবাজী রোডের ‘ফুলবাগান’ ( নার্সারী ) ও বয়েজ স্কুল কে সমাজবিরোধীদের আস্তানায় পরিনত হওয়ার হাত থেকে রক্ষা করা , আশীষ মার্কেট বাজারের উন্নয়ন , বস্তি উন্নয়নের সহ একগুচ্ছ কাজ অগ্রাধীকারের ভিত্তি করতে চান বলে তিনি জানিয়েছেন ।


Tuesday, 18 July 2017

জান কবুল তবুও কারখানার বেসরকারীকরন হতে দেব না - ইস্পাত শ্রমিকদের অঙ্গীকার ।




দুর্গাপুর , ১৮ই জুলাই : আজ দুপুরে অ্যালয় স্টিল প্ল্যান্টের প্রশাসনিক ভবনের সামনে কারখানা থেকে মিছিল করে ইস্পাত শ্রমিকরা এসে এক বিশাল গণ-বিক্ষোভে যোগ দিয়ে সোচ্চারে এই কথা  জানিয়ে দিলেন অ্যালয় স্টিলের শ্রমিকরা ।  সংহতি জানাতে উপস্হিত ছিলেন পাশের দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা ।

‘মহা রত্ন ‘ রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল এর মহামূল্যবান বিশেষ ইস্পাত উৎপাদক কারখানা - অ্যালয় স্টিল প্ল্যান্ট ( দুর্গাপুর ) , সালেম ( তামিলনাড়ু ) ও ভদ্রাবতী  স্টিল প্ল্যান্ট ( কর্নাটক ) কে মোদি সরকার ‘স্ট্র্যাটেজিক সেল ‘ এর গালভরা বুলির আড়ালে বেসরকারীকরন করতে চাইছে এর বিরুদ্ধে সেইলের শ্রমিকরা ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলেছে । এপ্রিল মাসের ১১ তারিখে তিন টি কারখানায় সর্বাত্মক ধর্মঘট হয় । সংহতি জানিয়ে ঐ দিন সেইলের সর্বত্র শ্রমিক-কর্মচারীরা দু ঘন্টার কর্মবিরতি পালন করেন ।

অ্যালয় স্টিল প্ল্যান্ট এর বেসরকারীকরনের বিরুদ্ধে শ্রমিকরা গত দেড় বছর ধরে লাগাতার লড়াই চালিয়ে আসছে । সব কটি ট্রেড ইউনিয়ন ( তৃণমূল ও বি.এম.এস যোগ দেয় নি ) মিলে গড়ে তুলেছে যৌথ মঞ্চ । প্রায় শতাধিক কর্মসূচিতে দুর্গাপুরের হাজার হাজার সাধারন মানুষ অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচানোর লড়াই-এ সামিল হয়েছে । কারন অ্যালয় স্টিল প্ল্যান্ট এর বেসরকারীকরন কেবল মাত্র তাৎক্ষনিক ভাবে দুর্গাপুর ইস্পাত কারখানা কে সংকটাপন্ন করবে তাই নয় , রাজ্য তথা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে । কিন্তু আশ্চর্যজনক ভাবে অ্যালয় স্টিল প্ল্যান্ট এর বেসরকারীকরন বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নীরব ! দুর্গাপুর (পূর্ব ) এর সি.পি.আই.(এম ) বিধায়ক সন্তোষ দেবরায় ও রাজ্য বিধানসভার বামফ্রন্ট  পরিষদীয় দলনেতা ডঃ সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রী কে চিঠি দিয়ে বেসরকারীকরন রোখার জন্য পদক্ষেপ গ্রহনের আবেদন জানালেও , মুখ্যমন্ত্রী কোন কর্ণপাত করে নি । অ্যালয় স্টিল প্ল্যান্ট এর বেসরকারীকরন এর সিদ্ধান্ত বাতিলের দাবীতে যৌথ মঞ্চ এর প্রতিনিধি দল , দুর্গাপুর (পূর্ব ) এর সি.পি.আই.(এম ) বিধায়ক সন্তোষ দেবরায় সহ কং-বাম-ডিএমকে সাংসদরা যৌথ ভাবে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর সাথে দেখা করেন । রাজ্যসভায় সি.পি.আই.(এম ) সাংসদ তপন সেন ও ঋতব্রত ব্যানার্জী অ্যালয় স্টিল প্ল্যান্ট এর বেসরকারীকরন বাতিল করার জন্য জোড়ালো বক্তব্য রাখলেও , স্হানীয় সাংসদ তৃণমূলের ডঃ মমতাজ সংঘমিত্রা নীরব । কেন্দ্র ও রাজ্য উভয় সরকার গোটা দুর্গাপুর শিল্পাঞ্চলে কারাখানা ধ্বংসের নীতি নিয়েছে । চরম আশংকায় দুর্গাপুরের মানুষের মুখে মুখে ঘুরছ – দুর্গাপুর কি ‘ দুর্দশা-পুর ‘ হয়ে যাবে ? এই অবস্হায় ‘অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও – শিল্প বাঁচাও , দুর্গাপুর ইস্পাত রক্ষা করো – রক্ষা করো দুর্গাপুর ‘ এই শ্লোগান কে সামনে রেখে ট্রেড ইউনিয়ন গুলির যৌথ মঞ্চ যে শক্তিশালী গন-আন্দোলন গড়ে তুলেছিল তা আজ সমগ্র দুর্গাপুর শিল্পাঞ্চলের জীবন-জীবিকা রক্ষার আন্দোলনে পরিনত হয়েছে এবং দুর্গাপুরের মানুষের কাছে তৃণমূল ও বিজেপি কে আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে ।

এদিকে , মোদি সরকার অ্যালয় স্টিল প্ল্যান্ট ( দুর্গাপুর ) , সালেম ( তামিলনাড়ু ) ও ভদ্রাবতী  স্টিল প্ল্যান্ট ( কর্নাটক ) কে বেসরকরীকরন করার লক্ষ্যে আরও একধাপ এগিয়েছে । এই লক্ষ্যে ‘প্রোটোকল ইনস্যুরেন্স সার্ভেয়ার্স এ্যান্ড লস অ্যাসেসরস ‘, ‘ লুথার এ্যান্ড লুথার ল’অফিসেস ‘ ও ‘এস.বি.আই ক্যাপিট্যাল ‘ কে যথাক্রমে অ্যাসেট ভ্যালুয়ার , লিগ্যাল অ্যাডভাইসার ও ট্র্যানজাকসান অ্যাডভাইসার নিযুক্ত করেছে । আজকে গন-বিক্ষোভ চলাকালীন যৌথমঞ্চের প্রতিনিধি দল অ্যালয় স্টিল প্ল্যান্ট এর কর্তৃপক্ষ মাধ্যমে সেইল এর চেয়ারম্যানের কাছে স্মারক লিপি পাঠান । এই স্মারক লিপি তে -  বেসরকরীকরন এর সিদ্ধান্ত বাতিল , অ্যালয় স্টিল প্ল্যান্টের সেইলের স্ট্র্যাটেজিক প্ল্যান্টের চরিত্র অক্ষুন্ন রাখা , ‘সেট’ এর প্রস্তাব অনুসারে অ্যালয় স্টিল প্ল্যান্ট এর আধুনিকীকরন , অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার সিনার্জি গঠনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ এবং অ্যালয় স্টিল প্ল্যান্ট এর  উদ্বৃত্ব জমির সদব্যবহার সহ , অ্যালয় স্টিল প্ল্যান্ট ও দুর্গাপুর ইস্পাত কারখানার সম্প্রসারন-আধুনীকিকরনের দাবী জানানো হয়ছে । তাছাড়াও বেসরকারীকরনের জন্য নিযুক্ত তিনটি এজেন্সীর কোন প্রতিনিধি কে অ্যালয় স্টিল প্ল্যান্ট এর শ্রমিকরা জীবন থাকতে কারখানায় ঢুকতে দেবে না বলে প্রতিনিধি দল অ্যালয় স্টিল প্ল্যান্ট এর কর্তৃপক্ষ কে জানিয়ে দিয়েছে । ইতিমধ্যে গোটা কারখানা জুড়ে শ্রমিকরা, বেসরকারীকরনের জন্য নিযুক্ত তিনটি এজেন্সীর  প্রতিনিধিদের গোপনে পরিদর্শন রুখতে কঠোর নজরদারি শুরু করছেন । 

সমাবেশে বক্তব্য রেখে , নেতৃবৃন্দ যে কোন অবস্হা মোকাবিলার জন্য প্রস্তুত থাকার জন্য এবং শ্রমিক ঐক্য আরও মজবুত ও  আন্দোলন কে প্রসারিত করার আহ্বান জানান ।তারা জানান,যে শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার বহুজাতিক সংস্হা আরসেলার-মিত্তাল এর হাতে অ্যালয় স্টিল প্ল্যান্ট ( দুর্গাপুর ) ও সালেম স্টিল প্ল্যান্ট ( তামিলনাড়ু ) কে তুলে দিতে চাইছে। এ ছাড়াও এসার কোম্পানী কর্তৃক সি.বি.এম ( কোল বেসড মিথেন ) গ্যাসের মূল্য আচমকা প্রতি ইউনিটে ১৬ টাকা বৃদ্ধি করায় গভীর উদ্বেগ প্রকাশ করে , নেতৃবৃন্দ  অবিলম্বে অ্যালয় স্টিল প্ল্যান্ট এর কর্তৃপক্ষ কে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য আহ্বান জানান । সমাবেশে বক্তব্য রাখেন বিনয়েন্দ্রকিশোর চক্রবর্তী , বিকাশ ঘটক , রথীন রায় , দুর্গাপুর (পূর্ব ) এর সি.পি.আই.(এম ) বিধায়ক সন্তোষ দেবরায় , বিজয় সাহা , বিশ্বরূপ ব্যানার্জী , মনিলাল সিনহা , সুব্রত ভট্টাচার্য প্রমূখ ।












Saturday, 15 July 2017

দুর্গাপুর নগর নিগমের নির্বাচন : বামফ্রন্ট প্রথম দফার প্রার্থী তালিকা ও নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল ।



দুর্গাপুর ,১৫ই জুলাই : আজ সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত ভীড়ে ঠাসা কর্মী সভায় আসন্ন দুর্গাপুর নগর নিগমের নির্বাচনের জন্য বামফ্রন্ট প্রথম দফার প্রার্থী তালিকা ও নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল । নির্বাচনী ইস্তাহার আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন সি.পি.আই.(এম)-এর পঃ বঙ্গ রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । তার হাতে ইস্তাহারের কপি তুলে দেন পার্টি নেতা পঙ্কজ রায় সরকার ।
বামফ্রন্টের প্রার্থী তালিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন সি.পি.আই.(এম)-এর বর্ধমান ( পশ্চিম ) জেলা সাংগঠনিক কমিটির আহ্বায়ক গৌরাঙ্গ চ্যাটার্জী । মোট ৪৩ টি আসনের মধ্যে বামফ্রন্ট ৩৫টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করবে জানিয়েছে । সি.পি.আই.(এম)- ৩১,ফঃবঃ- ০১ ও সি.পি.আই – ০৩ টি কেন্দ্রে প্রার্থী দিচ্ছে । একটি কেন্দ্রে নির্দল ( ৯ নং ওয়ার্ড ) প্রার্থী কে সমর্থন করবে বামফ্রন্ট । আজ ,ফঃবঃ এর প্রার্থী সহ সি.পি.আই.(এম) এর ৩০ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয় । নির্দল প্রার্থী , সি.পি.আই.(এম) এর ১ জন  ও  সি.পি.আই এর ৩ জন প্রার্থীর নাম পরে ঘোষনা করা হবে বলে জানানো হয় । বাকী ৮ টি আসনে তৃণমূল ও বিজেপি-র বিরুদ্ধে ‘উপযুক্ত ‘ ও ‘ লড়াকু ‘ প্রার্থী কে  বামফ্রন্ট সমর্থন করবে ।
এ প্রসঙ্গে কর্মীসভায় বলতে গিয়ে সূর্যকান্ত মিশ্র কোন রকম ‘জোট ‘ বা আসন সমঝোতা দুর্গাপুরের পৌর নির্বাচনে হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন ।
দুর্গাপুরের পৌর নির্বাচনে বামফ্রন্ট কে বিপুল ভাবে জয় যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন যে একের পর এক শিল্প কে ধ্বংস করার পদক্ষেপ গ্রহন করে শিল্প শহর কে চরম দুর্দশার দিকে ঠেলে দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার । রাজ্যের তৃণমূলের শাসনে শাসক দলের চরম সন্ত্রাসের মুখোমুখি হয়েও দুর্গাপুরের মানুষ বুক চিতিয়ে লড়াই করছে । নির্বাচনে অবধারিত পরাজয় জেনে , পৌর নির্বাচন না করার ফন্দি এঁটেছিল । সেই চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ায় , এখন ভোটের দিনে সন্ত্রাস করার ফিকির করছে তৃণমূল । নিবার্চন কমিশন – পুলিশ – প্রশাসনের উপর ভরসা না করে , তিনি তৃণমূলের নির্বাচনী-সন্ত্রাস ‘দমন’ করার জন্য সব রকমের পন্হা অবলম্বনের জন্য বাম কর্মীদের কাছে আহ্বান জানান । অন্য দিকে বিজেপি-র সাম্প্রদায়িক নীতির সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়ে , তিনি সাম্প্রতিক বসিরহাট ও দার্জিলিং এর ঘটনা রোধে ব্যর্থতার জন্য মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন । নারদা-সারদা কেলেংকারী তদন্তের জন্য সিবিআই এর অযথা কালক্ষেপ ও মমতা ব্যানার্জী কে এখনও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে না পাঠানোর জন্য , শ্রী মিশ্র ২০১৪ সালের মোদির নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরন করিয়ে দিয়ে বলেন যে সিবিআই –ইডি -র উচিত  কালিঘাটে  গিয়ে মমতা ব্যানার্জী ও তার পরিবারের বিপুল পরিমানে সম্পদ বৃদ্ধির রহস্য ভেদ করা । দুর্গাপুর কে রক্ষা করতে , শিল্প রক্ষা করতে,গনতন্ত্র বজায় রাখতে , সাম্প্রদায়িকতা রুখতে , স্বচ্ছ ও দূর্ণীতি মুক্ত পৌর বোর্ড গঠন এর স্বার্থে তিনি আসন্ন দুর্গাপুর নগর নিগমের নির্বাচনে বামফ্রন্ট কে জয়ী করার আহ্বান জানান ।

সভায় উপস্হিত ছিলেন মদন ঘোষ , অমল হালদার , অচিন্ত্য মল্লিক সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ । সভাপতিত্ব করেন সন্তোষ দেবরায় । প্রবল ভীড়ের চাপে বহু মানুষ বক্তৃতা মঞ্চে বসতে বাধ্য হন । বহু মানুষ হলের বাইরে থেকেও ধৈর্য ধরে বক্তব্য শোনেন ।





















Friday, 14 July 2017

সেইল সমবায় আবাসন এর সমবায় নির্বাচনে বামপন্থী ও প্রগতিশীল প্রার্থীদের বিপুল জয় ।



দুর্গাপুর,১৪ই জুলাই : সেইল সমবায় আবাসন এর  সার্ভিস কো-অপাঃ “ দুর্গাপুর সেইল এমপ্লয়িজ প্রাইমারী কমন সার্ভিস সোসাইটি লিমিটেড “ এর বোর্ড নির্বাচনে  বামপন্থী ও প্রগতিশীল প্রার্থীরা বিপুল জয় পেলেন । বর্তমানে এই সমিতির মোট সদস্য সংখ্যা ১৪৪২ । মোট ৬০ জন প্রতিনিধি সহ ৩৩ কেন্দ্রের নির্বাচন হওয়ার কথা ছিল আগামী ২৪শে জুলাই । গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে । মনোনয়ন পত্র পরীক্ষার পর দেখা যায় যে  মোট ৬০ জন প্রতিনিধির মধ্যে  ৫১ জন বামপন্থী ও প্রগতিশীল প্রার্থী ২৯টি কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন । বাকী চারটি কেন্দ্র সহ ৮টি আসনের জন্য নির্বাচন হবে আগামী ২৪ জুলাই । প্রসংগত , গত ২০০৮ সাল থেকে বামপন্থী ও প্রগতিশীলরা এই সমবায়ের বোর্ড নির্বাচন লাগাতার জয় লাভ করে বোর্ড পরিচালনা করছেন । এই সমবায়ের পক্ষ থেকে সমবায় অঞ্চলে রাস্তার আলোর রক্ষনাবেক্ষন , জল-বিদ্যুৎ-নিকাশী ব্যবস্হার মেরামতি,জঞ্জাল অপসারনের মত গুরুত্বপূর্ন নাগরিক পরিষেবা দেওয়া হয় ।
গত ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে , দুর্গাপুরে সমাবায় ব্যাঙ্ক-ক্রেতা সমবায়-ক্রীড়া সংস্হা ও পৌর নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনে শাসকদল ভয়াবহ সন্ত্রাস চালিয়ে কার্যতঃ বামপন্হীদের প্রতিদ্বন্দ্বিতা করতে দেয় নি । এই সমবায়ের পরিচালন সমিতির নির্বাচন নিয়েও নানা টালবাহনা শুরু হয় । অবশেষে গত ৫ই এপ্রিল ভোট গ্রহনের দিন ঘোষিত হলেও পরে রাজ্য সরকারের সমবায় দফ্তর থেকে ভোট গ্রহন স্হগিত রাখা হয় । এই অবস্হায় পরিচালন সমিতির পক্ষ থেকে হাইকোর্টের দ্বারস্হ হলে কোর্ট অবিলম্বে নির্বাচনের দিন ঘোষনার নির্দেশ দিলেও অযথা কালক্ষেপ করে বলে অভিযোগ করেন বিদায়ী পরিচালন সমিতির সম্পাদক মনোজ চক্রবর্তী ও ভাইস চেয়ারম্যান সুদর্শন মজুমদার । তার দাবী করেন যে জনগনের এই রায় বিদায়ী পৌর বোর্ড (দুর্গাপুর নগর নিগম ) এর পৌর পরিষেবার ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থতা,রাজ্য সরকারের সমবায় পরিচালনায় পর্বত-প্রমান গাফিলতির বিরুদ্ধে এবং সমবায় পরিচালনায় বামপন্থী ও প্রগতিশীলদের ঐকান্তিক ও নীতিনিষ্ঠ প্রচেষ্টার পক্ষের রায় । দুর্গাপুর পৌর নির্বাচনের পূর্বক্ষনে,  দুর্গাপুর নগর নিগমের বিদায়ী মেয়র তৃণমূলের অপূর্ব মুখোপাধ্যায়ের নিজের ওয়ার্ডে ( ২২নং ওয়ার্ড ) বামপন্থী ও প্রগতিশীলদের এই বিশাল জয় বিশেষ ইঙ্গিতপূর্ন বলে মানুষ মনে করছেন ।

দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় এই জয়ের জন্য সেইল সমবায় অঞ্চলের নাগরিকদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ।

Monday, 10 July 2017

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার ডাক দিয়ে ইস্পাতনগরীতে পথসভা ।



দুর্গাপুর ,১০ই জুলাই : আজ সন্ধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১নং এরিয়া কমিটির পক্ষ থেকে সেইল সমবায় আবাসন অঞ্চলে কবিগুরু ( ২য় স্টপেজ ) ও ৩নং এরিয়া কমিটির পক্ষ থেকে  সেকেন্ডারী রোডে ( এম.আই.এস মোড় ) দুটি পৃথক পথসভায় বক্তব্য রাখেন যথাক্রমে মলয় ভট্টাচার্য , বিশ্বরূপ ব্যানার্জী ও আশীষ মিশ্র এবং সীমান্ত তরফদার ও মলয় চক্রবর্তী । বক্তারা বিজেপি-আরএসএস এর সাম্প্রদায়িক নীতির তীব্র সমালোচনার সাথে সাথে রাজ্যের তৃণমূল সরকারের সাম্প্রদায়িক শক্তিগুলিকে মদত যোগানোর নীতি কে তীব্র সমালোচনা করেন এবং সমস্ত ধরনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষ কে সোচ্চার হওয়ার জন্য এবং ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান ।