Friday, 22 September 2017

ইস্পাতনগরীর কোয়ার্টার-জমি লিজ-লাইসেন্স ও উপযুক্ত নাগরিক পরিষেবার দাবীতে বিক্ষোভ সমাবেশ ।




দুর্গাপুর,২২শে সেপ্টেঃ – আজ বিকালে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনে ( টি.এ.বিল্ডিং ) হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে ইস্পাতনগরীর কোয়ার্টার-জমি লিজ-লাইসেন্স ও উপযুক্ত নাগরিক পরিষেবার দাবীতে বিক্ষোভ সমাবেশ হয় ।
দীর্ঘ দিন ধরে সমস্ত ধরনের ইস্পাত শ্রমিক-কর্মচারীদের  ( কর্মরত ও অবসরপ্রাপ্ত ) জন্য ইস্পাতনগরীর কোয়ার্টার-জমি লিজ ও লাইসেন্স এর দাবীতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) যৌথ ও একক আন্দোলন চালিয়ে আসছে । আন্দোলনের চাপে ইস্পাত কর্তৃপক্ষ আংশিক দাবী মানলেও , সামগ্রিক দাবী পূরনের ক্ষেত্রে টালবাহানা করছে । অন্য দিকে জল-বিদ্যুৎ-রাস্তা-নিকাশী বব্যস্হা-কোয়ার্টার মেইন্টেন্যান্স এর মত গুরুত্বপূর্ণ পরিষেবায় গুরুতর অবনতি ঘটেছে । ইস্পাতনগরীর জমি-কোয়ার্টার বেদখল ও যত্রতত্র অবৈধ দোকানপাট ও বস্তি গড়ে উঠছে , চলছে অবৈধ বিদ্যুৎ-সংযোগ ও বিদ্যুৎ চুরি । এক্ষেত্রেও ইউনিয়ন লাগাতার ভাবে আন্দোলন চালিয়ে ইস্পাত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করলেও সমস্যার সিংহভাগ লাঘব হয় নি ।

বিক্ষোভ সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল দাবী-সম্বলিত স্মারকলিপি কর্তৃপক্ষের কাছে জমা দেয় । পরে প্রতিনিধি দলের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী  সমাবেশে জানান যে কর্তৃপক্ষ দুর্গাপূজোর পরে কোয়ার্টার-জমি লিজ ও লাইসেন্স এর বিষয়ে ইউনিয়নদের সাথে আলোচনার আশ্বাস দিয়েছে । এ ছাড়া , নাগরিক পরিষেবার বিষয়ে বেশ কিছু কাজ আগামী নভেম্বর মাস থেকে শুরু করার আশ্বাস কর্তৃপক্ষ দিয়েছে বলে তিনি জানিয়েছেন । বিক্ষোভ সমাবেশে বক্তব্য অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুরুপ্রসাদ ব্যানার্জী , প্রকাশতরু চক্রবর্তী ( সি.আই.টি.ইউ ), সুব্রত ভট্টাচার্য ( আই.এন.টি.ইউ.সি ),দুলাল কয়াল ( সেইল এমপ্লয়িজ ফোরাম ) ও সুকান্ত সেন ( লাইসেন্সিং অ্যাসোসিয়েশন )


Thursday, 21 September 2017

বি.টি.রণদিভে ভবনে অনুষ্ঠিত হল পুরস্কার বিতরন,সাংস্কৃতিক অনুষ্ঠান ।



দুর্গাপুর , ২১শে সেপ্টেঃ : আজ সন্ধ্যায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে বি.টি.রণদিভে ভবনে অনুষ্ঠিত হল পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান । গত ৬ই আগষ্ট ইউনিয়ন দফ্তরে শহীদ দিবস উপলক্ষ্যে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায়  সফল ৩০ জন প্রতিযোগি ও তাৎক্ষনিক বক্তৃতায় সফল ৫ জন প্রতিযোগি কে আজ পুরষ্কৃত করা হয় । কর্মক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য কেন্দ্রীয় সরকারের বিশ্বকর্মা পুরষ্কার বিজেতা দুর্গাপুর ইস্পাত কারখানার ১০ জন শ্রমিক কে সম্বর্ধনা জানানো হয় । নাট্য চর্চার বিশেষ কৃতিত্বের জন্য সম্বর্ধিত হয় মিত্র মেলা কিশোর বাহিনী । সম্বর্ধনা জানানো হয় ইউনিয়নের সর্বক্ষনের কর্মী রামরূপ প্রসাদ কে । পুরস্কার বিতরন ও সম্বর্ধনা জানান ইউনিয়নের সভাপতি রথীন রায় , বিশ্বরূপ ব্যানার্জী সহ উপস্হিত  ইউনিয়ন নেতৃবৃন্দ ।




Wednesday, 20 September 2017

বার্ষিক বোনাস ( পূজা বোনাস) এর দাবীতে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ ।



দুর্গাপুর,১৩ই সেপ্টেঃ : আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানায় ই.ডি. ওয়ার্কসের দফ্তরে  ইস্পাত শ্রমিকরা বার্ষিক বোনাস ( পূজা বোনাস) এর দাবীতে বিক্ষোভ দেখান । অবিলম্বে বাৎসরিক বোনাসের ( যা পূজো বোনাস নামে পরিচিত ) আলোচনা শুরু করে বোনাস-চুক্তি সহ অবিলম্বে শ্রমিকদের বোনাস প্রদানের দাবীতে   আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী  ও ললিত মিশ্র । সভাপতিত্ব করেন কবিরঞ্জন দাসগুপ্ত । সভা চলাকালীন,এক প্রতিনিধি দল ই.ডি. ওয়ার্কসের দফ্তরে  গিয়ে দাবী-সম্বলিত স্মারকলিপি জমা দেয় । এই দাবীতে আজ রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইলের সবর্ত্র শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ দেখিয়েছেন বলে জানিয়েছেন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) সাধারন সম্পাদক পি.কে.দাস । সেইল কর্তৃপক্ষ আগামী ২৬শে সেপ্টেঃ দিল্লি তে বোনাস সংক্রান্ত আলোচনার জন্য ইউনিয়ন গুলি কে ডেকেছে ।  

Wednesday, 13 September 2017

দুর্গাপুর ইস্পাত কারখানায় তুমুল শ্রমিক বিক্ষোভ ।




দুর্গাপুর,১৩ই সেপ্টেঃ : আজ বিকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানায় সি.ই.ও এর দফ্তরে  ইস্পাত শ্রমিকরা তুমুল বিক্ষোভ দেখালেন । বাৎসরিক বোনাসের ( যা পূজো বোনাস নামে পরিচিত ) আলোচনা শুরু করে বোনাস-চুক্তি সহ অবিলম্বে শ্রমিকদের বোনাস প্রদান, ‘পারসোন্যাল অ্যাপ্রাইসালে’ এর নামে চুক্তি ভঙ্গ করে শ্রমিকদের প্রমোশনের ক্ষেত্রে কর্তৃপক্ষের পুরনো ঢং এর স্বেচ্ছাচারী বাধাদানের  প্রথা ফিরিয়ে আনার অপচেষ্টা অবিলম্বে বাতিল ও আউট-পাস নিয়ে কর্তৃপক্ষের খামখেয়ালী সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবীতে আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী , প্রকাশতরু চক্রবর্তী ও ললিত মিশ্র । সভাপতিত্ব করেন কাজল মজুমদার । সভা চলাকালীন,এক প্রতিনিধি দল সি.ই.ও এর দফ্তরে  গিয়ে দাবী-সম্বলিত স্মারকলিপি জমা দেয় । গত ১১ই সেপ্টেঃ , ইউনিয়নের পক্ষ থেকে কারখানার প্রতিটি বিভাগের প্রধানের কাছে একই দাবীতে বিক্ষোভ দেখানো হয় ।

Monday, 11 September 2017

১৭টি বামপন্হী সংগঠনের ডাকে ১২দফা দাবীতে আজ আসানসোলে গণ সমাবেশে জনজোয়ার ।




দুর্গাপুর,১১ই সেপ্টেঃ : আজ বিকালে আসানসোলের জেলা লাইব্রেরীর ময়দানের সংহতি মঞ্চে ১৭টি বামপন্হী সংগঠনের ডাকে ১২দফা দাবীতে আজ আসানসোলে গণ সমাবেশে জনজোয়ার সৃষ্টি হয় । বর্ধমান ( পশ্চিম ) জেলার এই কেন্দ্রীয় সমাবেশে সম কাজে সম বেতন , বন্ধ কল-কারখানা খোলা , বেকারদের জন্য কাজ সৃষ্টি সহ ১২ দফা দাবীতে , জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ  যোগ দেন । দাবী পত্র উথ্থাপন করেন বীরেশ্বর মন্ডল । জেলার শিল্পাঞ্চলের করুণ অবস্হার কথা তুলে ধরেন জেলার বামফ্রন্টের আহ্বায়ক বংশগোপাল চৌধুরী । একই সাথে তিনি কৃষি ও কৃষকের জীবনের ভয়াবহ পরিস্হিতির কথা তুলে ধরে কেন্দ্র ও রাজ্য সরকারের তুলোধোনা করেন । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান ( পশ্চিম ) জেলা সাংগঠনিক কমিটির আহ্বায়ক গৌরাঙ্গ চ্যাটার্জী  একই সাথে পঃ বঙ্গে শ্রমজীবি মানুষের উপরে তৃণমূলের চরম অগনতান্ত্রিক আক্রমনের কথা স্মরন করিয়ে দিয়ে, শ্রমজীবি মানুষের জীবন-জীবিকা ,গনতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান । সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আর.পি.সিং ( সি.পি.আই),বিধুভূষন চৌধুরী ( আর.এস.পি),ওয়াসিমূল হক ( আসানসোল পৌরসভার বিরোধী দলনেতা ) ও ভবানী আচার্য ( ফঃ বঃ ) । সমাবেশ চলাকালীন প্রতিনিধি দল গিয়ে ডিএম এর কাছে দাবী-সম্বলিত স্মারকলিপি জমা দেয় । সমাবেশে সভাপতিত্ব করেন বংশগোপাল চৌধুরী ।










Sunday, 10 September 2017

গৌরী লঙ্কেশের খুনের বিরুদ্ধে বিজ্ঞান মঞ্চের প্রতিবাদ মিছিল ।



দুর্গাপুর,৭ই সেপ্টেঃ : কর্ণাটকের বিশিষ্ট সাংবাদিক ও বিভিন্ন সামাজিক আন্দোলনের বিশিষ্ট সংগঠক গৌরী লঙ্কেশের খুনের প্রতিবাদে পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের ইস্পাত শাখার পক্ষ থেকে আজ সকালে সেইল সমবায় আবাসন অঞ্চলে একটি প্রতিবাদী মৌন মিছিল সংগঠিত হয় । মিছিল শেষে বক্তব্য রাখেন ইস্পাত শাখার সম্পাদিকা অরুন্ধতী ভাদুরী ।

Friday, 8 September 2017

গৌরী লঙ্কেশের খুনের বিরুদ্ধে ইস্পাতনগরীতে প্রতিবাদ চলছে ।



দুর্গাপুর,৭ই সেপ্টেঃ : কর্ণাটকের বিশিষ্ট সাংবাদিক ও বিভিন্ন সামাজিক আন্দোলনের বিশিষ্ট সংগঠক গৌরী লঙ্কেশের খুনের প্রতিবাদে আজও  ইস্পাতনগরীতে প্রতিবাদ সংগঠিত হয় । সকালে দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানায় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের আহ্বানে ইস্পাত শ্রমিকরা কারখনার অভ্যন্তরে বিক্ষোভ দেখান । সন্ধ্যায় পার্টির ইস্পাত এরিয়া-২ কমিটির ডাকে  ইস্পাতনগরীর এ-জোন সেকেন্ডারী রোডের এম.আই.এস মোড়ে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নির্মল ভট্টাচার্য ও জীবন আইচ । আবৃতি করে প্রতিবাদ জানান রূপক দাস,সুচিরা সরকার ও অশোক কুণ্ডু । প্রতিবাদ জানিয়ে সাক্ষর গৌরী লঙ্কেশের ছবি-সম্বলিত ফেস্টুনে সাক্ষর  করেন বহু মানুষ । সভাপতিত্ব করেন কাজল চ্যাটার্জী ।