Friday, 3 May 2019

ইস্পাতনগরীতে পালিত হল ৫৪তম শ্রমিক সংহতি দিবস ।




দুর্গাপুর,৩রা মে : আবারও ফিরে এল ৩রা মে । ইস্পাতনগরীর ২/১ তিলক রোডে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর অ্যালয় স্টিল প্ল্যান্ট শাখার দফ্তরে প্রতি বছরের মতো এবারও পালিত হল শ্রমিক সংহতি দিবস । সাইক্লোন ‘ফনি’-র জন্য দুর্যোগের আবহাওয়ার মধ্যেও দলে দলে ইস্পাত শ্রমিক-কর্মচারি-ঠিকা শ্রমিক আজকে সংহতি দিবসের কনভেনশনে যোগ দেন । ১৯৬৬ সালে আজকের দিনে অ্যালয় স্টিল প্ল্যান্টে কারখানার ডিউটি বাস কে কেন্দ্র করে কর্তৃপক্ষের স্বৈরতান্ত্রিক আচরনের প্রতিবাদে শ্রমিকরা প্রবল বিক্ষোভ ফেটে পড়েন । পরিনামে শ্রমিকদের উপর কর্তৃপক্ষ ও তৎকালিন শাসক কংগ্রেস দলের নৃশংস শারীরিক অত্যাচার,ধরপাকড়,মিথ্যা মামলা,সাসপেনশন,চার্জশীটের খাঁড়া নেমে আসে । কিন্তু শ্রমিকরা বিন্দুমাত্র না দমে গড়ে তোলেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর অ্যালয় স্টিল প্ল্যান্ট শাখা । অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকদের সংগ্রামের নয়া রাস্তায় পথ চলা শুরু হয় ।
বিগত ২০১৬ থেকে মোদি সরকারের স্ট্র্যাটেজিক বিলগ্নিকরনের লক্ষ্য অ্যালয় স্টিল প্ল্যান্ট । কিন্তু এই চক্রান্তের বিরুদ্ধে  ঐতিহাসিক লড়াই দুর্গাপুরের সীমা ছাড়িয়ে সারা জেলায় গোটা রাজ্যে নজির গড়েছে । গড়ে উঠেছে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চ । ৫৩ বছর পার করেও শ্রমিক আন্দোলন ও শ্রমিক ঐক্য সুদৃঢ় করতে আজও পথ দেখাচ্ছে ৩রা মে’র শ্রমিক সংহতি দিবস ।
আজ সন্ধ্যায় আয়োজিত কনভেনশনে বক্তব্য রাখেন বিজয় সাহা,সন্তোষ দেবরায়,রথিন রায় ও জীবন রায়।গণসংগীত পরিবেশন করেন লহরী গোষ্ঠির শিল্পীরা ।








Wednesday, 1 May 2019

ইস্পাতনগরীতে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল ঐতিহাসিক মে দিবস ।




দুর্গাপুর,১লা মে : আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চিরাচরিত ভাবে ইস্পাতনগরীতে পালিত হল ঐতিহাসিক মে দিবস । সকালে বিভিন্ন সেক্টর অফিস ও ইউনিয়ন দফ্তর গুলিতে রক্তপতাকা উত্তোলন করা হয় । বি.টি.রণদিভে ভবনে  রক্তপতাকা উত্তোলন করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর সভাপতি রথিন রায় ও স্টিল ওয়ার্কর্স ফেডারেশন অফ ইন্ডিয়া ( সি.আই.টি.ইউ) এর সাধারন সম্পাদক পি.কে.দাস। এরপরে এক বিশাল বাইক মিছিল বি.টি.রণদিভে ভবন থেকে শুরু হয়ে যায় আশিস মার্কেটে ।  প্রতিবারের মতো  মূল অনুষ্ঠানটি হয় আশিস মার্কেটে । এখানে  রক্তপতাকা উত্তোলন করেন শ্রমিক নেতা রথিন রায় । শহীদবেদীতে মাল্যদান করেন রথিন রায়,বিধায়ক সন্তোষ দেবরায়,পি.কে.দাস,সুবীর সেনগুপ্ত,নির্মল ভট্টাচার্য,বিশ্বরূপ ব্যানার্জী,আর.পি.গাঙ্গুলী,মলয় ভট্টাচার্য সহ অন্যান্য  নেতৃবৃন্দ । গণসংগীত যৌথভাবে পরিবেশন করেন লহরী ও গণনাট্য সংঘের ইস্পাত ( দুর্গাপুর) শাখার সদস্যরা । এরপরে জব্বার বাগে শহীদবেদীতে মাল্যদান করা হয় । । আশিস-জব্বার ভবনেও রক্তপতাকা উত্তোলন করা হয় । সন্ধ্যায় বি.টি.রণদিভে ভবনে  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর ডাকে শ্রমিক কনভেনশনে বক্তব্য রাখেন রথিন রায়, সন্তোষ দেবরায় ও জীবন রায় । সংগীতালেখ্য পরিবেশন করেন ইউনিয়নের সাংস্কৃতিক শাখা ।




































Tuesday, 30 April 2019

রক্তাত হয়েও মাথা উঁচু করে ইস্পাতনগরী তৃণমূলী ভোট-লুঠেরাদের পরাস্ত করল ।




দুর্গাপুর,৩০শে এপ্রিল :গত পুরসভা নির্বাচনে ভোট-লুঠের দগদগে স্মৃতি মনে রেখে ভোটের দিন সকাল থেকে ভোট-কেন্দ্র মুখী হয়েছিলেন ইস্পাতনগরী ও সংলগ্ন বস্তি ও গ্রামাঞ্চলের ভোটাররা । সকাল থেকে ভোট-কেন্দ্র গুলিতে ভোটারদের লম্বা লাইন তৃণমূল কে বুঝিয়ে দিচ্ছিল সন্ত্রাস কে পরাস্ত করে ভোটদানের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দৃঢ় প্রতিজ্ঞ । ভোট দিতে মানুষ যে জোট বেঁধেছে এটা বুঝতে পেরে তৃণমূল ভোটের দিনের আগের থেকে সন্ত্রাস  শুরু করে । দয়ানন্দ রোডের  ডিএসপি স্পোর্টস হোস্টেলের চত্বরে বোমা ফাটায় । ভোটের আগের দিন(২৮শে এপ্রিল) সন্ধ্যায় তৃণমূলীরা কমলপুরে সিপিআই(এম) সমর্থকদের বাড়ী বাড়ী ঢুকে হামলা চালায় । খবর পেয়ে ছুটে যান এলাকার বিধায়ক সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য । পুলিশ কে অভিযোগ জানালেও কেউ গ্রেফ্তার হয় নি । তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে নিউটন-আইনস্টাইন ও জে.সি.বোস ঝুপড়ি অঞ্চলে টাকা-মদ ও নিষিদ্ধ মাদক বিলির । পুলিশের কাছে অভিযোগ জানিয়েও ফল মেলেনি । ভোটের দিন সকাল থেকে সিপিআই(এম) এর পোলিং এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়া হয় ।শিবাজী রোড -স্কুল রোড ও আইনস্টাইন রোড-বেলতলা স্কুলের বুথে হামলা হয় । কিন্তু ভয় না পেয়ে , সিপিআই(এম) এর পোলিং এজেন্টরা বুথ বসেন এবং ভোট শেষ না হওয়া পর্যন্ত থাকেন । এদিকে বুথে বুথে ভোটারদের বিশাল সারি দেখে তৃণমূল কংগ্রেস প্রমাদ গোনে । বেলা বারো টার পরের থেকে তৃণমূলের নেতা-নেত্রীরা এসইউভি চড়ে বিভিন্ন বুথে হামলা-হুমকি-মারধোর – অবৈধ জমায়েত  শুরু করে । সিপিআই(এম) এর পোলিং এজেন্ট সহ বুথ ক্যাম্পগুলি ছিল এই হামলা-হুমকির লক্ষ্য । এমনকি পোলিং এজেন্টদের বাড়ীতে হুমকি-শাসানি শুরু হয় । অশোক এভিন্যুর তিনটি বুথে পোলিং এজেন্টদের জোর করে বার করে দিলেও পরে  আবার তারা বসেন । পরে আবারও তাদের টেকনিক্যাল কারনে বার করে দেওয়া হয় । এছাড়া আর সব বুথে পোলিং এজেন্টরা শেষ পর্যন্ত থাকেন,তৃণমূলের  ভোট-লুঠ ও জাল-ভোটের চেষ্টা রুখে দেন । এই রাগে তৃণমূলীরা ভোট-প্রক্রিয়ার শেষে বিধানচন্দ্র ইনস্টিউটের ১৩০ ও ১৩১ নং বুথের পোলিং এজেন্ট ভজন সিংহরায় ও কেষ্ট গুপ্তর উপর হামলা চালায় । গুরুতর আহত ভজন সিংহরায় কে দুর্গাপুর ইস্পাতের মেইন হাসপাতালে ভর্তি করতে হয় । খবর পেয়ে ছুটে যান সুবীর সেনগুপ্ত ও বিশ্বরূপ ব্যানার্জী । আজকে দেখতে যান দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায় । তিনি নেতৃবৃন্দের পক্ষ থেকে এই আক্রমনের তীব্র নিন্দা করে অবিলম্বে দোষিদের গ্রেফ্তার ও শাস্তির দাবি জানান । তিনি জানান তৃণমূলের ভোট-লুঠের চেষ্টা রুখতে ১০০টি অভিযোগ নির্বাচন কমিশন কে করা হয়েছিল ।



Friday, 26 April 2019

প্রচারের শেষপর্বেও আভাস রায়চৌধুরীর পক্ষে মিছিল-মিটিং করলেন ইস্পাত শ্রমিকরা ।




দুর্গাপুর,২৬শে এপ্রিল : আগামীকাল সপ্তদশ লোকসভা নির্বাচনে পঃ বঙ্গের চতুর্থ পর্যায়ের নির্বাচনে যে সব কেন্দ্রে নির্বাচন হবে,সেই সব কেন্দ্রের প্রচার  শেষ হবে। আগামী ২৯শে এপ্রিল এই সব কেন্দ্রে ভোট নেওয়া হবে । এদের মধ্যে অন্যতম নজরকাড়া বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রটি । এখানে চতুর্মূখী লড়াই হচ্ছে । ধারে ও ভারে বামফ্রন্ট  মনোনীত সিপিআই(এম) প্রার্থী আভাস রায়চৌধুরী অনেকটা এগিয়ে আছে বলে ভোটারদের মধ্যে ধারনা । আভাস রায়চৌধুরী কে জয়ী করার আহ্বান জানিয়ে মাসাধিক কাল ধরে ইস্পাতনগরী ও ইস্পাত কারখানায় ( দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্ট ) লাগাতার প্রচার চলছে । আজ  দুর্গাপুর ইস্পাতে আভাস রায়চৌধুরী কে জয়ী করার আহ্বান জানিয়ে ইস্পাত শ্রমিকরা মিছিল করেন । সন্ধ্যায় ট্রাঙ্ক রোড মোড়ে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন আশিষ মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জী ও ডিওয়াইএফআই এর রাজ্য সভানেত্রী মিনাক্ষি মুখার্জী । সভার শুরুতে গণসংগীত ও নাটক পরিবেশন করেন গণনাট্য সংঘের ইস্পাত(দুর্গাপুর) শাখার সদস্যবৃন্দ ।











Thursday, 25 April 2019

সন্ত্রাস উপেক্ষা করে কমলপুরের মানুষ আভাস রায়চৌধুরীর সমর্থনে নির্বাচনী সভায় যোগ দিলেন ।




দুর্গাপুর,২৫শে এপ্রিল : ২০১১ এর পরের থেকে লাগাতার সন্ত্রাসের শিকার ইস্পাতনগরীর সংলগ্ন গ্রামাঞ্চল ধোবিঘাট,রঘুনাথপুর,কমলপুর ও পারুলিয়ায় । আজ সেই সন্ত্রাসবিদ্ধ কমলপুরে মানুষ দলে দলে  মানুষ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী আভাস রায়চৌধুরীর সমর্থনে নির্বাচনী সভায় যোগ দিলেন । বক্তব্য রেখেছেন জীবন আইচ,মলয় চক্রবর্তী,সন্তোষ দেবরায় ও আভাস রায়চৌধুরী । সভার শুরুতে ‘লহরী’-র শিল্পীগোষ্ঠীর প্রানবন্ত গান ও নাটক দর্শকদের মাতিয়ে দেয় ।