Wednesday, 15 June 2022

অকস্মাৎ প্রয়াত হলেন ইস্পাত শ্রমিক নেতা প্রেমনাথ মুখার্জি ।

 


দুর্গাপুর,১৫ই জুন : গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে অকস্মাৎ প্রয়াত হলেন ইস্পাত শ্রমিক ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর সহ-সম্পাদক প্রেমনাথ মুখার্জি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪।তাঁর স্ত্রী,এক পুত্র ও এক কন্যা বর্তমান।

তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই সর্বত্র শোকের ছায়া নেমে আসে । আজ সকালে তাঁর মরদেহ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর দফতর বি.টি.রণদিভে নিয়ে আসা হলে মরদেহ রক্তপতাকায় আচ্ছাদিত করে শ্রদ্ধা জানান বিশ্বরূপ ব্যানার্জি,সুখময় বোস,কাজল মজুমদার ও সীমান্ত চ্যাটার্জী। মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিশ্বরূপ ব্যানার্জি,সুখময় বোস,কাজল মজুমদার,সীমান্ত চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে প্রয়াত প্রেমনাথ মুখার্জির কর্মস্হল দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে,তাঁর মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানান চিকিৎসক-নার্স-স্বাস্হ্য পরিষেবা কর্মীবৃন্দ সহ তাঁর ফার্মাসিস্ট সহকর্মীরা । ইউনিয়ন দফতর থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় সেইল আবাসনে তাঁর বাড়ী ও পাড়ার ক্লাবে। পরে বীরভানুর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

সদাহাস্যময় ও জনপ্রিয় শ্রমিক নেতা প্রেমনাথ মুখার্জি ১৯৯৩ সালে দুর্গাপুর ইস্পাত কারখানার চিকিৎসা ও স্বাস্হ্য পরিষেবা বিভাগে ফার্মাসিস্ট হিসাবে কাজ যোগ দেন । কাজে যোগ দিয়ে তিনি হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর একজন সক্রিয় সদস্য হয়ে ওঠেন।  তিনি ইউনিয়ন এর সহ-সম্পাদকের দায়িত্ব পালন করার সাথে সাথে বিজ্ঞান-সাংস্কৃতিক-সমবায় ও প্রতিবন্ধীদের কল্যানে আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন ।

 




Tuesday, 14 June 2022

সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তি নিয়ে টালবাহানায় ঠিকা শ্রমিকদের বিক্ষোভ ।

 


দুর্গাপুর,১৪ই জুন : দ্রুত গতিতে বাড়ছে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল ও আরআইএনএল-এ বর্তমানে কর্মরত শ্রমিকদের মধ্যে ঠিকা শ্রমিকদের সংখ্যা । সেইল ও আরআইএনএল-এ বর্তমানে প্রায় ৮০,০০০ হাজার ঠিকা শ্রমিক কর্মরত আছেন । করোনা অতিমারীর মধ্যেও ইস্পাত শ্রমিকদের অসাধারন কর্মপ্রচেষ্টার ফলে সেইল অতি মুনাফা করে চলেছে। এই কর্মপ্রচেষ্টার মধ্যে সেইল ও আরআইএনএল-এ বর্তমানে কর্মরত ঠিকা শ্রমিকদের অসামান্য ভুমিকা কে নূন্যতম স্বীকৃতি দিতে চাইছে না মোদি সরকারের ইস্পাত মন্ত্রকের অধীনস্ত সেইল ও আরআইএনএল-এর কর্তৃপক্ষ । ইতিমধ্যে সেইল ও আরআইএনএল-এর বেতন-চুক্তির জন্য যে কালা মউ-চুক্তি করা হয়েছে,সিআইটিইউ সেই চুক্তি কে শ্রমিক-বিরোধী আখ্যা দিয়ে সই করে নি । এই চুক্তিতে স্হায়ী শ্রমিকদের চুড়ান্ত বঞ্চনা করা হয়েছে । অন্যদিকে এই চুক্তিতে ঠিকা শ্রমিকদের সম্পূর্ণ ভাবে বাইরে রেখে কর্তৃপক্ষ তাদের প্রতি চুড়ান্ত অসম্মান প্রদর্শন করছে বলে অভিযোগ জানিয়েছে সিআইটিইউ। এর প্রতিবাদে সেইল ও আরআইএনএল-এ সিআইটিইউ এর নেতৃত্বে ঠিকা শ্রমিকদের জোড়ালো আন্দোলন চলছে । সিআইটিইউ ইতিমধ্যেই সুপ্রীম কোর্টের “ সম কাজে-সম বেতন “ নির্দেশ সেইল ও আরআইএনএল-এর ঠিকা শ্রমিকদের স্বার্থে লাগু করার জন্য বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে জোরদার আন্দোলন গড়ে তুলেছে।ঠিকা শ্রমিকদের কাঁধে কাঁধ মিলিয়ে স্হায়ী শ্রমিকরাও তাদের আন্দোলনের পাশে সর্বশক্তি দিয়ে থাকছেন । এতেই প্রমাদ গুনেছে সেইল ও আরআইএনএল-এর কর্তৃপক্ষ । মজবুত শ্রমিক ঐক্য ভাঙ্গার জন্য প্রতিহিংসাপরায়ন আচরন করছে কর্তৃপক্ষ বলে সিআইটিইউ অভিযোগ করেছে।অবিলম্বে বেতন-চুক্তি ও বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে ঠিকা শ্রমিকদের শান্তিপূর্ন আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারনে ভিলাই স্টিল প্ল্যান্টের স্হায়ী শ্রমিক ও সিআইটিইউ নেতা যোগেশ কুমার সোনি,জামিল আহমেদ  ও কমলেশ কুমার চোপড়ার দুটি করে ইনক্রিমেন্ট কেটে নেওয়া হয়েছে । সিআইটিইউ এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন লিখিত ভাবে ভিলাই স্টিল প্ল্যান্টের কর্তৃপক্ষ কে অবিলম্বে এই শাস্তিমুলক ব্যবস্হা প্রত্যাহারের দাবি জানিয়েছেন । আগামীকাল দিল্লিতে বেতন-চুক্তি সংক্রান্ত এনজেসিএস এর সভায় ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তি আলোচনা হওয়ার কথা থাকলেও, তুচ্ছ কারন দেখিয়ে কর্তৃপক্ষ সভা বাতিল করেছে বলে অভিযোগ করেছেন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ( সিআইটিইউ )-এর সর্বভারতীয় সম্পাদক ললিত মিশ্র । তিনি আরও বলেন যে স্হায়ী শ্রমিকদের নূন্যতম বেতন, ঠিকা শ্রমিকদের বেতন-কাঠামো গঠন সহ অন্যান্য দাবিতে সিআইটিইউ লাগাতার লড়াই চালিয়ে আসছে । আজ ও আগামীকাল সেইল-আরআইএনএল এর সব ইউনিটে বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে । এই দাবিতে আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন (সিআইটিইউ) এর ডাকে ঠিকা শ্রমিকরা বিক্ষোভ দেখান।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আশিস মিশ্র,প্রদ্যুত মুখার্জী ,নিমাই ঘোষ ও কালি কুমার সান্যাল। একই দাবিতে,অ্যালয় স্টিল প্ল্যান্ট কন্ট্রাক্টার এম্পলিয়জ ইউনিয়ন (সিআইটিইউ) ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়েজ ইউনিয়নের ( সিআইটিইউ ) এর যৌথ আহ্বানে অ্যালয় স্টিল প্ল্যান্টের ঠিকা ও স্হায়ী শ্রমিকরা মিছিল করেন এবং টিএ বিল্ডিং –এ টাউনশীপ কন্ট্রাক্টার এমপ্লয়িজ ইউনিয়নের ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ হয়।












Thursday, 9 June 2022

প্রয়াত ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য নির্মল ভট্টাচার্য।

 


দুর্গাপুর,৯ই জুন : গতকাল রাতে দুর্গাপুরে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় প্রয়াত হলেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য ও পার্টির সর্বক্ষনের কর্মী নির্মল ভট্টাচার্য।তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫।রেখে গেলেন স্ত্রী তথা মহিলানেত্রী মিতা ভট্টাচার্য,কন্যা-জামাতা-নাতি-পুত্র সহ আত্মীয়-স্বজন সহ সহকর্মী-সমর্থকদের।

আজ সকালে তাঁর মরদেহ দুর্গাপুর ইস্পাতনগরীর শহীদ আশিস-জব্বার ভবনে নিয়ে আসা হলে অপেক্ষমান অজস্র মানুষের ভীড়ে অনেকেই কান্নায়  ভেঙ্গে পড়েন। তাঁর মরদেহ কে রক্তপতাকায় আচ্ছাদিত করে সম্মান জানান পার্টির পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী,রথিন রায়,সন্তোষ দেবরায় ও অজিত মন্ডল। মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানান গৌরাঙ্গ চ্যাটার্জী,রথিন রায়,সন্তোষ দেবরায় ও অজিত মন্ডল স হউপস্হিত পার্টির অন্যান্য জেলা কমিটির সদস্য,পার্টি  ও গণসংগঠনের নেতৃবৃন্দ-কর্মী-সমর্থক সহ বহু সাধারন মানুষ।সিপিআই এর পক্ষ থেকে মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পার্টি নেতা মদন ঘোষ ও অমল হালদারের পক্ষ থেকেও মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রেখে জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী বলেন যে পার্টি নেতা নির্মল ভট্টাচার্য পার্টি ও গণআন্দোলনে নেতৃত্বদান ও তত্ত্বের প্রয়োগে ক্ষেত্রে উজ্জ্বল ভুমিকা নিষ্ঠা ভরে পালন করেছেন। পাশাপাশি সাংস্কৃতিক ও সমবায় আন্দোলন বিকাশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। প্রয়াত নেতার অসমাপ্ত কাজ কে সমাপ্ত করার আহ্বান জানিয়ে তিনি প্রয়াত নেতার পরিবারের প্রতি জেলা কমিটির পক্ষ থেকেও গভীর শোকপ্রকাশ করেন।এর পরে তার মরদেহ তাঁর বাসস্হান,ন্যাশানাল বুক এজেন্সি ও শহীদ বিমল দাসগুপ্ত ভবনে নিয়ে যাওয়া হয় ও শ্রদ্ধা প্রদর্শন করা হয় এবং শহীদ বিমল দাসগুপ্ত ভবন থেকে ডিএমসি মোড় পর্যন্ত শোক মিছিল করা হয়। পরিশেষে তাঁর ও পরিবারের ইচ্ছানুসারে চিকিৎসা শাস্ত্রের গবেষনার মরোণোত্তর দেহদান করা হয়। স্হানীয় আই কিইউ সিটি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের হাতে মরদেহ তুলে দেন তাঁর স্ত্রী-কন্যা-পুত্র।উপস্হিত ছিলেন পার্টি নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত জীবনী : ১২ই জানুঃ,১৯৫৭ সালে মধ্যমগ্রামে জন্মগ্রহন করেন নির্মল ভট্টাচার্য। ১৯৬০ এর দশকে দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত মামার বাড়ীতে আসেন ও ইস্পাতনগরীর এ’জোন বয়েস মাল্টিপারপাস স্কুলে পড়াশোনা করেন। এই সময়ে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়ে বিপিএসএফ যোগদান করেন ও ১৯৭৪ সালে পার্টি সভ্যপদ লাভ করেন । ১৯৭২-৭৭ সালের সন্ত্রাসের দিনগুলিতে পার্টির নির্দেশে আত্মগোপন করে ছাত্র-যুব সংগঠন বিস্তারে ঝুঁকি নিয়ে কাজ করে যান । ১৯৮০ সালে দুর্গাপুরে ন্যাশানাল বুক এজেন্সির কাজে যোগদান করেন । ১৯৮৮ সালে পার্টির সর্বক্ষণের কর্মী হিসাবে দুর্গাপুর ইস্পাতের সাংগঠনিক অঞ্চলে কাজ শুরু করেন। শাখা সম্পাদক,আঞ্চলিক কমিটির সম্পাদক,জোনাল সদস্য ও ২০১২ সালে পার্টির অবিভক্ত বর্ধমান জেলা কমিটির সদস্য এবং পরবর্তীতে আমৃত্যু পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য হিসাবে মতাদর্শ ও সাংগঠনিক দক্ষতার সংমিশ্রনে দায়িত্ব পালন করে গেছেন প্রয়াত পার্টি নেতা নির্মল ভট্টাচার্য।