Friday, 25 November 2022

ব্লাস্ট ফার্ণেসের দুর্ঘটনায় আহত দুর্গাপুর ইস্পাতের ঠিকা শ্রমিকের মৃত্যু : পথ দুর্ঘটনায় মৃত দুই ।

 


দুর্গাপুর,২৫শে নভেঃ : গত রবিবার দুর্গাপুর ইস্পাত কারখানার  ব্লাস্ট ফার্ণেস বিভাগে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত আরো এক ঠিকা শ্রমিকের মৃত্যু হোল। মৃত ঠিকা শ্রমিকের নাম প্রশান্ত ঘোষ।  দুর্ঘটনার পরে তিনি স্হানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । অন্যদিকে,আজ সকালে কাজোড়ার কাছে জাতীয় সড়কে বাইক দুর্ঘটানায় দুজনের মৃত্যু হয় । মৃ্ত্যু হয় দুর্গাপুর ইস্পাত কারখানার  এমএসএম বিভাগের স্হায়ী শ্রমিক পুষ্পক কুমার ঝা । অপর মৃতের নাম অজয় কুমার যাদব। পেশায় ঠিকা শ্রমিক । মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক জ্ঞাপন করেছেন । একই সাথে তিনি মৃতদের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরন ও এক জন পোষ্যের স্হায়ী চাকুরীর দাবি জানিয়েছেন।





Thursday, 24 November 2022

ইস্পাতনগরীতে পদযাত্রা ।

 


দুর্গাপুর,২৪শে নভেঃ : রুটি-রুজি- কারখানা বাঁচানো,অবিলম্বে দুর্গাপুর পৌর নিগম ও সমবায় সংস্হা গুলিতে  নির্বাচন ও গনতন্ত্র পুনরুদ্ধার  এবং বিরুদ্ধে বার্তা দিয়ে নভেম্বর মাস জুড়ে ইস্পাতনগরীতে পদযাত্রা চলছে। আজ সন্ধ্যায় ,বামপন্হী গনসংগঠন গুলির আহ্বানে ইস্পাতনগরীর বি-জোন পোস্ট অফিস  থেকে পদযাত্রা বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে মহিস্কাপুর রোডে পদযাত্রা শেষ হয়। অন্যান্য জ্বলন্ত সমস্যার সাথে সাথে অ্যালয় স্টিল প্ল্যান্ট এর বেসরকারীকরনের প্রস্তাব বাতিল, ডিএসপি কারখানার  উৎপাদন ক্ষমতা বার্ষিক ১০ মিলিয়ন টন করার জন্য কেন্দ্রীয় বিনিয়োগ , ডিএসপি ও মনেট কারখানার  উচ্ছেদ হওয়া ঠিকা-শ্রমিকদের পুনর্বহাল,কমলপুর পাথর খাদান অবিলম্বে খোলা ,বস্তি অঞ্চল ও সংলগ্ন গ্রামাঞ্চলে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ,বছরে ১০০ দিনের কাজ,বিভিন্ন ভাতা ও রেশন কার্ড,জরাজীর্ণ রাস্তাঘাট সারাই,জল-বিদ্যুৎ-স্বাস্হ্য ব্যবসহার বেহাল দশা থেকে পরিত্রান,ঠিকা শ্রমিকদের কাজে নিযুক্তি ও বেতন নিয়ে শাসক তৃণমূল দলের নেতাদের বেলাগাম দূর্ণীতি-দুর্বৃত্তায়ন এবং কয়লা-বালি-স্ক্র্যাপের ও ডিএসপির জমি-কোয়ার্টার নিয়ে শাসক দল ও পুলিশের যৌথ লুঠ অবিলম্বে বন্ধের দাবিতে সোচ্চার পদযাত্রা মানুষের মধ্যে সংগ্রামের সোচ্চার বার্তা পৌঁছে দিল । পদযাত্রার শেষে সভায় বক্তব্য রাখেন আশিসতরু চক্রবর্তি ও স্বপন সরকার । এছাড়াও পদযাত্রায় ছিলেন পার্থ দাস,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি,আল্পনা চৌধুরী প্রমুখ ।

 
















Wednesday, 23 November 2022

সিআইটিইউ এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,২২শে নভেঃ : গত রবিবার( ২০শে নভে: ) দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় দুই ঠিকা শ্রমিকের মৃত্যুর পরে শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে দুর্গাপুর ইস্পাত কারখানা।আহত আরও দুই দুই ঠিকা শ্রমিকের অবস্হা আশংকাজনক। এই বছরের গোড়ার দিকে ( ১৮ই ফেব্রু ) কারখানার বিওএফ বিভাগে কনভার্টারে রিলাইনিং এর কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসের প্রভাবে ৭ জন ঠিকা শ্রমিক অসুস্হ পড়েন।ঐ দুর্ঘটনায় তিন জন ঠিকা শ্রমিক মারা যান। দ্রুত গতিতে বাড়ছে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল ও আরআইএনএল-এ বর্তমানে কর্মরত শ্রমিকদের মধ্যে ঠিকা শ্রমিকদের সংখ্যা । সেইল ও আরআইএনএল-এ বর্তমানে প্রায় ৮০,০০০ হাজার ঠিকা শ্রমিক কর্মরত আছেন। একই অবস্হা দুর্গাপুর ইস্পাত কারখানায়। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে কর্তৃপক্ষ কে বারংবার সতর্ক করা হোলেও, তা অগ্রাহ্য করে স্হায়ী,দক্ষ শ্রমিকের পরিবর্তে অদক্ষ,ঠিকা শ্রমিকদের নিয়োগ করার ফলে লাগাতার দুর্ঘটনা ঘটছে বলে ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে,কর্মরত ঠিকা শ্রমিকদের সেফটি ট্রেনিং যথাযথ না করিয়ে বিপজ্জনক জায়গায় কাজে পাঠানো,আধিকারিকদের বিনা তত্বাবধানে ঠিকা শ্রমিকদের কাজে লাগানো, সেফটি কমিটি গুলিকে নিষ্ক্রিয় করে রাখার ফলে দুর্ঘটনা বেড়েই চলছে  বলে সিআইটিইউ অভিযোগ তুলেছে। ইতিমধ্যে সেইল ও আরআইএনএল-এর বেতন-চুক্তির জন্য যে মউ-চুক্তি করা হয়েছে, সেই চুক্তিতে স্হায়ী শ্রমিকদের চুড়ান্ত বঞ্চনা করা হয়েছে । অন্যদিকে এই চুক্তিতে ঠিকা শ্রমিকদের সম্পূর্ণ ভাবে বাইরে রেখে কর্তৃপক্ষ তাদের প্রতি চুড়ান্ত অসম্মান প্রদর্শন করছে বলে অভিযোগ জানিয়েছে সিআইটিইউ। ঠিকা শ্রমিকদের বেতন-চু্ক্তিতে অন্তর্ভু্ক্তি, ভাতা বৃদ্ধি নয়,বাড়াতে হবে ঠিকা শ্রমিকদের মূল বেতন,সম কাজে সম বেতনের দাবিতে সিআইটিইউ জোরদার আন্দোলন গড়ে তুলেছে । বিগত ২০২১ সালের ২২শে অক্টোবর রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প সেইল- আরআইএনএল এর  শ্রমিকদের বেতন চুক্তির জন্য এনজেসিএস এর সভায় বেতন-চুক্তি করতে চেয়ে একটি মেমোরেন্ডাম অফ সেটেলমেন্ট স্বাক্ষর হয়।সিআইটিইউ এই মেমোরেন্ডাম অফ সেটেলমেন্টে সই করেনি। মূল চুক্তি এখনো বাকি আছে।প্রসংগত,২০১৭ সালের ১লা জানুঃ থেকে সেইল-আরআইএনএল এর স্হায়ী ও ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তি বকেয়া হয়ে পড়ে আছে । কর্তৃপক্ষের এই টালবাহনার বিরুদ্ধে সিআইটিইউ লাগাতার আন্দোলন গড়ে তুলেছে ।

আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা সকাল ও দুপুরে অর্জুন মূর্তির সামনে কারখানায় সুরক্ষা সুনিশ্চিত করা,স্হায়ি ও ঠিকা শ্রমিকদের অবিলম্বে পুর্ণাঙ্গ বেতন-চুক্তি ও বকেয়া বিষয়ের ফয়সালা, অবিলম্বে জমি-কোয়ার্টারের লিজ/লাইসেন্সিং দাবিতে এবং ভাইজাগ স্টিল প্ল্যান্টের বেসরকারিকরনের বিরুদ্ধে আন্দোলনরত শ্রমিকদের ওপরে পুলিশী আক্রমন ও গ্রেপ্তারীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জোড়ালো বিক্ষোভ দেখান । উপস্হিত ছিলেন সীমান্ত চ্যাটার্জি, বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র সহ অন্যান্য নেতৃত্ব ।













 

Tuesday, 22 November 2022

দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় আহত আরো এক শ্রমিকের মৃত্যু : নিরপেক্ষ তদন্তের দাবি জানালো সিআইটিইউ।

 


দুর্গাপুর,২২শে নভেঃ : গত রবিবার দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় আহত আরো এক শ্রমিকের আজ ভোরে মৃত্যু হোল । মৃত ঠিকা শ্রমিকের নাম গোপী রাম । চিকিৎসাধীনআহত আরো দুই ঠিকা শ্রমিকের অবস্হা আশংকাজনক । দুপুরে মৃত ঠিকা শ্রমিক গোপী রামের মরদেহ দুর্গাপুর ইস্পাত কারখানার মেন গেট সংলগ্ন তামলা কলোনিতে তাঁর বাসভবনে নিয়ে আসা হয় । ইউনাইটেড কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স ইউনিয়ন (সিআইটিইউ) এর পক্ষ থেকে এক প্রতিনিধি দল মৃত ঠিকা শ্রমিক গোপী রামের মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানান ও পাশে থাকার কথা জানান । প্রতিনিধি দলে ছিলেন কালি সান্যাল,নিমাই ঘোষ,প্রতাপ সিং ও কামরে আলম । বৃদ্ধ বাবা,মা,স্ত্রী,তিন অবিবাহিত ও কোলের ছেলে নিয়ে পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের মৃ্ত্যুর পরে গোপী রামের পরিবার এখন অথৈ জলে পরেছে। ইউনাইটেড কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স ইউনিয়ন (সিআইটিইউ) এর পক্ষ থেকে কালি সান্যাল জানিয়েছেন যে গতকাল ইউনিয়ন এর পক্ষ থেকে এই দুর্ঘটনায় মৃত অপর শ্রমিক পল্টু বাউরির বাড়িতেও ইউনিয়ন এর পক্ষ থেকে এক প্রতিনিধি দল মৃত ঠিকা শ্রমিক পল্টু বাউরির মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানান ও পাশে থাকার কথা জানান । ইউনিয়ন এর পক্ষ থেকে এই দুর্ঘটনার প্রকৃত তদন্ত,মৃত ও আহতদের পরিবারের জন্য উপযুক্ত আর্থিক ক্ষতিপুরন এবং মৃতদের প্রত্যেক পরিবারের একজন পোষ্যের চাকরির দাবি জানানো হয়েছে বলে কালি সান্যাল জানিয়েছেন।

অন্যদিকে, সিআইটিইউ এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন সেইলের চেয়ারম্যান কে চিঠি দিয়ে এই ভয়াবহ দুর্ঘটনার পিছনে প্রকৃত কারন খুঁজে বের করার জন্য ‘নিরপেক্ষ’ তদন্তের দাবি জানিয়েছেন । তিনি স্মরণ করিয়ে দেন যে গত মার্চ মাসেও দুর্গাপুর ইস্পাত কারখানায় অনুরূপ ভয়াবহ দুর্ঘটনায় তিন ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছিল । কিন্তু তারপরেও দুর্গাপুর ইস্পাত কারখানায় গত ২০শে নভেঃ এর ভয়াবহ দুর্ঘটনা আবারও কাজের জায়গায় নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর ত্রুটির দিকে নির্দেশ করছে। এই ধরনের কাজের দায়িত্ব কি ভাবে কেবল ঠিকা শ্রমিকদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে,তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিআইটিইউ এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন।





Monday, 21 November 2022

অনুষ্ঠিত হোল এমপ্লয়িজ পেনশন স্কিম -১৯৯৫ বিষয়ে আলোচনা সভা ।

 


দুর্গাপুর,২১শে নভেঃ : আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে এমপ্লয়িজ পেনশন স্কিম -১৯৯৫ এর উপর সুপ্রিম কোর্টের রায় এর পরিপ্রেক্ষিতে ,এই স্কিমের খুঁটিনাটি বিষয়ে শ্রমিকদের সচেতন করার জন্য এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্লাইড সহকারে বিভিন্ন তথ্য তথ্য তুলে ধরা হয় । আলোচনা করেন সীমান্ত চ্যাটার্জি, বিশ্বরূপ ব্যানার্জি ও দেবাশিস পাল ।



দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনা : বন্ধ করো কারখানায় এই মৃত্যুমিছিল - দাবিতে সোচ্চার সিআইটিইউ ।

 




দুর্গাপুর,১৯শে নভেঃ : গতকাল দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনার হাড় হিম করা ঘটনার রেশ এখনো মিলিয়ে যায় নি । গত কাল ২ নং ব্লাস্ট ফার্ণেস থেকে স্ল্যাগ পট করে গলিত স্ল্যাগ নিয়ে যাওয়ার সময় স্ল্যাগ পট উল্টে যায় এবং উচ্চ তাপমাত্রা যুক্ত সেই স্ল্যাগ গড়িয়ে কাছেই কর্মরত শ্রমিকদের ওপর পড়লে ঘটনাস্হলেই কর্মরত ঠিকা শ্রমিক পল্টু বাউরি মারা । আশংকজনক অবস্হায়  অপর তিন ঠিকা শ্রমিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনার পরে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের তৈরি হয়েছে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন যে কর্তৃপক্ষের লাগাতার অবহেলার দুর্গাপুর ইস্পাত কারখানায় ‘ব্লাড-লেস’ ইস্পাত তৈরি কথার কথায় থাকছে । ইউনিয়নের একের পর এক সতর্কবার্তা অগ্রাহ্য করে স্হায়ী,দক্ষ শ্রমিকের পরিবর্তে অদক্ষ,ঠিকা শ্রমিকদের নিয়োগ করার ফলে লাগাতার দুর্ঘটনা ঘটছে । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষের কাছে কারখানার নিরাপত্তা বৃ্দ্ধি করতে দীর্ঘদিন ধরে চলে আসা শ্রমিকদের প্রতিনিধিত্বমূলক বিভাগীয় সেফটি কমিটি গুলিকে অবিলম্বে সক্রিয় করার বার বার দাবি জানালেও,কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে সেই দাবি অগ্রাহ্য করছে । সেফটি কমিটি গুলিকে নিষ্ক্রিয় করে রাখার ফলে দুর্ঘটনা বেড়েই চলছে । প্রান হারাচ্ছেন শ্রমিক ও আধিকারিকরা । এরফলে শ্রমিকদের ও শ্রমিক পরিবারদের মধ্যে আতংক তৈরি হয়েছে,তাদের মনোবলে চিড় ধরেছে যা কারখানার উৎপাদনশীলতা কে ধাক্কা দিতে পারে । কর্মস্হলে সুরক্ষা পাওয়া শ্রমিকদের অধিকার । এই বিষয়ে আজ দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস ) এর কাছে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে  স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন ও সেই কমিটিতে ইউনিয়ন প্রতিনিধির অন্তর্ভুক্তি সহ অন্যান্য দাবি জানানো হয় । আজ সকালে কারখানার অর্জুন মূর্তির সামনে এই ঘটনার প্রতিবাদে ইউনিয়ন এর পক্ষ থেকে মৌন অবস্হান করা হয়।পরে ব্লাস্ট ফার্ণেসের সামনে সি.আই.টি.ইউ এর পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নিমাই ঘোষ,সীমান্ত চ্যাটার্জি,প্রদ্যুত মুখার্জি, বিশ্বরূপ ব্যানার্জি ও ললিত মিশ্র।




ইস্পাতনগরীতে বামপন্হী গনসংগঠন গুলির ডাকে বরো অফিসে বিক্ষোভ সমাবেশ ।

 


দুর্গাপুর,২১শে নভেঃ : আজ বিকালে ইস্পাতনগরীতে বামপন্হী গনসংগঠন গুলির ডাকে বরো অফিসে বিক্ষোভ সমাবেশ হয় । দুর্গাপুর ইস্পাতনগরী এবং সংলগ্ন গ্রাম ও বস্তি অঞ্চলের অধিবাসীবৃন্দ দলে দলে দুর্গাপুর পৌর নিগমের ১ নং বরো অফিসে বস্তিবাসীদের বিভিন্ন দাবি-দাওয়ার অবিলম্বে সমাধানের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশে যোগদান করেন ।

২০১৭ সালে দুর্গাপুরের পৌর নির্বাচনে ভয়াবহ রিগিং করে ক্ষমতায় আসীন হয়েছিল বর্তমান তৃণমূল পরিচালিত বোর্ড ।নির্বাচনের দিনে প্রায় ২০০০০ হাজার সশস্ত্র দুষ্কৃতি কে জড়ো করে দুর্গাপুরের পৌর নির্বাচন ‘জিতে’ ছিলেন তৃণমূলের  কাউন্সিলাররা,এই অভিযোগ আগেই ছিল ।এর সাথে যুক্ত হয় বল্গাহীন দূর্ণীতি,কাটমানি,ধারাবাহিক অকর্মণ্যতা-অপব্যয়-অপচয়। ইতিমধ্যে দুর্গাপুর পৌর নিগমের মেয়াদ শেষ হলেও নির্বাচন ঘোষনা না করে শাসক তৃণমুল কংগ্রেস খিড়কি দরজা দিয়ে পুনরায় দুর্গাপুর পৌর নিগমের “দখল” করার চেষ্টা করেছে বলে বক্তারা অভিযোগ করেন।তাই অবিলম্বে স্বচ্ছ পৌর নির্বাচন করে গনতন্ত্র ফেরাতে সরব হলেন বক্তারা ।দূর্ণীতি,কাটমানি,ধারাবাহিক অকর্মণ্যতা-অপব্যয়-অপচয়ের বিরুদ্ধে আনা অভিযোগের অবিলম্বে প্রতিবিধান করার দাবি জানানোর পাশাপাশি,সরকরি ঘোষনা অনুযায়ী সকল মহিলা কে লক্ষীর ভাণ্ডারের ভাতা,বিধবা ও বৃদ্ধদের বিধবা ও বার্ধক্য ভাতা প্রদান,পরিশ্রুত পানীয় জলের ব্যবস্হা ও বর্তমান ব্যবস্হা উন্নতিকরন,বস্তির নাগরিকদের বাসস্হানের পাট্টা,ডেঙ্গু সহ সংক্রামক রোগের প্রতিরোধের জন্য কার্যকরি ব্যবস্হা,জঙ্গল,কমিউনিটি ল্যাট্রিন, ড্রেন ও পয়োঃপ্রনলী ব্যবস্হার নিয়মিত সাফাই,শিশু শিক্ষা ও আইসিডিএস কেন্দ্রের পূর্ণাঙ্গ সংস্কার,বরোর সমস্ত নাগরিকের রেশন কার্ড ও সকল গরীব মানুষ কে বিপিএল কার্ড প্রদান সুনিশ্চিত করা,সমস্ত পরিবার কে ‘স্বাস্হ্য সাথী’ প্রকল্পে অন্তর্ভুক্ত করা ও চিকিৎসা পেতে হয়রানি বন্ধ,প্রত্যেক গরীব মানুষের বছরে ১০০-দিনের কাজ সুনিশ্চিত করা,ইস্পাতনগরীর জমি-কোয়ার্টারের মাফিয়াদের অবৈধ দখলদারি অবিলম্বে বন্ধ, অবিলম্বে কমলপুরে পাথর খাদান খোলা,আবর্জনা ফেলার জন্য প্রয়োজনীয় ডাস্টবিন ও পরিস্কার  প্রভৃতি দাবিতে অবস্হান- বিক্ষোভ সমাবেশ চলে। আগের থেকে জানানো থাকলেও,বরো চেয়ারম্যান রীনা চৌধুরী বিক্ষোভ-সমাবেশ চলার সময় ‘অনুপস্হিত’ ছিলেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বরো চেয়ারম্যানের ‘অনুপস্হিত’ নিয়ে কটাক্ষ ছুঁড়ে বক্তারা হুঁশিয়ার দেন যে পালিয়ে গিয়ে কোন লাভ হবে না। অবিলম্বে  সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে। বক্তব্য রাখেন পঙ্কজ রায় সরকার,পার্থ দাস,বিশ্বরূপ ব্যানার্জি,মাধবী দাস,আশিসতরু চক্রবর্তি,সীমান্ত তরফদার,স্বপন সরকার,অজিত মন্ডল প্রমুখ। সমাবেশ চলাকালিন এক প্রতিনধি দল বরো দফ্তরে দাবি সম্বলিত স্মারক লিপি জমা দেয় ।