Sunday, 24 September 2023

সিআইটিইউ এর পশ্চিম বর্ধমান জেলার একাদশ-তম জেলা সম্মেলন উপলক্ষে ইস্পাতনগরীতে আয়োজিত হোল বসে আঁকো প্রতিযোগিতা।

 



দুর্গাপুর,২৪শে সেপ্টেঃ:আগামী ৭-৮ অক্টোঃ দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে সিআইটিইউ এর পশ্চিম বর্ধমান জেলার একাদশ-তম জেলা সম্মেলন।এই উপলক্ষে আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষ থেকে ইস্পাতনগরীর বি টি রণদিভে ভবনে আয়োজিত হোল বসে আঁকো প্রতিযোগিতা।বিভিন্ন বয়সের শিশু ও কিশোর-কিশোরীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। উপস্থিত ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,সীমন্ত চ্যাটার্জি,মলয় ভট্টাচার্য,স্বপন মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। 






Saturday, 23 September 2023

আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের একতরফা সার্কুলারের বিরুদ্ধে ঐক্যবব্ধ আন্দোলনের ডাক।

 


দুর্গাপুর,২৩শে সেপ্টেঃ: আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের একতরফা সার্কুলার জারী করায় শ্রমিকদের মধ্যে গভীর ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।এই সার্কুলারে আগামী ২৫শে সেপ্টেঃ থেকে ইস্পাত শ্রমিকদের আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরার উদ্দেশ্যে ছবি তোলার ( ফেস রেকোগনিশন) নির্দেশ জারী করা হয়েছে। আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরার সম্পূর্ন ব্যবস্থাপনার দায়িত্ব আছে বেসরকারী সংস্থার হাতে।ইতিমধ্যেই আধর সহ অন্যান্য সুত্র থেকে বায়োমেট্রিক তথ্য কে চুরি করে সাইবার অপরাধীরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লুঠ করে বহু সাধারন মানুষ কে সর্বশান্ত করেছে।আদালতের বিভিন্ন রায়ে বায়োমেট্রিক তথ্য জোর করে নেওয়ার বিরুদ্ধে সুস্পষ্ট রায় আছে।এই অবস্থায় দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের এহেন উদ্যোগে স্বভাবতই শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও আশংকা তৈরি হয়েছে। দুর্গাপুর ইস্পাত কারখানা লাগাতার সর্বোচ্চ উৎপাদন ও উৎপানশীলতা বজায় রেখে ধারাবাহিকভাবে মুনাফা করলেও কমছে স্থায়ী শ্রমিকের সংখ্যা।নতুন করে স্থায়ী শ্রমিকের নিয়োগ প্রায় বন্ধ। এই বিশাল সাফল্যের পরেও দুর্গাপুর ইস্পাত কারখানা ও তদুপরি সেইল-আরআইএনএল এর শ্রমিকরা পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার সহ বহু ন্যায্য বকেয়া পাননি,ঠিকা শ্রমিকরা এক পয়সা পাননি, ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয় নি । এই অবস্হায়,খবরে প্রকাশ,প্রায় চারশ কোটি টাকা খরচ করে বেসরকারী সংস্হার নিয়ন্ত্রনাধীন শ্রমিকদের “নজরবন্দী” করার জন্য ইলেক্ট্রনিক সারভাইলেন্স ব্যবস্হা চালু করতে চাইছে । দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু করার বদলে কর্তৃপক্ষের ভুলে ব্যাঘাত তৈরি হয়েছ। এই অবস্থায় আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) সহ ৭টি ইউনিয়ন কারখানার ইডি(ওয়ার্কস) এর কাছে দেখা করে পরিস্কারভাবে জানিয়ে দেয় যে তারা এই কর্তৃপক্ষের একতরফা সার্কুলার মানছে না । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে ইউনিয়ন গুলি পরিস্কারভাবে আরো জানিয়েছে যে শ্রমিকদের এই একতরফা সার্কুলার অগ্রাহ্য করতে এবং এর বিরুদ্ধে  কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিলে ইউনিয়ন গুলি ঐক্যবব্ধভাবে কর্তৃপক্ষের মোকাবিলা করবে। সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষ থেকে আয়োজিত সভায় শ্রমিকদের কাছে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হয়। বক্তব্য রাখেন ললিত মোহন মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি,সীমন্ত চ্যাটার্জি ও দেবাশিস পাল।











Friday, 22 September 2023

শ্রমজীবি মানুষের অধিকার রক্ষার লড়াই আসলে দেশ গঠনের লড়াই : ডঃ ঈশিতা মুখার্জি।

 



দুর্গাপুর,২২শে সেপ্টেঃ : আজ সন্ধ্যায় দুর্গাপুর ইস্পাতনগরীর লালা লাজপত রায় রোডে চিত্তব্রত মজুমদার ভবনে সিআইটিইউ এর পশ্চিম বর্ধমান জেলার একাদশ-তম জেলা সম্মেলন(৭-৮ অক্টোবর) উপলক্ষে আয়োজিত,” কর্পোরেট অর্থনীতি,বেসরকারিকরন ও ঠিকা শ্রমিকদের সমস্যা”-শীর্ষক আলো্চনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থেনীতির অধ্যাপিকা ডঃ ঈশিতা মুখার্জি। তিনি বলেন আসন্ন লোকসভা নির্বাচনে ভারতের শ্রমজীবি মানুষের জীবনযাত্রার মান ও জীবিকা উপার্জনের উপায়ের ভয়াবহ সংকট একটি অন্যতম ইস্যু হয়ে উঠতে চলেছে।মোদি সরকারের আমলে স্বাধীনতার পরে বেকারি বৃদ্ধি সর্বোচ্চ স্তর ছুঁয়েছে। এরফলে শ্রমের বাজারে অফুরান জোগান কর্পোরেট শক্তি কে ক্রমান্বয়ে মজুরি হ্রাসের জন্য একদিকে সহায়তা করছে,অন্যদিকে দেশের সম্পদ কে কাজে লাগয়ে দেশ গড়ার পথে বাঁধা তৈরি করছে। ১৯৯১ সালে দেশে উদার অর্থনীতি চালু হলে বামপন্থীরা এই বিষয়ে দেশের মানুষ কে সতর্ক করেছিলেন। আজ সেই উদার অর্থনীতি ধান্দার পুঁজিবাদের হাত ধরে মোদি সরকারের আমলে কর্পোরেটদের মুনাফার মৃগয়া ক্ষেত্রে পরিনত হয়েছে।কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে রাষ্ট্রের সম্পদ।চলছে অবাধ বেসরকারিকরন।বৃদ্ধি পাচ্ছে স্থায়ী শ্রমিকের পরিবর্তে ঠিকা শ্রমিকদের সংখ্যা।শ্রমিক অধিকার কেড়ে নিতে আনা হয়েছে শ্রম কোডের পরিবর্তন।অন্যদিকে কর্পোরেট-সাম্প্রদায়িক শক্তি মিলে পরিচিতি সত্বার রাজনীতি কে ব্যবহার করে শ্রমজীবির মানুষের ঐক্য ভাঙ্গতে চাইছে ।তাই শ্রমজীবি মানুষ  এই শক্তি কে পরাস্ত করার জন্য আসন্ন লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে তৈরি হবেন বলে অধ্যাপিকা ডঃ ঈশিতা মুখার্জি আশা প্রকাশ করেন ।আলোচনা সভার শুরুতে সিআইটিইউ এর পশ্চিম বর্ধমান জেলার জেলা সম্পাদক বংশ গোপাল চৌধুরি বলেন যে গোটা জেলার শিল্পাঞ্চল বিশেষ করে দুর্গাপুর-রানীগঞ্জ-আসানসোল-চিত্তরঞ্জনে রাষ্ট্রায়ত্ব বিদ্যুত- ইস্পাত-কয়লা-ইঞ্জিনিয়ারিং শিল্পে কেন্দ্র ও রাজ্য সরকারে নীতি যে সংকট তৈরি করেছে,সেই সংকটের প্রকৃত চিত্র তুলে ধরতে আজকের আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভাপতিত্ব করেন বিপ্রেন্দু চক্রবর্তী। এর আগে সম্মেলন কে সফল করার জন্য পঃ বঙ্গ সাব অর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোঃ ও রাজ্য সরকারি কর্মচারিদের পেনশনার্স অ্যাসোঃ পৃথক পৃথক ভাবে পাঁচ হাজার টাকা  বংশ গোপাল চৌধুরির হাতে তুলে দেন।উপস্থিত ছিলেন গৌরাঙ্গ চ্যাটার্জি,সন্তোষ দেবরায়,ললিত মোহন মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ।সভার শুরুতে গনসংগীত পরিবেশন করেন ভারতীয় গণনাট্য সংঘের ইস্পাত ( দুর্গাপুর) শাখার শিল্পীরা। এবারে সিআইটিইউ এর পশ্চিম বর্ধমান জেলার  জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে দুর্গাপুরের বেনাচিতিতে।


































Thursday, 21 September 2023

বার্ষিক বোনাস সহ অন্যান্য দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখনায় শ্রমিক বিক্ষোভ।

 




দুর্গাপুর,২১শে সেপ্টেঃ : সেইল-আরআইএনএল এর “শ্রমিক-বিরোধী” বেতন-চুক্তির “মৌ” এর সাথে সাথে সেইলের নয়া বার্ষিক বোনাস চুক্তিতেও এই অভিযোগে সিআইটিইউ সাক্ষর করে নি।গত বছরে এক মাস ধরে লাগাতার ঐক্যবদ্ধ আন্দোলনের পরে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হা সেইল ও আরআইএনএল এর ইস্পাত শ্রমিকরা বার্ষিক বোনাসের দাবি আদায় করেন। এর ফলে, সেইল ও আরআইএনএল এর ইস্পাত শ্রমিকরা ঐতিহসিক জয় পেয়ে সেইল ও আরআইএনএল এর এর ইতিহাসে সর্বাধিক বোনাস আদায় করতে সমর্থ হয়েছিলেন।তাই গত বছরের হারে বার্ষিক বোনাস,ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভূক্তি সহ অবিলম্বে ন্যায্য ও পূর্ণাঙ্গ বেতন-চুক্তি,বায়োমেট্রিক ও আরএফআইডি হাজিরা ব্যবস্থা চালুর চেষ্টা বাতিল,মেডিক্যাল বিল জমার পদ্ধতির সরলীকরন,পিএফ অ্যানোমালির অবিলম্বে সমাধান,সমস্ত বকেয়া প্রাপ্য সহ অন্যান্য দাবিতে এবং দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু করার দাবিতে আজ দুপুরে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা দলে দলে মিছিল করে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক কার্যালয় ইস্পাত ভবনে ইডি(পি অ্যান্ড এ) এর দপ্তরে গিয়ে প্রবল বিক্ষোভ দেখান।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ললিত মোহন মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি ও সীমন্ত চ্যাটার্জি। বক্তারা অবিলম্বে দাবি পূরন না হলে কর্তৃপক্ষ কে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন । সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি সম্বলিত স্মারক লিপি জমা দিয়ে অবিলম্বে সমস্ত সমস্যা সমাধানের দাবি জানান ।