Thursday, 22 February 2024

রেড বুক ডে উপলক্ষে ইস্পাতনগরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হোল।

 


দুর্গাপুর,২২শে ফেব্রুঃ : ১৮৪৮ সালের ২১শে ফেব্রুঃ প্রকাশিত হয় কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলসের যৌথ রচনা এবং সারা বিশ্বের মেহেনতি মানুষের বিপ্লবের রূপরেখা কমিউনিস্ট ইস্তাহার প্রকাশিত হয়।এই দিনটি কে বিশ্ব জুড়ে রেড বুক ডে হিসাবে পালন করা হয়। সিপিআই-এম এর পক্ষ থেকে এই বছরে রেড বুক ডে উদযাপনের শ্লোগান ছিল – মাতৃভাষায় মার্কসবাদ চর্চা । এই উপলক্ষে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর শহীদ আশিস-জব্বার ভবনে সিপিআই-এম এর দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে যৌথ ভাবে ,”রাজনৈতিক মার্কস : আইজাজ আহমেদ - কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলসে দ্য জার্মান ইডিওলজি ,১৮৪৫” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচক ছিলেন সিপিআই-এম এর পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি। উপস্থিত ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি, দিপক ঘোষ,অজিত মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















Wednesday, 21 February 2024

ইস্পাতনগরীতে পালিত হোল আন্তর্জাতিক রেড বুক ডে : উদ্বোধন হোল অজিত মুখার্জি স্মৃতি গ্রন্থাগার ও পাঠকেন্দ্র।

 


দুর্গাপুর,২১শে ফেব্রুঃ : আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । আজ আন্তর্জাতিক রেড বুক ডে। ১৮৪৮ সালের ২১শে ফেব্রুঃ প্রকাশিত হয় কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলসের যৌথ রচনা এবং সারা বিশ্বের মেহেনতি মানুষের বিপ্লবের লাল নিশান কমিউনিস্ট ইস্তাহার প্রকাশিত হয়। আজ সন্ধ্যায় এই উপলক্ষে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষ থেকে ইস্পাতনগরীর বি.টি. রণদিভে ভবনে উদ্বোধন করা হোল অজিত মুখার্জি স্মৃতি গ্রন্থাগার ও পাঠকেন্দ্র। উদ্বোধন করেন সিআইটিইউ এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সভাপতি প্রবীর মন্ডল। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষ থেকে অজিত মুখার্জি স্মৃতি গ্রন্থাগার গড়ে তোলার জন্য স্বেচ্ছায় বই দান করার আবেদন জানানো হয়। এই আবেদনে বিপুল সারা মিলেছে। বামফ্রন্ট সরকারের সময় তিন বারের মন্ত্রী,দুর্গাপুর ইস্পাত কারখনার শ্রমিক ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর অতীত দিনের অন্যতম কাণ্ডারী প্রয়াত মৃনাল ব্যানার্জির স্ত্রী ও দুর্গাপুরের অতীত দিনের মহিলা নেত্রী স্মৃতি ব্যানার্জি গ্রন্থাগারের প্রয়াত মৃনাল ব্যানার্জির বিপুল সংখ্যায় মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বই এর সম্ভার ইউনিয়ন নেতৃবৃ্ন্দের হাতে তুলে দিয়েছেন। এছাড়াও আজ সন্ধ্যায় এই উপলক্ষে,”ভাষা ও জাতিস্বত্বা উনিশ ও বিশ শতকে ভারতের অভিজ্ঞতা ; কয়েকটি ঘটনা “-শীর্ষক আলোচনা সভায় আলোচনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডঃ সৌভিক মুখোপাধ্যায়। এছাড়াও বক্তব্য রাখেন প্রবীর মন্ডল ও বিশ্বরূপ ব্যানর্জি। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন সন্দীপ পাল।







Monday, 19 February 2024

পথ দুর্ঘটনায় নিহত বাড়ি ফেরতা ইস্পাত শ্রমিক : পথ অবরোধে শ্রমিকরা ও স্থানীয় মানুষ।

 


দুর্গাপুর,১৯শে ফেব্রুঃ : আজ দুপুরে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ইস্পাতনগরী ও দুর্গাপুর ইস্পাত কারখানার মধ্যে সংযোগকারী লিঙ্ক রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হোল দুর্গাপুর ইস্পাতের প্ল্যান্ট গ্যারেজের স্থায়ী শ্রমিক সঞ্জয় চক্রবর্তির। বয়স ৫৭। তিনি মোটর বাইকে ছিলেন।জাতীয় সড়কের ওপরে ফ্লাইওভার পার করে তিনি যখন যাচ্ছিলেন তখন একটি বেপরোয়া গতির ট্র্যাকটার তাঁর বাইকে ধাক্কা মেরে তাকে পিষে দেয়।ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।পরে তাঁকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।তাঁর স্ত্রী,এক মাত্র কন্যা ও অবিবাহিত বোন বর্তমান।ইস্পাতনগরীর রাণাপ্রতাপ রোডে তাঁর বাসস্থান।খবর ছড়াতেই কারখানা ও ইস্পাতনগরীতে শোকের ছায়া নেমে আসে। ক্ষুব্দ শ্রমিকরা ও সাধারন মানুষ লিঙ্ক রোড অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।কাতারে কাতারে ক্ষুব্দ শ্রমিক ও সাধারন মানুষ মেইন হাসপাতালে জড়ো হলে দুর্গাপুর ইস্পাত কারখানা ও পুলিশ প্রশাসনের  শীর্ষস্থানীয় আধিকারিকরা পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন । পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠার আশংকায় দুর্গাপুর ইস্পাত কারখানা ও পুলিশ প্রশাসনের  শীর্ষস্থানীয় আধিকারিকরা তড়িঘড়ি দুর্গাপুর ইস্পাত কারখানার ৭ টি ইউনিয়ন ( সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি) এর যৌথ মঞ্চের সাথে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনে ( টি.এ.বিল্ডিং )-এ আলোচনায় বসলে লিঙ্ক রোডের অবরোধ ওঠে। কিন্তু হাসপাতালে চত্বরে ক্ষুব্দ শ্রমিক ও সাধারন মানুষের জমায়েত চলতে থাকে। অভিযোগ ওঠে পুলিশের মদতে লিঙ্ক রোডে বেআইনীভাবে ভারী যানবাহন চলছে।পুলিশের কিয়স্ক থেকে ভারী যানবাহন কে দাঁড় করে “তোলা” তোলার জন্য যে যান জট তৈরি হয় তার ফলে শ্রমিক ও সাধারন মানুষের ভোগান্তি হয় এবং দুর্ঘটনা হচ্ছে। আজকের দুর্ঘটনা তারই মর্মান্তিক পরিনতি বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে লিঙ্ক রোডের মতো গুরুত্বপূর্ন রাস্তা মেরামতি-সংস্কার-আধুনিকীকরনের বিষয়ে ধারাবাহিক ভাবে অবহেলা করার অভিযোগে উঠেছে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের দিকে ।শেষ পর্যন্ত যৌথ মঞ্চের চাপের কাছে দুর্গাপুর ইস্পাত কারখানা ও পুলিশ প্রশাসন নতি স্বীকার করে। ঠিক হয় যে আগামী তিন দিনের মধ্যে লিঙ্ক রোডে ভারী যানবাহন চলাচল কে সকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত নিষিদ্ধ করা হবে।যত দিন পর্যন্ত বিকল্প রাস্তা হবে ততদিন এই ব্যবস্থা চালু থাকবে। পুলিশের অভিযুক্ত কিয়স্কটি ভেঙ্গে ফেলা হবে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে বিধিবদ্ধ নিয়ম অনুসারে মৃত শ্রমিক সঞ্জয় চক্রবর্তির পোষ্যের একজনের চাকুরীর জন্য দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এবং অন্যান্য আর্থিক ক্ষতিপুরন দেবে। লিঙ্ক রোডের সংস্কার করে রাস্তায় গবাদি পশুর চলে আসা বন্ধ,বেআইনী পার্কিং বন্ধ ও বাম্পার অপসারন এবং নগরায়নের ফলে লিঙ্ক রোডের সাথে রাস্তার সংখ্যা বৃদ্ধির বিষয়ে খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথার প্রতিশ্রুতি মিলেছে। দুর্গাপুর ইস্পাত কারখানা ও ইস্পাতনগরীর যাবতীয় নিরাপত্তা নিয়ে খুব দ্রুত যৌথ মঞ্চের সাথে আলোচনায় বসার প্রতিশ্রুতি দিয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ।পুলিশ ও দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ লিঙ্ক রোডে যাতায়াতের সময় শ্রমিকদের কোন রকম ভাবেই হয়রানি না করারও প্রতিশ্রুতি দিয়েছে। আগামীকাল ময়না তদন্তের পরে মৃত শ্রমিক সঞ্জয় চক্রবর্তির দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়। আলোচনার ফলাফল যৌথ মঞ্চের নেতৃবৃন্দ হাসপাতালে অপেক্ষমান শ্রমিক-জনসাধারনের কাছে তুলে ধরেন। তারপরে উত্তেজনা প্রশমিত হয়। বাম আন্দোলনের একনিষ্ঠ কর্মী ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর সদস্য সঞ্জয় চক্রবর্তির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি ও স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া (সিআইটিইউ ) এর পক্ষে ললিত মোহন মিশ্র প্রয়াত সঞ্জয় চক্রবর্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকার্ত পরিবারের  পাশে থাকার কথা জানিয়েছেন।







Friday, 16 February 2024

আরএফআইডি-বায়োমেট্রিক লাগু করতে দুর্গাপুর ইস্পাত কারখানায় দমন-মূলক ব্যবস্থার বিরুদ্ধে শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,১৬ই ফেব্রুঃ : আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা সম্পর্কিত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিলের দাবি নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার ৭ টি ইউনিয়ন, সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ আহ্বানে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয় । প্রায় চারশ কোটি টাকা খরচ করে বেসরকারী সংস্হার নিয়ন্ত্রনাধীন শ্রমিকদের “নজরবন্দী” করার জন্য এই ইলেক্ট্রনিক সারভাইলেন্স ব্যবস্হা চালু করতে চাইছে । পরে যুক্ত হয়  নায্য বার্ষিক বোনাস,পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি,দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু সহ অন্যান্য বকেয়া দাবি। যৌথ মঞ্চের আহ্বানে গত ছয় মাস ধরে দুর্গাপুর ইস্পাত কারখানায় লাগাতার ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন চলছে।

     আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা সম্পর্কিত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার নিয়ে যখন শ্রমিকদের মধ্য তীব্র অসন্তোষ দেখা দিয়েছে,তখন কর্তৃপক্ষ আলাপ-আলোচনার পরিবর্তে একতরফা ভাবে চালু করার চেষ্টা করলে শ্রমিকরা তীব্র প্রতিরোধ গড়ে তোলে। গত বছরের ২৫শে সেপ্টেঃ থেকে ইস্পাত শ্রমিকদের আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরার উদ্দেশ্যে ছবি তোলার ( ফেস রেকোগনিশন) কর্তৃপক্ষ একতরফা নির্দেশ জারী করে। আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরার সম্পূর্ন ব্যবস্থাপনার দায়িত্ব আছে বেসরকারী সংস্থার হাতে।ইতিমধ্যেই আধর সহ অন্যান্য সুত্র থেকে বায়োমেট্রিক তথ্য কে চুরি করে সাইবার অপরাধীরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লুঠ করে বহু সাধারন মানুষ কে সর্বশান্ত করেছে।আদালতের বিভিন্ন রায়ে বায়োমেট্রিক তথ্য জোর করে নেওয়ার বিরুদ্ধে সুস্পষ্ট রায় আছে।এই অবস্থায় দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের এহেন উদ্যোগে স্বভাবতই শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও আশংকা তৈরি হয়েছে।এই অবস্থায় গত ১৩ই ফেব্রুঃ দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনে ( টি.এ.বিল্ডিং )-এ ছবি তোলার ( ফেস রেকোগনিশন) জন্য কর্তৃপক্ষ শ্রমিক-কর্মচারীদের হুমকি দিলে শ্রমিক-কর্মচারীরা প্রতিবাদ করলে কয়েক জন আধিকারিক শ্রমিক-কর্মচারী সহ শ্রমিক নেতাদের প্রতি দুর্ব্যবহার করেন বলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি অভিযোগ করেছেন।পরে গত ১৫ তারিখ ঐ দিনের ঘটনা সম্পর্কে কর্তৃপক্ষ কল্পিত অভিযোগ এনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর যুগ্ম-সম্পাদক বাবুরাম শর্ম্মা ও অপর এক শ্রমিক অয়ন দত্ত কে শো-কজ করা হয়। এই ঘটনার বিরুদ্ধে আজ দুপুরে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনে ( টি.এ.বিল্ডিং )-এ শ্রমিক বিক্ষোভ আছড়ে পরে। শ্রমিক বিক্ষোভে বক্তব্য রাখেন ললিত মোহন মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি,তাপস রায় ও দেবব্রত ঘোষ। বক্তারা পরিস্কার ভাবে জানিয়েছেন যে অবিলম্বে এই অপমানজনক ও শ্রমিক-বিরোধী শো-কজ এবং আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা সম্পর্কিত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার প্রত্যাহার করতে হবে। কর্তৃপক্ষের এ হেন “মালিক-সুলভ” আচরন-মনোভাব কারখানার উৎপাদনে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে তারা উল্ল্যেখ করে বক্তারা ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন কে আরো মজবুত ও তীব্রতর করার জন্য আহ্বান জানান।









Thursday, 15 February 2024

শহীদ আনারুল ইসলামের হত্যার প্রতিবাদে ইস্পাতনগরীতে বিশাল প্রতিবাদ মিছিল।

 


দুর্গাপুর,১৫ই ফেব্রুঃ : গত ১৩ই ফেব্রুঃ কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে রাজ্য ব্যাপী আইন অমান্য আন্দোলন রুখতে রাজ্য সরকার মারমুখী নীতি নেয় । ফলশ্রুতিতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হয়েছেন। মুর্শিদাবাদের বহরমপুরে নিহত হন শহীদ আনারুল ইসলাম। আজ সন্ধ্যায়,সিপিআই-এম এর দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির যৌথ আহ্বানে, শহীদ আনারুল ইসলামের হত্যার প্রতিবাদে ইস্পাতনগরীর বি.টি. রণদিভে ভবনের সামনে থেকে এক বিশাল মিছিল বিভিন্ন রাস্তা ঘুরে চন্ডিদাস বাজারে মিছিল শেষ হয়। মিছিলে ছিলেন সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ,স্বপন সরকার,অজিত মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।