Wednesday, 29 May 2024

সারা দেশে রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পে প্রবল বিক্ষোভ : বিক্ষোভে সামিল দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পের শ্রমিকরাও।

 


দুর্গাপুর,২৯শে মে : স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া(সিআইটিইউ) এর আহ্বানে আজ সারা দেশে রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পের ( সেইল ও আরআইএনএল ) সর্বত্র শ্রমিকরা প্রবল বিক্ষোভ দেখালেন।এই বিক্ষোভে সামিল হয়েছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরাও।উভয় কারখানাতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ ) এর ডাকে বিক্ষোভে সামিল হয়ে শ্রমিকরা প্রবল বিক্ষোভ দেখালেন। অবিলম্বে বেতন-চুক্তি,বিশাখাপত্তনমে আরআইএনএল এর অচলাবস্থা দুর করে অবিলম্বে উৎপাদন চালু ও শ্রমিকদের পুরো বেতন প্রদান এবং বেতন-চুক্তিতে অন্তর্ভূক্তি, দুর্গাপুর ইস্পাত কারখানায়  আরএফআইডি-বায়োমেট্রিক লাগু করতে কর্তৃপক্ষের স্বৈরাচারী পদক্ষেপ ও আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা সম্পর্কিত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার অবিলম্বে বাতিল, সেইল ও আরআইএনএল জুড়ে কর্তৃপক্ষের স্বৈরাচারী দমন-মূলক ব্যবস্থা প্রয়োগ করে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা অবিলম্বে করা সহ অন্যান্য দাবিতে শ্রমিকরা আজকের বিক্ষোভে সামিল হয়েছিলেন।































Sunday, 26 May 2024

খাটগোড়িয়া অবৈতনিক “ বিদ্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্র” এর সাফল্য।

  


দুর্গাপুর,২৬শে মে : দুর্গাপুর ইস্পাতনগরী সংলগ্ন আদিবাসী অধ্যুষিত খাটগোড়িয়া অবৈতনিক “ বিদ্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্র” এর সাফল্যের মুকুটে জুড়ল নতুন পালক। বর্তমান বছরে মাধ্যমিক পরীক্ষায় এই শিক্ষা সহায়তা কেন্দ্রের ছয় জন আদিবাসী ছাত্রী পরীক্ষায় বসেছিলেন এবং ছয় পরীক্ষার্থীই সসম্মানে উত্তীর্ন হয়েছেন । আজ শিক্ষা সহায়তা কেন্দ্রের ঐ সফল পরীক্ষার্থীর হাতে সাম্মানিক পুরস্কার তুলে দিয়েছেন বিশ্বরূপ ব্যানার্জি,পূর্ণ মুখোপাধ্যায়,কালিপদ মুর্মু প্রমুখ। পুরস্কার বিতরন সভার সঞ্চালনা করেন তরুন দে। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ ) পরিচালিত ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ও খাটগড়িয়া আদিবাসী কমিটির সহায়তায় বিশিষ্ট আদিবাসী নাট্য কর্মী শ্যামলী মুর্মুর জমিতে একটি বন্ধ হয়ে যাওয়া বয়স্ক শিক্ষাকেন্দ্র কে সারাই করে ২০২২ সালে এই শিক্ষা সহায়তা কেন্দ্র চালু হয়। ষষ্ঠ থেকে দশম মানের ছাত্র-ছাত্রীদের জন্য কুড়ি জন শিক্ষক স্বেচ্ছায় প্রতি দিন বিকাল থেকে সন্ধ্যায় সহায়তা করেন।ইতিমধ্যে ষাট জন আদিবাসী ছাত্র-ছাত্রী এই কেন্দ্রে ভর্তি হয়েছেন।সমস্ত বিষয়ে শিক্ষা সহায়তার পাশাপাশি কম্পিউটার ও নিজস্ব হরফে অলচিকি ভাষা শিক্ষার ব্যবস্থাও এই শিক্ষা সহায়তা কেন্দ্র চালু আছে।



















Saturday, 25 May 2024

ইস্পাতনগরীতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে।

 


দুর্গাপুর,২৫শে মে : আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬তম জন্মদিবস। এই উপলক্ষে আজ সকালে ইস্পাতনগরীর মহিস্কাপুর রোডের “সম্পর্ক “ ভবনে পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত সমন্বয় এর পক্ষ থেকে নজরুল জন্মজয়ন্তী পালন করা হয়েছে। কবির প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। বিভিন্ন শিল্পী ও শিল্পী গোষ্ঠী পরিবেশন করেন গান-আবৃতি-স্বরচিত কবিতা । কবির জীবন ও সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সমীর দাস,শুভেন্দু ব্যানার্জি,সীমান্ত তরফদার প্রমুখ।










Friday, 24 May 2024

দুর্গাপুর ইস্পাত কারখানায় বাংলা ভাষার অবমাননার অভিযোগ : তীব্র ক্ষোভ শিল্পী-সাহিত্যিক মহলে।

 


দুর্গাপুর,২৪শে মে : গতকাল, দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের বায়োকেমিস্ট্র বিভাগে নয়া স্বয়ংক্রিয় বিশ্লেষক যন্ত্রের  উদ্বোধন করেন দুর্গাপুর ও ইসকো কারখানার ডাইরেক্টর ইনচার্জ । এই উপলক্ষে উদ্বোধনী ফলক এর মধ্যে কেবল হিন্দি ও ইংরাজি ভাষায় লেখা থাকায় সাধারন মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পী-সাহিত্যিকরা। পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক-শিল্পী সংঘের পক্ষে সীমান্ত তরফদার বিষ্ময় প্রকাশ করে বলেছেন যে কেন্দ্রিয় সরকারের  ইস্পাত মন্ত্রকের অধীনস্ত সেইলের অন্তর্গত দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের নতুন ওয়ার্ড উদ্বোধন একটি আশার সংবাদ। কিন্তু এই উপলক্ষে উদ্বোধনী ফলক এর মধ্যে বাংলা ভাষা অন্তর্ভূক্ত না হওয়া একটি নিন্দনীয় ঘটনা। ১৯৬৮ সাল থেকে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী দেশে যে ত্রি-ভাষা সূত্র কার্যকর করা হয় গতকালের ঘটনা সেই সূত্র কে অগ্রাহ্য করা হয়েছে। তিনি অবিলম্বে বাংলা ভাষা কে সংযুক্ত করে নতুন ফলক প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। একই সাথে তিনি হিন্দুত্ববাদীদের “হিন্দু-হিন্দি-হিন্দুস্থান” স্লোগানের আড়ালে বাংলা সহ অন্যান্য আঞ্চলিক ভাষা কে অবমাননা করে যে ভাবে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে বলে অভিমত প্রকাশ করেছেন এবং রাজ্য প্রশাসন এর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। মাতৃভাষা উদযাপন কমিটির পক্ষে বিশিষ্ট নাট্য শিল্পী দিপক দেব এই ঘটনার তীব্র নিন্দা করে অবিলম্বে বাংলা ভাষা কে সংযুক্ত করে নতুন ফলক প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন যে সাম্প্রতিক কালে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ বাংলা ভাষা কে অবমাননা করছে। তার ফলস্বরূপ গতকালের এই  নিন্দনীয় ঘটনা ঘটেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন যে কর্তৃপক্ষ “ রাজ ভাষা” সমিতির পৃষ্ঠপোষকতা করে হিন্দি চাপিয়ে দিতে চাইছে,”রাজ ভাষা পকোড়া” অনুষ্ঠানের নামে মোচ্ছব করলেও বাংলা সহ অন্যান্য ভারতীয় ভাষার পৃষ্ঠপোষকতার জন্য কিছুই করে নি।  তিনি জানিয়েছেন যে এই বিষয়ে মাতৃভাষা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।






Wednesday, 22 May 2024

ইস্পাতনগরীতে বিজ্ঞান মঞ্চের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির হোল।

 


দুর্গাপুর,২২শে মে : আজ রাজা রামমোহন রায়ের ২৫২-তম জন্মদিবস,বিশ্ব জীব বৈচিত্র দিবস এবং পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের দুর্গাপুর ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের বার্ষিক দিবস উপলক্ষ্যে পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের দুর্গাপুর ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে ইস্পাতনগরীর বি টি রণদিভে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে বারো জন মহিলা ও দশ জন পুরুষ রক্তদাতা রক্তদান করেন। বক্তব্য রেখেছেন কল্লোল ঘোষ,অরুন কিরন চ্যাটার্জি,অরুন্ধতী ভাদুরি,প্রমুখ ।